পল্লবীতে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন

দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার মধ্যে রাজধানীর পল্লবীর সাগুফতা এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গতকাল মঙ্গলবার রাতেও পল্লবী সিরামিকস রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ নামের একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে আটকের কথা জানিয়েছিল পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, পল্লবীর সাগুফতার সামনে ট্রাস্ট পরিবহনের একটি বাস রাস্তায় দাঁড় করানো ছিল। দুর্বৃত্তরা বাসটির পেছনের আসনে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।










