নেত্রকোনায় সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

নেত্রকোনার ছয় উপজেলায় পৃথক অভিযান চালিয়ে সংরক্ষিত নারী আসনের সাবেক এক সংসদ সদস্যের স্বামীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৪৮ ঘণ্টায় নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নেত্রকোনা সদর মডেল থানা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক হাবিবা রহমান খানের স্বামী আলী আসকার খান পাঠান সেন্টুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেন্টু জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি আবুল খায়ের।
মদন উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি আবুল বাশার খান এখলাছকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মদন থানার ওসি সালাহ উদ্দিন করিম।
মোহনগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমীনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন।
এ ছাড়া কলমাকান্দা উপজেলা থেকে রংছাতি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মীর আইয়ুব নবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন কলমাকান্দা থানার ওসি মো. সোহেল রানা।
কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন পর্যায়ের চার নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি তরিকুল ইসলাম।
অন্যদিকে দুর্গাপুরে পৃথক অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি খন্দকার শাকের আহমেদ।









