আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: যুবলীগ নেতা সোহাগসহ তিনজন কারাগারে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন। কারাগারে পাঠানো অপর দুজন হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী ওবায়দুর রহমান সুদাইচ ও সুমাইয ইসলাম।
গতকাল মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের মামলার শুনানি করতে গেলে আটক হন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ। স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীরা তাকে আটক ও মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময়ে আদালত এলাকায় উপস্থিত ওবায়দুর রহমান ও সুমাইয ইসলামকেও আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আজ তিনজনকে সূত্রাপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই অনুপম দাস তিনজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাত ২৫-৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দুজনকে আটক করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় সূত্রাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন সূত্রাপুর থানার এসআই মো. মিজানুর রহমান।
অ্যাডভোকেট সোহাগসহ তিনজনকে কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়েছে, সূত্রাপুর থানায় মামলা রুজু হওয়ার পর প্রাথমিক তদন্তকালে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এই তিন আসামিকে গতকাল উত্তেজিত জনতা আটক করে। সূত্রাপুর থানা-পুলিশ কবি নজরুল কলেজের সামনে থেকে তাদের হেফাজতে গ্রহণ করে।
ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারা জড়িত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেন। তদন্তের স্বার্থে তাঁদের কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে জানানো হয়।
উল্লেখ্য, পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে জনতা মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ কারণে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।









