Ajker Patrika

আগুনের খবর দিলেও আসেনি ফায়ার সার্ভিস, স্থানীয়দের ক্ষোভ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ২৯ মে ২০২৬, ১৫: ৩৬
আগুনের খবর দিলেও আসেনি ফায়ার সার্ভিস, স্থানীয়দের ক্ষোভ
আগুনে ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারার উত্তর গুয়াপঞ্চকে শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে বিদ্যুতের ১৫টি মিটার ও একটি মোটরসাইকেল। অভিযোগ উঠেছে, আগুনের খবর দেওয়া হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাননি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক মাহমুদ সওদাগরের ভবনে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র বলেছে, শর্টসার্কিট থেকে ভবনের সিঁড়ির কক্ষে আগুনের সূত্রপাত। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই মূল ফটকে বিদ্যুতের ১৫টি মিটার ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। এতে প্রবেশপথে আটকা পড়েন নারী-পুরুষসহ শিশুরা। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়।

ভুক্তভোগী ব্যক্তিরা অভিযোগ করেছেন, স্থানীয় লোকজন একাধিকবার যোগাযোগ করার পরও ফায়ার সার্ভিসের কোনো সহায়তা পায়নি।

ভবনের ভাড়াটিয়া মোহাম্মদ ইসমাইল বলেন, ‘ভবনটিতে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। এখানে একটিমাত্র সিঁড়ি ছাড়া আর কোনো জরুরি বহির্গমনের ব্যবস্থাও রাখা হয়নি। আগুনে ভবনের ছাদে বাচ্চাদের নিয়ে আটকে পড়ার বিষয়ে ফায়ার সার্ভিসকে আমরা একাধিকবার জানানোর পরও তারা আসেনি। এ ছাড়াও বাড়ির মালিক কীভাবে ভবন নির্মাণের প্ল্যান অনুমোদন পেয়েছেন তা-ও তদন্তের দাবি জানাচ্ছি। এখানে আমরা নিরাপদ বোধ করছি না।’

জানতে চাইলে ভবনের মালিক মাহমুদ সওদাগর বলেন, আগুনের খবরটি ফায়ার সার্ভিসকে জানানোর পরও তারা কোনো সহযোগিতা করেনি। দায়িত্বে অবহেলা ও দুর্ঘটনাস্থলে এসে সেবা না দেওয়ার এমন কাণ্ড ফায়ার সার্ভিসের কর্মীদের কাছ থেকে মানুষ আশা করে না।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য বেরিয়ে যাই। কিছুক্ষণ পর হাবিবুল্লাহ নামের এক ব্যক্তি ফোন করে জানান, আগুন নিভে গেছে। তারপর আমরা চাতরী এলাকা থেকে ফিরে আসি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত