
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
আজ শুক্রবার দুপুরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে তাঁকে বহিষ্কার করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে রাষ্ট্রীয় কর্তব্য পালনে বাধা দেওয়ার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড মডেল থানার ভেতরে গাড়ি রাখা নিয়ে পুলিশ সদস্য মো. শফিকুল ইসলামের ওপর চড়াও হন যুবদল নেতা ইসমাইল হোসেন। এতে পুলিশ সদস্য শফিকুল ইসলাম গুরুতর আহত হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঘটনার পর ইসমাইল হোসেনকে থানায় আটকে রাখা হয়। ঘটনার পরপরই বিএনপির নেতা-কর্মীরা থানায় জড়ো হন। পরে উপস্থিত নেতা-কর্মীদের সামনে ভুল স্বীকার করার পর আটকের চার ঘণ্টা পর মুচলেকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনার পর আটক যুবদল নেতা উপস্থিত নেতা-কর্মীদের সামনে তাঁর ভুল স্বীকার করেন। পরে তাঁকে নেতা-কর্মীদের উপস্থিতিতে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরাদ চৌধুরী ইসমাইল হোসেনকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুঃসময়ে দলের জন্য ইসমাইল হোসেনের অনেক অবদান রয়েছে। কিন্তু তাই বলে উচ্ছৃঙ্খল কোনো কর্মকাণ্ড করলে তার দায়ভার দল বহন করবে না। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লার দাউদকান্দির সরকারপুর গ্রামে মো. তোফায়েল আহমেদ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে পরিবারের দাবি। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরের খুলশীতে সবজি বিক্রেতা কিশোর হৃদয় (১৬) হত্যাকাণ্ডে সেভেন স্টার নামের একটি কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, গ্যাংটি পরিচালনার অভিযোগ রয়েছে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা ও তাঁর ছোট ভাই রকিবুল ইসলাম পিচ্চির বিরুদ্ধে।
১৮ মিনিট আগে
বসতঘরে বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে পড়েছিল। এতে পাশাপাশি তিনটি টিনের ঘর বিদ্যুতায়িত হয়। দুপুরে আনোয়ার হোসেন ঘর পরিষ্কার করতে থাকেন। একপর্যায়ে টিনের বেড়ায় স্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হন। স্বজনেরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২০ মিনিট আগে
খাগড়াছড়িতে মাটিরাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও সিগারেট উদ্ধার করেছে ৩২ বিজিবি। আজ শুক্রবার সকালে জানমারাটিলা ডাউনে পরিত্যক্ত পাঁচটি বস্তা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে