
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার লেক সিটি হাউজিং মাঠে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই অর্ধমাসব্যাপী একটি মেলা আয়োজনের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে ‘ঈদ আনন্দ মেলা’ নামে পরিচিত এ আয়োজনকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। এতে যুবদলের কয়েকজন নেতার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। তবে তারা এটিকে মেলা বলতে নারাজ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মে থেকে শুরু হওয়া এ আয়োজন ১০ জুন পর্যন্ত চলার কথা রয়েছে। মাঠজুড়ে ৪০টিরও বেশি স্টল বসানো হয়েছে, যেখানে গৃহস্থালি পণ্য, প্রসাধনসহ বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে। শিশুদের জন্য নাগরদোলা, চরকি ও অন্যান্য বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত চলা এ আয়োজনকে ঘিরে দর্শনার্থীদের ভিড় বাড়ছে।
মেলায় অংশ নেওয়া কয়েকজন স্টল মালিক অভিযোগ করেছেন, প্রতিটি স্টলের জন্য প্রায় ১০ হাজার টাকা অগ্রিম নেওয়া হয়েছে। এছাড়া দৈনিক ২০০ টাকা স্টল ভাড়া এবং বিদ্যুৎ বিলের নামে আরও ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। অতিরিক্ত খরচের কারণে ব্যবসা পরিচালনায় তারা সমস্যার মুখে পড়ছেন বলেও জানান।
এদিকে জেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, ওই এলাকায় কোনো মেলার অনুমতি দেওয়া হয়নি। অনুমোদন ছাড়া এ ধরনের আয়োজন অবৈধ বলে উল্লেখ করেন তারা।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, “অনুমতি ছাড়া কোথাও মেলা বসানোর সুযোগ নেই। আমার জানা মতে সেখানে কোনো অনুমোদিত মেলা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২১ মে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের সদস্যসচিব ইলিয়াস খানের নামে মেলা আয়োজনের অনুমতির জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, এখনো অনুমোদন মেলেনি। এর মধ্যেই ২৬ মে থেকে মাঠে মেলার কার্যক্রম শুরু হয়।
তবে যুবদল নেতা ইলিয়াস খান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ ধরনের কোনো মেলার আবেদন করেননি। সেখানে কোনো মেলাও বসেনি, কিছু দোকানপাট বসেছে মাত্র।
স্থানীয়দের দাবি, ওয়ার্ড যুবদলের সদস্যসচিবের নেতৃত্বে এবং যুবদল নেতা মো. কামরুলের তত্ত্বাবধানে পুরো আয়োজন পরিচালিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মেলায় আসার আহ্বান জানিয়ে প্রচারণার অভিযোগ রয়েছে।
যুবদল নেতা মো. কামরুল দোকানপাট বসানোর বিষয়টি স্বীকার করলেও এটিকে মেলা বলতে নারাজ। তিনি বলেন, “এলাকাটি দর্শনার্থীদের বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে। মানুষের ভিড়ের কারণে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দোকানগুলোকে একটি নির্দিষ্ট স্থানে আনা হয়েছে। দেখতে মেলার মতো হলেও এটি প্রকৃত মেলা নয়।”
তিনি আরও জানান, অনুমতির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়েছিল, তবে এখনো অনুমোদন পাওয়া যায়নি। প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। পাশাপাশি এলাকা কিশোর গ্যাংয়ের আড্ডাস্থলে পরিণত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। আলোকসজ্জায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগও উঠেছে।
অন্যদিকে প্রশাসন জানিয়েছে, অনুমোদন ছাড়া মেলা বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার হুছাইন মুহাম্মদ বলেন, “মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, খেলার মাঠে অনুমতি ছাড়া মেলা আয়োজন নিয়ে অতীতেও বিতর্ক তৈরি হয়েছে এবং বিভিন্ন সময়ে এ ধরনের আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে।

উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়ির সদস্যরা যে পানি পান করেন, আজ সকালে সে পানি গ্লাসে নেওয়ার পর তাতে সাদা ফেনা এবং বিষাক্ত গন্ধ পাওয়া যায়। তবে পুলিশ সদস্যরা সেই পানি পান না করায় কোনো বিপদ ঘটেনি।
৩ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষে ইউনিয়ন বিএনপির আহ্বায়কসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার বিকেলে মান্দ্রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
৫ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফর পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের কমনরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্রাম ও ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত কমনরুমে ক্যামেরা থাকায় তারা অস্বস্তিবোধ করছেন। এতে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা বিঘ্নিত হচ্ছে...
৮ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের হান্ডা গ্রামে আগুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের বসতঘর পুড়ে গেছে। রোববার দুপুরের এ ঘটনায় ঘরের ভেতরের সব মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিস, পুলিশ ও ইউএনও—সব পক্ষই প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা বললেও তদন্ত চলছে।
১১ মিনিট আগে