
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় তথাকথিত ‘গণপিটুনিতে’ এক ব্যক্তি নিহত ও আরও দুজনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে স্থানীয় সূত্রের দাবি, এলাকায় মাদক কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত।
পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় একটি হত্যা মামলা করার বিষয়টি নিশ্চিত করেছে এবং এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাংলা বাজার খতিরহাট এলাকায় একদল লোক তিন ব্যক্তির ওপর চড়াও হন। উত্তেজিত জনতার গণপিটুনিতে মোহাম্মদ সেলিম (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। এই ঘটনায় মো. মামুন (৩২) ও সৈয়দ হোসেন (৪০) নামের আরও দুজন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হয়। নিহত সেলিম চরতী ইউনিয়নের খতিরহাট এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ঘটনার কারণ সম্পর্কে নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দুটি ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
নিহত সেলিমের বাবা আবুল খায়ের এই ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে আমার ছেলেকে নির্মমভাবে মারধর করে হত্যা করা হয়েছে। আমি আমার সন্তান হত্যার সুষ্ঠু বিচার চাই।’
তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবি জানান।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নিহত সেলিমের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ ছিল। এ ছাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়েও বিরোধ ছিল।
স্থানীয় বাসিন্দাদের বিবরণ অনুযায়ী, ঈদুল আজহার দিন সকালে এক ব্যক্তিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রথম উত্তেজনা সৃষ্টি হয়। পরে ওই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় সন্ধ্যায় স্থানীয় কিছু লোক সেলিম ও তাঁর সহযোগীদের ধরে মারধর করেন, যা পরে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
হত্যাকাণ্ডের ঘটনার পর আজ শুক্রবার নিহত সেলিমের বাবা আবুল খায়ের বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা করেছেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় সেলিম নামের একজন মারা গেছেন। আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মামলার অগ্রগতির বিষয়ে ওসি বলেন, নিহত সেলিমের বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে মামলার এজাহারভুক্ত আসামি মো. ইসমাইল ওরফে ইমনকে (২৮) গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

গত রোববার রাতে থেকে বন্ধ হয়েছে বৃষ্টিপাত। এর আগে টানা ৮ দিন ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সামুদ্রিক জোয়ারে কক্সবাজারে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জেলার চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরি উপজেলার নিম্নাঞ্চলে এখনো পানি রয়েছে।
২৩ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলায় বর্ষা মৌসুম শুরু হতেই বেড়েছে সাপের উপদ্রব। উপজেলার বিভিন্ন গ্রামে ঘরবাড়ি, উঠান ও বসতবাড়ির আশপাশে সাপের দেখা মিলছে। এতে দিন-রাত আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি বিষধর সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় সেই আতঙ্ক আরও বেড়েছে।
২৬ মিনিট আগে
মাদারীপুরের রাজৈর উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত নিজেই তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবন ও বিক্রির অপরাধে ওই যুবককে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাবনাবাদ চ্যানেলে মাছ ধরার সময় বজ্রপাতে একটি ট্রলার থেকে নদীতে পড়ে এক মাঝি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বজ্রাঘাতে আহত হয়েছেন আরও তিন জেলে।
১ ঘণ্টা আগে