
চট্টগ্রামের পটিয়া রেলওয়ে স্টেশনমাস্টার রাশেদুল আলম পাভেলের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রেললাইনে দোকান বসানোর অভিযোগ উঠেছে। দোকানের কারণে ট্রেনগুলো মেইন লাইন ছেড়ে অন্য লাইনে চলাচল করবে বলেও জানা গেছে। এতে যাত্রীদের দুর্ভোগ এবং স্থানীয়দের জীবনঝুঁকির আশঙ্কা সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পটিয়া জমিরিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে মেলা বসেছে পটিয়া রেলস্টেশন-সংলগ্ন এলাকায়। মেলার এসব দোকান বসাতে মাদ্রাসা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না।
মাদ্রাসার মুহতামিম (প্রধান) আবু তাহের কাসেমী নদভী বলেন, রেললাইনের পাশে দোকান বসানোর ব্যাপারে তাঁদের নিষেধ রয়েছে। তিনি বলেন, ‘রেললাইন ঘিরে যে দোকানগুলো বসানো হয়েছে, সেগুলো তুলে দেওয়ার জন্য আমরা স্টেশনমাস্টারকে জানিয়েছি। আমাদের নিষেধ থাকা সত্ত্বেও অদৃশ্য শক্তির ইশারায় প্রতিবছরই এসব দোকান বসে।’
বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, পটিয়া রেলস্টেশনের পাশের লাইন ঘেঁষে ৫০ টির বেশি দোকান বসেছে। এগুলো রেলের প্রধান লাইনসংলগ্ন হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জানা গেছে, গত বছরের সভার শেষ দিনে এক পানদোকানি দুর্ঘটনার শিকার হয়েছিলেন।
স্থানীয় সূত্রের দাবি, স্টেশনমাস্টার রাশেদুল আলম পাভেল মোটা অঙ্কের টাকার বিনিময়ে রেললাইনে দোকান বসানোর অনুমতি দিয়েছেন। তাঁর নির্দেশে রেলেরই একজন দোকান বসানো থেকে শুরু করে টাকা আদায়ের তদারকি করছেন বলেও অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, রেললাইন ঘেঁষে দোকান বসানোর কারণে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার রেলগাড়িগুলো মেইন লাইনের বদলে লুপ লাইন ব্যবহার করবে। এতে যাত্রীদের ওঠানামায় ভোগান্তি বাড়বে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে স্টেশনমাস্টার বলেন, ‘রেললাইনের পাশে দোকান বসানোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’ তবে কারা দোকান বসিয়েছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘কিছু দোকান রাতে পুলিশ তুলে দিয়েছে। বাকিগুলোর বিষয়ে রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানিয়েছি।’
এ বিষয়ে কথা বলতে রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমানকে কয়েকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে