
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কালবৈশাখী ও ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে বিদ্যুতের মূল লাইনের ওপর পড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। বিদ্যুৎ না থাকায় এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের কেন্দ্রে মোমবাতি ও চার্জার লাইট জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে।
আজ মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় উপজেলার কয়েকটি কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কক্ষগুলোতে পর্যাপ্ত আলো ছিল না। এর সঙ্গে বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক পাখা বন্ধ হয়ে গুমোট পরিস্থিতির সৃষ্টি হয়, যা পরীক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
অনেক কেন্দ্রে দেখা গেছে অসহনীয় গরম আর অন্ধকারে শিক্ষার্থীরা প্রশ্নপত্র পড়তেই হিমশিম খাচ্ছে। পরীক্ষার্থীরা জানায়, এমন বৈরী পরিবেশে মনোযোগ ধরে রাখা কঠিন, যা পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে।
এদিকে বৈরী পরিবেশে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা গেছে। তাঁরা বলেন, ‘এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা, যেমন জেনারেটর বা আইপিএস না থাকা কর্তৃপক্ষের গাফিলতি। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত।’
ছেংগারচর সরকারি মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব বেনজুর আহমেদ মুন্সী জানান, তাঁরা আগে থেকেই কিছু এলইডি লাইটের ব্যবস্থা করেছিলেন। ফলে শিক্ষার্থীরা তুলনামূলক নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছে।
নিশ্চিন্তপুর স্কুল কেন্দ্রসচিব মো. আরিফুল্লা জানান, বৈরী আবহাওয়ায় কক্ষগুলো অন্ধকার হয়ে গিয়েছিল। পরে তাঁরা দ্রুত শতাধিক মোমবাতির ব্যবস্থা করেন, যাতে পরীক্ষা ব্যাহত না হয়।
এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মতলব উত্তর জোনাল অফিস) সূত্রে জানা গেছে, ঝড়ে লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় মেরামত করতে সময় লাগছে। তবে পরীক্ষাকেন্দ্রগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত বিদ্যুৎ-সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘আমরা সকল কেন্দ্রসচিবকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি, যাতে কোনো অবস্থাতেই পরীক্ষা ব্যাহত না হয়। যেখানে বিদ্যুৎ সমস্যা রয়েছে, সেখানে বিকল্প আলোর ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। শিক্ষার্থীদের স্বার্থই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।’
আশরাফুল আলম আরও বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ কারও নিয়ন্ত্রণে নেই। তবে এমন পরিস্থিতিতেও যেন পরীক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে না পড়ে, সেদিকে বিশেষ গুরুত্ব দিচ্ছি।’

পঞ্চগড়ে দেশের তৃতীয় চায়ের নিলাম বাজারে চলতি মৌসুমে প্রথম নিলামে ৬৪ হাজার ৩৪৩ কেজি চা বিক্রি হয়েছে। সর্বোচ্চ দর ২৭৫ টাকা পায় কাজী অ্যান্ড কাজীর চা।
৪ মিনিট আগে
নিজ বাসার শিশু গৃহকর্মী মোহনাকে নির্যাতনের ঘটনায় করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা...
৪২ মিনিট আগে
টানা তিন দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানির ঢলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলায় বিস্তীর্ণ হাওরের বোরো ধান তলিয়ে গেছে। কৃষকদের চোখের সামনে তলিয়ে যাচ্ছে হাড়ভাঙা খাটুনি ও ঋণের টাকায় ফলানো স্বপ্নের ধান। জেলার পাঁচটি উপজেলায় ৮৪৫ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে অষ্টগ্
১ ঘণ্টা আগে
রংপুরের মিঠাপুকুরে বিএনপি নেতা এনামুল হকের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার এনামুল হককে দল থেকে সাময়িক বরখাস্ত করে ঘটনা তদন্তের জন্য দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে