Ajker Patrika

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ২১: ২৪
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জরিমানা
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ঝালকাঠি শহরে জেলা প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি। ছবি: আজকের পত্রিকা

ডেঙ্গু প্রতিরোধ ও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ঝালকাঠিতে সচেতনতামূলক র‍্যালি ও বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার পরিচালিত এ অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে ময়লা-আবর্জনা ফেলে রাখার দায়ে চারটি মামলায় মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সচেতনতামূলক র‍্যালিটি বের হয়। এর নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। পরে জেলা প্রশাসনের টিম শহরের ফায়ার সার্ভিস মোড়, রোনাল্ডস রোড, প্রেসক্লাব এলাকা, পৌর সিটি পার্ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। অভিযানকালে দোকান ও অফিসের সামনে অপরিচ্ছন্ন পরিবেশ, অপ্রয়োজনীয় কাগজপত্রসহ ময়লা-আবর্জনা ফেলে রাখা এবং পানি জমে থাকার দৃশ্য চোখে পড়ে। আইন লঙ্ঘনের এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে চারটি মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ আয়োজনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা, সিনিয়র সহকারী কমিশনার মো. উবায়দুর রহমান সাহেল এবং সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ নাসিম। এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সচেতন নাগরিকেরা এতে অংশ নেন।

অভিযান শেষে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি সবার বাড়িঘর, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। কারণ এককভাবে কারও পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত