Ajker Patrika

ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৭: ৫৮
ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজীম আনার ও তাঁর মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে করা একটি মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার একটি আদালতের নির্দেশে তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

বিকেলে তাঁকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ ভোরে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ডিবি। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার থেকে দেখা যায়, ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানা-পুলিশের একটি টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালনকালে খবর পায়, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ঘটনার সত্যতা পায়। পরে ঘটনাস্থল থেকে লাল টেপে জড়ানো কৌটার মুখের পোড়া অংশ, কৌটার অংশবিশেষ একটি ছোট টিনের টুকরা, ১২টি তারকাঁটা ও একটি ছোট কাচের টুকরা জব্দ করা হয়। এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করে পুলিশ।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার আসামি ডরিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর নিষিদ্ধঘোষিত সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। মামলার আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে তিনি দেশের সার্বভৌমত্বে আঘাত, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্ন ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে সক্রিয়ভাবে দেশবিরোধী কার্যকলাপে অংশ নিয়েছেন।

আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে তাঁর জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন। অজ্ঞাতনামা পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার ও মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ডরিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে ভারতের কলকাতায় গিয়ে সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার নিখোঁজ হন। এর কিছুদিন পর তাঁর খণ্ডিত মরদেহ পাওয়া যায়। আনারের হত্যার ঘটনার পর আলোচনায় আসেন তাঁর মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন ডরিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত