
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের করা মামলায় তাঁরই বিপক্ষে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের জুরি বোর্ড। জুরিদের মতে, মানবকল্যাণে কাজ করার মূল লক্ষ্য থেকে সরে গেছে বলে যে অভিযোগে মাস্ক ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন, সে বিষয়ে প্রতিষ্ঠানটিকে দায়ী করা যায় না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড ফেডারেল আদালতে সর্বসম্মত রায়ে জুরি বোর্ড বলেছে, মাস্ক অনেক দেরিতে মামলা করেছেন। এ সিদ্ধান্তে পৌঁছাতে জুরিদের সময় লেগেছে দুই ঘণ্টারও কম। তিন সপ্তাহ ধরে চলা এ বিচারকে ওপেনএআই এবং সামগ্রিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছিল। বিশেষ করে এআই কীভাবে ব্যবহার হবে এবং এর সুফল কারা পাবে, সে প্রশ্নও বিচারের কেন্দ্রে ছিল।
এ রায়ের ফলে ওপেনএআইয়ের সম্ভাব্য আইপিও চালু করা বা শেয়ারবাজারে প্রবেশের পথ আরও সহজ হলো। ধারণা করা হচ্ছে, আইপিও হলে প্রতিষ্ঠানটির মূল্য এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে এখন নিজের সুনাম নিয়ে তৈরি হওয়া সংকটও সামাল দিতে হবে। বিচারে একাধিক সাক্ষী তাঁকে সরাসরি ‘মিথ্যাবাদী’ হিসেবে বর্ণনা করেছেন।
রায়ের পর মাস্ক জানিয়েছেন, তিনি আপিল করবেন। তিনি আবারও দাবি করেন, অল্টম্যান ও ওপেনএআই প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান ওপেনএআইকে বিপুল সম্পদ অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এক্সে দেওয়া পোস্টে মাস্ক লেখেন, ‘অল্টম্যান ও ব্রকম্যান বাস্তবেই একটি দাতব্য প্রতিষ্ঠান দখল করে নিজেদের ধনী করেছেন। প্রশ্ন কেবল কখন তারা এটা করেছে!’ তিনি আরও বলেন, ‘দাতব্য প্রতিষ্ঠান লুট করার এমন নজির তৈরি হলে তা যুক্তরাষ্ট্রে দাতব্য অনুদানের সংস্কৃতির জন্য ভয়াবহ ধ্বংসাত্মক হবে।’
বিচার তত্ত্বাবধানকারী মার্কিন জেলা বিচারক ইয়ুভন গঞ্জালেস রজার্স রায়ের পর আদালতে বলেন, আপিলে মাস্কের সামনে কঠিন পথ অপেক্ষা করছে। কারণ, মামলা করার আগেই সময়সীমা পেরিয়ে গিয়েছিল কি না, সেটি ছিল একটি প্রকৃত তথ্যভিত্তিক প্রশ্ন। বিচারক বলেন, ‘জুরিদের সিদ্ধান্ত সমর্থনের জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে। সে কারণেই আমি চাইলে সঙ্গে সঙ্গেই মামলাটি খারিজ করতে প্রস্তুত ছিলাম।’
নিজের মামলায় মাস্ক অভিযোগ করেন, অল্টম্যান, ব্রকম্যান এবং ওপেনএআই তাঁকে বিভ্রান্ত করে ৩ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করিয়েছিলেন। পরে তাঁর অজান্তেই মূল অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে একটি লাভজনক ব্যবসা যুক্ত করা হয় এবং মাইক্রোসফটসহ অন্যান্য বিনিয়োগকারীর কাছ থেকে কয়েক বিলিয়ন ডলার নেওয়া হয়।
মাস্কের আইনজীবী মার্ক টোবেরফ বলেন, এ রায় ভবিষ্যতে এমন স্টার্টআপগুলোকে উৎসাহিত করতে পারে, যারা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও পরে বড় অঙ্কের অর্থ সংগ্রহ, লাভজনক ব্যবসা গঠন এবং নিজেদের কর্মকর্তাদের ধনী করার পথে হাঁটবে। তিনি বলেন, ‘সিলিকন ভ্যালির জন্য এটা একেবারে নতুন ফর্মুলা।’
এর আগে, ২০১৫ সালে অল্টম্যান, মাস্কসহ আরও কয়েকজন মিলে ওপেনএআই প্রতিষ্ঠা করেন। মাস্ক ২০১৮ সালে এর পরিচালনা পর্ষদ ছাড়েন। পরের বছর ওপেনএআই একটি লাভজনক ব্যবসা ইউনিট গড়ে তোলে। পরে মাস্ক নিজেও এক্সএআই নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে সেটি তার মহাকাশ ও স্যাটেলাইট প্রতিষ্ঠান স্পেসএক্সের অংশ।
ওপেনএআই আদালতে যুক্তি দেয়, মূলত মাস্কই অর্থনৈতিক সম্ভাবনা দেখেছিলেন। নিরাপদ ও মানবকল্যাণমুখী কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির প্রতিষ্ঠাতা চুক্তি ওপেনএআই ভঙ্গ করেছে বলে দাবি করতে তিনি অনেক দেরি করেছেন। মাস্কের মামলা করার জন্য তিন বছরের আইনি সময়সীমা ছিল। ওপেনএআইয়ের আইনজীবীরা বলেন, ২০২৪ সালের আগস্টে দায়ের করা এ মামলা অনেক দেরিতে করা হয়েছে। কারণ, কয়েক বছর আগেই মাস্ক ওপেনএআইয়ের সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে জানতেন।
ওপেনএআইয়ের আইনজীবী বিল স্যাভিট রায়ের পর বলেন, মাস্কের মামলা ছিল ‘ঘটনার পর বানানো একটি কল্পিত গল্প, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।’ তিনি এটিকে ‘এক প্রতিদ্বন্দ্বীকে ক্ষতিগ্রস্ত করার ভণ্ডামিপূর্ণ চেষ্টা’ বলেও উল্লেখ করেন। তাঁর ভাষায়, ‘জুরিরা এটিকে ঠিক সেই জায়গাতেই ছুড়ে ফেলেছে, যেখানে এর থাকা উচিত ছিল, অর্থাৎ এক পাশে।’
মামলায় মাইক্রোসফটের বিরুদ্ধেও সহযোগিতার অভিযোগ আনা হয়েছিল। বিচার চলাকালে প্রতিষ্ঠানটির এক নির্বাহী সাক্ষ্যে বলেন, ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারত্বে মাইক্রোসফট ১০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, ‘এই মামলার তথ্য ও সময়রেখা অনেক আগ থেকেই পরিষ্কার ছিল। তাই সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণে এসব দাবি খারিজ হওয়ায় আমরা জুরিদের সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
মাস্ক বলেন, ওপেনএআই এআই নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে ব্যর্থ হয়েছে এবং অলাভজনক প্রতিষ্ঠানের ক্ষতির বিনিময়ে বিনিয়োগকারী ও অভ্যন্তরীণ ব্যক্তিদের ধনী করার চেষ্টা করেছে। তিনি আরও দাবি করেন, মাইক্রোসফট শুরু থেকেই জানত ওপেনএআই মানবকল্যাণের চেয়ে অর্থ নিয়েই বেশি আগ্রহী।
মাস্কের আরেক আইনজীবী স্টিভেন মলো সমাপনী বক্তব্যে জুরিদের স্মরণ করিয়ে দেন, একাধিক সাক্ষী অল্টম্যানের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন কিংবা তাঁকে মিথ্যাবাদী বলেছেন। এমনকি বিচারের সময় নিজেকে ‘সম্পূর্ণ বিশ্বাসযোগ্য’ কি না জিজ্ঞেস করা হলে অল্টম্যান সরাসরি নিঃশর্তভাবে ‘হ্যাঁ’ বলেননি। মলো বলেন, ‘স্যাম অল্টম্যানের বিশ্বাসযোগ্যতাই এখানে সরাসরি প্রশ্নের মুখে। আপনি যদি তাকে বিশ্বাস না করেন, তাহলে তারা জিততে পারে না।’
এদিকে স্পেসএক্সও আইপিওর প্রস্তুতি নিচ্ছে, যার আকার ওপেনএআইয়ের সম্ভাব্য আইপিওকেও ছাড়িয়ে যেতে পারে।

যুক্তরাজ্যের ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য রাতে সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর ‘কারফিউ’ বা সান্ধ্য আইন জারির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তবে তরুণেরা চাইলে তাদের অ্যাকাউন্টের সেটিংস পরিবর্তন করে এ নিষেধাজ্ঞা এড়াতে পারবে।
৩ দিন আগে
এআই খাতে বিনিয়োগের ঢেউয়ে বড় ধাক্কা খেল আইবিএম। এক দিনেই বাজারমূল্য থেকে উধাও ৬৮ বিলিয়ন ডলার। ইতিহাসের সবচেয়ে বড় শেয়ারদর পতনের মুখে প্রযুক্তি জায়ান্টটি।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবার গণিত গবেষণায়ও নতুন ইতিহাস গড়ার ইঙ্গিত দিল। ওপেনএআই জানিয়েছে, তাদের নতুন বৃহৎ ভাষা মডেল GPT-5.6 Sol প্রায় ৫০ বছর ধরে অমীমাংসিত থাকা বিখ্যাত ‘সাইকেল ডাবল কভার কনজেকচার’-এর (Cycle Double Cover Conjecture) একটি পূর্ণাঙ্গ প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছে।
৩ দিন আগে
যুক্তরাজ্যের লেস্টারের বাসিন্দা ২২ বছর বয়সী জেসমিন কৌর। ১৩ বছর বয়সে তাঁর ‘অ্যানোরেক্সিয়া’ (ক্ষুধামন্দা ও ওজন কমে যাওয়ার রোগ) ধরা পড়ে। এরপর টানা ছয় বছর তাঁকে চিকিৎসা নিতে হয়। জেসমিন বলেন, ‘শুরুটা খুব স্বাভাবিকভাবেই হয়েছিল। আমি আরও ফিট ও সুস্থ হতে চেয়েছিলাম।
৪ দিন আগে