Ajker Patrika

সিভিল সার্ভিস আইন

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

  • আইনের খসড়া তৈরিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ১৬ সদস্যের কমিটি।
  • শুধু বিসিএস নাকি সব কর্মচারীর জন্য, তা এখনো চূড়ান্ত নয়।
  • সরকারি চাকরি আইনে নতুন করে হাত দিতে হতে পারে।
  • স্বাধীনতার আগে সিএসপি কর্মকর্তাদের জন্য এমন আইন ছিল।
বিশেষ প্রতিনিধি, ঢাকা
সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না সব সরকারি কর্মচারীর জন্য করা হবে, তা এখনো স্পষ্ট নয়।

ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস আইনের খসড়া করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে সম্প্রতি ১৬ সদস্যের একটি কমিটি করা হয়েছে। ওই কমিটির একজন সদস্য গত রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সরকারি চাকরিসংক্রান্ত সব আইন ও বিধিবিধান পর্যালোচনা করে নতুন আইনের খসড়া প্রণয়নের দিকে আগাব। শিগগিরই কমিটির বৈঠক হবে।’

জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলেছেন, সরকার চাইলে শুধু বিসিএস কর্মকর্তাদের জন্য নতুন এই আইন করতে পারে অথবা সব সরকারি কর্মচারীকে এই আইনের আওতায় আনতে পারে। তবে সব সরকারি কর্মচারীকে এই আইনের মধ্যে রাখা হলে সরকারি চাকরি আইনে নতুন করে হাত দিতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমিটির আরেকজন সদস্য বলেন, ‘ধারণা করছি, শুধু বিসিএস কর্মকর্তাদের জন্য নতুন এই আইন করা হবে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়। কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

ওই সদস্য জানান, সরকারি চাকরি আইন থাকার পরেও নতুন এই আইন করলে সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে কি না, তা কমিটি বিবেচনায় নেবে। নতুন এই আইন হলে সরকারি চাকরি আইন সংশোধন করতে হবে কি না বা ওই আইনের ভবিষ্যৎ কী হবে, কমিটির সভায় সে বিষয়েও আলোচনা হবে।

সুশাসন বিষয়ে বিএনপির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, দক্ষ, মেধাবী, জবাবদিহিমূলক ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলা হবে। মেধার মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যে নিয়োগপ্রক্রিয়ায় যথাযথ সংস্কার করা হবে। সংবিধানের আলোকে একটি যথোপযুক্ত সিভিল সার্ভিস আইন প্রণয়ন করা হবে।

দেশ স্বাধীন হওয়ার আগে সিভিল সার্ভিস অব পাকিস্তান (সিএসপি) কর্মকর্তাদের জন্য সিভিল সার্ভিস অ্যাক্ট ছিল। ওই আইনের মাধ্যমে সিএসপি কর্মকর্তাদের চাকরির শর্ত, নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলার বিষয়গুলো নিয়ন্ত্রণ করা হতো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বিসিএস ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি, জ্যেষ্ঠতা নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে বিধিবিধান রয়েছে। সরকার চাইলে এ-সংক্রান্ত সব বিধিবিধান একীভূত করে নতুন একটি আইন করতে পারে। এতে কোনো সমস্যা নেই। তবে সেই আইনে সব সরকারি কর্মচারীকে রাখা হলে সরকারি চাকরি আইন নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে, নইলে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হতে পারে। অনেক কিছুই নির্ভর করবে নতুন আইনে কোন কোন বিষয় রাখা হবে তার ওপর।

প্রস্তাবিত আইনের পূর্ণাঙ্গ খসড়া না দেখে এটি কোন ধরনের আইন হচ্ছে, তা বোঝা যাবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া। তিনি বলেন, ‘এমন আইন করার আগে লক্ষ রাখতে হবে এর ফলে যেন আন্তক্যাডার এবং ক্যাডার-নন-ক্যাডার দ্বন্দ্ব বেড়ে না যায় এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু না থাকে।

অনেক দেশেই এ ধরনের আইন রয়েছে জানিয়ে সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, সরকার চাইলে শুধু ক্যাডার কর্মকর্তাদের জন্য এই আইন করতে পারে অথবা বেসামরিক সব কর্মকর্তাকে এর আওতায় আনতে পারে। সে ক্ষেত্রে সরকারি চাকরি আইনে সংযোজন-বিয়োজনের প্রয়োজন হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-২ শাখা; নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ; সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ; প্রশাসন অনুবিভাগ; সংস্কার ও গবেষণা অনুবিভাগ এবং আইন অনুবিভাগের যুগ্ম সচিবদের কমিটিতে সদস্য করা হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের একজন করে যুগ্ম সচিব; বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি এবং জাতীয় উন্নয়ন ও প্রশাসন একাডেমির এমডিএসদের কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। এর বাইরে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক এবং বিয়াম ফাউন্ডেশনের পরিচালককে কমিটির সদস্য করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৫ শাখার সিনিয়র সহকারী সচিব এ কমিটির সদস্যসচিব।

কমিটিকে সরকারি চাকরিসংক্রান্ত সব আইন ও বিধিবিধান পর্যালোচনা করে সংবিধানের আলোকে সিভিল সার্ভিসের জন্য পৃথকভাবে বাংলাদেশ সিভিল সার্ভিস আইনের খসড়া প্রণয়ন করতে বলা হয়েছে। এই কমিটিকে এ-সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাতে বন্ধুদের সঙ্গে আড্ডায় দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

সফল ব্যক্তিদের জীবনের দশটি অভ্যাস

পাকিস্তানের বিপক্ষে মুশফিক আজ যা করলেন, তা বাংলাদেশের আর কেউ পারেননি

রাজধানীতে পরকীয়ার জেরে লাশ খণ্ডবিখণ্ড, মা-মেয়ে গ্রেপ্তার: র‍্যাব

অফিসকে বাসা বানিয়ে থাকছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৮ কর্মকর্তা-কর্মচারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত