
পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদি স্নায়ুজনিত রোগে আক্রান্ত রোগীদের পুনর্বাসনে নতুন যুগের সূচনা করছে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে স্থাপিত দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে সীমিত পরিসরে পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ফিজিওথেরাপি দেবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই রোবট।
চীনের কারিগরি সহায়তায় গড়ে ওঠা এ সেন্টার উন্নত বিশ্বের মানদণ্ড অনুসরণ করে নির্মিত হয়েছে, যেখানে ব্যবহার হবে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ও সুনির্দিষ্ট পুনর্বাসনব্যবস্থা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীনের সরকার এই প্রকল্পে প্রায় ২০ কোটি টাকা মূল্যের রোবটিক যন্ত্রপাতি অনুদান দিয়েছে। প্রযুক্তির দিক থেকে সেন্টারটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার, যা বাংলাদেশের চিকিৎসা খাতে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে উঠবে।
এই সেন্টারে রয়েছে মোট ৬২টি রোবট, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক। এসব রোবটের মাধ্যমে রোগীর অবস্থা অনুযায়ী অত্যন্ত নিখুঁতভাবে ফিজিওথেরাপি, স্নায়ুবিক পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা দেওয়া সম্ভব।
বিএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্টারটি চালুর পূর্বপ্রস্তুতি হিসেবে চীনের সাত সদস্যের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের একটি বিশেষজ্ঞ দলের নেতৃত্বে ইতিমধ্যে ২৭ জন চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত জনবল অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করলে এবং প্রয়োজনীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে সেন্টারটি পুরোদমে চালু করা হবে।
যেসব রোগী স্ট্রোক, পক্ষাঘাত, স্নায়ুবিক বৈকল্য, দীর্ঘমেয়াদি ব্যথা, নার্ভ ইনজুরি, ফ্রোজেন শোল্ডার, দুর্ঘটনাজনিত জটিলতা বা শরীরের অঙ্গের দুর্বলতাসহ জটিল পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেসব রোগীর উপকারে আসবে এই রোবটিক সেন্টার।

বিশেষ করে, জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যাঁরা আহত হয়েছেন এবং এখনো দীর্ঘমেয়াদি সমস্যায় ভুগছেন, তাঁদের এই সেন্টারে বিনা মূল্যে রোবটিক চিকিৎসাসেবা দেওয়া হবে।
সেন্টারটি শুধু বিশেষ উদ্দেশ্যেই সীমাবদ্ধ থাকবে না। পরিকল্পিত নীতিমালার আলোকে সাধারণ রোগীদের জন্যও ধাপে ধাপে সেবা উন্মুক্ত করা হবে। একই সঙ্গে চেষ্টা থাকবে চিকিৎসার ব্যয় রোগীদের আর্থিক সক্ষমতার মধ্যে রাখার।
এই সেন্টার চালু হলে বাংলাদেশ আধুনিক প্রযুক্তিনির্ভর পুনর্বাসন চিকিৎসায় এক নতুন যুগে প্রবেশ করবে। দেশীয় চিকিৎসাব্যবস্থার জন্য এটি শুধু একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভোগা মানুষের জীবনে আশার আলো হয়ে উঠবে।
আরও খবর পড়ুন:

দীর্ঘ ১৫৬ বছর ধরে বিজ্ঞানের জটিল ও সূক্ষ্ম বিষয়গুলো গবেষণাপত্রের পাতায় সীমাবদ্ধ রাখার পর, এবার তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে আধুনিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে পা রাখল বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’।
৫ ঘণ্টা আগে
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করার দাবি করেছে ইরান সরকারের সঙ্গে যুক্ত একদল হ্যাকার। হ্যাকাররা প্যাটেলের অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ছবি ও নথি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছে বলে সিএনএনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
১ দিন আগে
চীনে হিউম্যানয়েড রোবট প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে, তাতে অচিরেই বদলে যাবে জীবন ও কাজের ধরন। সাংহাইয়ে চীনা রোবট নির্মাতা এজিবট সম্প্রতি আয়োজন করে এক ব্যতিক্রমী ‘রোবট গালা’; যেখানে পুরো অনুষ্ঠানেই অংশ নেয় রোবটরা। তাতে দেখানো হয় রোবটের গতিনিয়ন্ত্রণ, কম্পিউটার ভিশন ও সৃজনশীলতার সক্ষমতা।
১ দিন আগে
বর্তমান যুগে উচ্চশিক্ষা ও একাডেমিক উৎকর্ষের অন্যতম প্রধান শর্ত হলো গবেষণা। কিন্তু বিশ্বজুড়ে লাখ লাখ গবেষকের ভিড়ে নিজের স্বকীয়তা বজায় রাখা কি এতই সহজ? ধরুন, আপনার নাম এবং অন্য দেশের একজন গবেষকের নাম হুবহু এক। অথবা, বিভিন্ন জার্নালে আপনার নামের বানান ভিন্নভাবে লেখা হয়েছে।
১ দিন আগে