Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ১০ কোটি ডলারে টিকটকের সমঝোতা, অপ্রাপ্তবয়স্কদের ব্যবহারের সীমা দৈনিক দুই ঘণ্টা

আজকের পত্রিকা ডেস্ক­
যুক্তরাষ্ট্রে ১০ কোটি ডলারে টিকটকের সমঝোতা, অপ্রাপ্তবয়স্কদের ব্যবহারের সীমা দৈনিক দুই ঘণ্টা
ছবি: সিনেট

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্য সরকারের মধ্যে গতকাল শুক্রবার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, টিকটক অ্যালাবামায় কিশোর বয়সী ব্যবহারকারীদের জন্য অ্যাপ ব্যবহারে নতুন সময়সীমা ও বিধিনিষেধ আরোপ করবে এবং বয়স যাচাইয়ে কড়া পদক্ষেপ নেবে। সেই সঙ্গে চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ বাবদ প্রতিষ্ঠানটি অ্যালাবামাকে অন্তত ১০০ মিলিয়ন বা ১০ কোটি মার্কিন ডলার দেবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের আরও ৪০টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা একই ধরনের সমঝোতায় সই করলে মোট ক্ষতিপূরণের পরিমাণ বেড়ে ৩০ কোটি ডলার পর্যন্ত হতে পারে।

আগামী সোমবার থেকে অ্যালাবামার মন্টগোমারি রাজ্য আদালতে টিকটকের বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত একটি বিচারিক শুনানি শুরু হওয়ার কথা ছিল, যা দুই থেকে তিন সপ্তাহ স্থায়ী হতে পারত। তবে শুনানি শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগেই এই সমঝোতা সম্পন্ন হলো। এর ফলে নিজেদের অভ্যন্তরীণ প্রযুক্তিগত তথ্য ও পরিচালনা সংক্রান্ত গোপনীয় বিষয় প্রকাশ হওয়া থেকে বিরত রাখতে সক্ষম হলো টিকটক।

নতুন নীতি বাস্তবায়িত হলে অ্যালাবামার কিশোর বয়সের ব্যবহারকারীদের জন্য টিকটক ব্যবহারে দৈনিক দুই ঘণ্টার সময়সীমা নির্ধারিত থাকবে। পাশাপাশি প্রতি ১৫ মিনিট একটানা ব্যবহারের পর অ্যাপটি ব্যবহারে বিরতি দেওয়ার ব্যবস্থা থাকবে। এ ছাড়া কার্যকরভাবে কিশোরদের বয়স যাচাই নিশ্চিত করার বিধান রাখা হয়েছে।

অ্যালাবামার অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শাল এই সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেন, রাজ্যের অভিভাবকদের জন্য এটি একটি অত্যন্ত আনন্দের দিন। উল্লেখ্য, গত বছর স্টিভ মার্শাল প্রথম টিকটকের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়াসহ যুক্তরাষ্ট্রের অন্তত ২৭টি অঙ্গরাজ্য একই ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করে।

অ্যালাবামা সরকারের মামলায় অভিযোগ করা হয়েছিল যে, টিকটকের নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিম কিশোর-কিশোরীদের মধ্যে চরম আসক্তি তৈরি করে। অ্যাপটির অ্যালগরিদম অপ্রাপ্তবয়স্কদের ক্রমাগত সহিংসতা ও আত্মঘাতী কনটেন্টের দিকে ঠেলে দিচ্ছে। এটি তরুণদের মানসিক স্বাস্থ্যের চরম অবক্ষয় ঘটিয়েছে এবং রাজ্যে আত্মঘাতী কর্মকাণ্ডের কারণে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির হার অস্বাভাবিক হারে বেড়ে গেছে।

মামলায় আরও দাবি করা হয়, গুগল, অ্যাপল এবং মাইক্রোসফটের অ্যাপ স্টোরগুলোতে নিজেদের অ্যাপকে কিশোরদের জন্য নিরাপদ হিসেবে রেটিং পেতে টিকটক ভুয়া দাবি করেছিল যে তারা সংবেদনশীল কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। একই সঙ্গে মার্কিন ব্যবহারকারীদের তথ্যে চীন সরকারের প্রবেশাধিকার রয়েছে কি না—সে বিষয়েও ব্যবহারকারীদের বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়।

টিকটকের মার্কিন কার্যক্রমের এক মুখপাত্র বিবৃতিতে জানান, তরুণদের সুরক্ষায় তাদের বিদ্যমান নিরাপত্তা সরঞ্জামগুলোকে আরও শক্তিশালী ও উন্নত করার যে মূল উদ্দেশ্য রয়েছে, এই চুক্তি তারই প্রতিফলন।

তবে আইনি প্রক্রিয়ায় টিকটক যুক্তি দিয়েছিল যে, তরুণদের সুরক্ষাকে তারা সর্বদা প্রাধান্য দেয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ‘কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্ট’-এর ২৩০ নম্বর ধারা অনুযায়ী ব্যবহারকারীদের তৈরি কনটেন্টের দায় অনলাইন প্ল্যাটফর্মের ওপর বর্তায় না।

সমঝোতার নথি অনুযায়ী, অ্যালাবামার মামলা ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক হাজার হাজার ব্যক্তি, স্কুল ডিস্ট্রিক্ট ও পৌরসভার আইনি লড়াইয়ের মুখোমুখি হচ্ছে। একই ধরনের মামলায় মেটা, স্ন্যাপ এবং অ্যালফাবেটের ইউটিউবও বিবাদী হিসেবে রয়েছে। টিকটক এ পর্যন্ত বিচারে নির্ধারিত হওয়া নিজের সমস্ত মামলায় সমঝোতার পথই বেছে নিয়েছে।

এর আগে গত মাসে মেটা ৪৭টি অঙ্গরাজ্য ও মার্কিন অঞ্চলের সঙ্গে ১৭ দশমিক ১ বিলিয়ন ডলারের একটি ঐতিহাসিক সমঝোতা করে। যদিও তারা কোনো অপরাধ স্বীকার করেনি, তবে মেটার ওই চুক্তির প্রায় ৫ বিলিয়ন ডলার নির্ভর করছে টিকটক, স্ন্যাপ ও ইউটিউব একই ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে কি না তার ওপর।

যদিও এই চুক্তিটি কেবল অ্যালাবামা অঙ্গরাজ্যের জন্য আইনিভাবে বাধ্যবাধকতামূলক, তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে একটি নির্দিষ্ট অঙ্গরাজ্যের জন্য আলাদাভাবে অ্যাপের মূল অ্যালগরিদম ও ফিচার পরিবর্তন করা অত্যন্ত কঠিন। ফলে স্ন্যাপ বা গুগলের মতো প্রতিদ্বন্দ্বীরা একই পরিবর্তন আনলে সারা দেশে রাতকালীন প্রবেশাধিকার স্থগিত করাসহ কিশোরদের অ্যাপ ব্যবহারের নিয়মে ব্যাপক পরিবর্তন আসতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত