Ajker Patrika

‘অতীত ভুলে যাই, ভবিষ্যৎ নিয়েও ভাবি না’

কারিমুল ইসলাম, ঢাকা
আপডেট : ০৫ মে ২০২৬, ১১: ২৩
‘অতীত ভুলে যাই, ভবিষ্যৎ নিয়েও ভাবি না’
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সাড়ে সাত বছরে ২৬ টেস্ট খেলেছেন সাদমান ইসলাম। ছবি:বিসিবি

টেস্টে সাদমান ইসলাম অনিকের ২০২৫ সালটা ভালোই গেছে। ৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তাঁর কাছে প্রত্যাশা একটু বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। প্রত্যাশা পূরণে বিশেষ কোনো লক্ষ্য নিয়ে নামতে চান না সাদমান; বরং নিজের স্বাভাবিক ক্রিকেট খেলার দিকেই যত মনোযোগ এই ৩০ বছর বয়সী বাঁহাতি ওপেনারের।

টেস্ট সিরিজ খেলতে এরই মধ্যে ঢাকায় পা রেখেছে পাকিস্তান দল। ৮ মে সিরিজের প্রথম টেস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬ মে শুরু দ্বিতীয় টেস্ট। পাকিস্তান সিরিজ নিয়ে গত শুক্রবার আজকের পত্রিকাকে সাদমান বলেন, ‘নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে কখনো খেলতে নামি না। শুধু নিজের কাজটা করে যাই। আমার কাজ হলো অনুশীলন করা আর ম্যাচ খেলা। শুধু লক্ষ্য নিয়ে মাঠে নামলে এটা পূরণ হতে পারে, আবার না-ও হতে পারে। তাই বিশেষ কোনো লক্ষ্য নেই।’

গত বছর টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক সাদমান। ৬ টেস্টে ১০ ইনিংসে করেছেন ৪৭৭ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি ফিফটি করেছেন তিনটি। ৫৩২ রান করে সবার ওপরে নাজমুল হোসেন শান্ত। গত বছর টেস্টে দারুণ ব্যাটিং নিয়ে সাদমান বলেন, ‘সব সময় যে রকম অনুশীলন করি, তেমনই করেছি। সময়টা হয়তো আমার ভালো গেছে। আলাদা কিছু করিনি। সব সময় যেভাবে খেলি, সেভাবেই খেলেছি। সবার মতো আমার চেষ্টা থাকে ভালো করার। সেই চেষ্টা থেকেই হয়তো ভালো পারফর্ম করতে পেরেছি।’

২০১৮ সালের নভেম্বরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক সাদমানের। গত সাড়ে সাত বছরে খেলেছেন ২৬ টেস্ট। শুধু এই একটা সংস্করণ খেলে থাকেন সাদমান। কখনো ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি দলের আশপাশেও আসতে পারেননি। এটা নিয়ে মন খারাপ না করে বরং বাকি দুই সংস্করণের দলে জায়গা করে নিতে নিজের সেরা ক্রিকেটটা খেলে যেতে চান তিনি, ‘না, খারাপ লাগে না। হয়তো কোনো এক সময় সুযোগ আসবে ইনশা আল্লাহ। আশা ছাড়লে তো সমস্যা। খেলে যাচ্ছি তো। দেখা যাক সামনে কী হয়। আমি অপেক্ষা করছি। নিজের কাজটা ঠিকভাবে করার চেষ্টা করছি। এরপর যা হওয়ার হবে।’

অভিজাত সংস্করণ টেস্ট খেলতে পেরে গর্বিত সাদমান। বিশেষজ্ঞ টেস্ট ক্রিকেটারের তকমা বেশ উপভোগই করেন তিনি। সাদমান বলেন, ‘বিষয়টা আসলে তেমন না (টেস্ট ক্রিকেটার হিসেবে মন খারাপ হয় না)। আমার ওরকম কিছু মনে হয় না। আমি তো দেশের হয়েই খেলছি। ভালো লাগছে। টেস্ট খেলার ইচ্ছা সবার থাকে। সবাই চায় টেস্ট জার্সি গায়ে জড়াতে। আমিও চেয়েছি।’

ক্যারিয়ার শেষে নিজেকে কোথায় দেখতে চান সাদমান? এখানেও কোনো লক্ষ্য নেই তাঁর, ‘তেমন কোনো লক্ষ্য নেই। ক্যারিয়ার কত দূর নিতে পারব, এসব নিয়ে কোনো পরিকল্পনা নেই। আমি সব সময় বর্তমান নিয়ে চিন্তা করি। সামনে কী হবে, সেটা নিয়ে এখনই চিন্তা করি না। এখন যা আছে, সেটা নিয়েই ভাবতে চাই। দুনিয়ার নিয়মই তো এটা। সামনে কী আছে, তা তো জানি না, আমার হাতে নেই। আর অতীত, যা তো চলেই গেছে তো চলেই গেছে। আমি কেন ওটা নিয়ে শুধু শুধু সময় নষ্ট করব!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত