চট্টগ্রামের ডিসিকে সরানোর সিদ্ধান্ত ইসির

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী সময়ে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে বলে জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে এ কথা জানান তিনি।
গত বৃহস্পতিবার চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে আবারও ক্ষমতায় আসেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এ জন্য বিএনপি ও জামায়াতে ইসলামীর দোয়া করা উচিত বলেছেন তিনি। তিনি আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর জয় চেয়েও মোনাজাত করেন।
ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ডিসির পক্ষপাতমূলক আচরণের জন্য তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কমিশনার রাশেদা সুলতানা।
ইসি রাশেদা সুলতানা বলেন, ‘মোহাম্মদ মমিনুর রহমানকে আমরা রিটার্নিং কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই আপনারা জানতে পারবেন। ওনাকে আমরা রাখব না। সরিয়ে দেব।’
তাৎক্ষণিকভাবে অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া কঠিন বলে এই কমিশনার বলেন, ‘এর জন্য তদন্ত হতে হবে। এটা লঘু শাস্তি নয়। এই মুহূর্তে করণীয় একটাই, তাঁকে সরিয়ে দেওয়া। পরবর্তীতে পরেরটা দেখা যাবে। এখন কাজ হলো ওনাকে সরিয়ে দিয়ে উপযুক্ত অন্য একজনকে নিয়োগ দেওয়া।’
অন্যান্য খবর পড়ুন:
- কেজিডিসিএলের প্রধানসহ ১২ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ
- টাকা ও স্বর্ণালংকারের লোভে হত্যা করা হয় ব্যবসায়ী বিমান ধরকে
- ক্যানসারের অপারেশন করাতে এসে লিফটের নিচে মৃত পড়ে ছিলেন দুই দিন
- মিয়ানমারে একজোট হচ্ছে সশস্ত্র জান্তাবিরোধীরা
- চিত্রনায়িকা শিমু হত্যা: স্বামী ও তাঁর বন্ধুর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
- বাবার লাশ বাড়িতে রেখে ১৭ দিনের শিশুকে নিয়ে কেন্দ্রে পরীক্ষার্থী
- বিকাশে কর্মীদের বেতন-ভাতা দেবে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স









