
ইলিশের মোট উৎপাদন এবং এর গড় আকার—দুটোই আশঙ্কাজনকভাবে কমে গেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের তুলনায় বিগত ২০২৪-২৫ অর্থবছরে ইলিশের উৎপাদন প্রায় ৭১ হাজার টন হ্রাস পেয়েছে। একই সঙ্গে ধরা পড়া ইলিশের গড় ওজন বা আকৃতিও আগের চেয়ে ছোট হয়ে আসছে।
আজ সোমবার রাজধানী ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আয়োজিত সমাপনী কর্মশালায় এ তথ্য জানানো হয়। ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় সংশোধিত) ’ শীর্ষক প্রকল্পের সমাপ্তি উপলক্ষে মৎস্য অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ। তিনি জানান, ২০২২-২৩ অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন ছিল ৫ লাখ ৭১ হাজার টন। তবে ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৫ লাখ টনে।
মূল প্রবন্ধে ইলিশের এই উৎপাদন হ্রাসের পেছনে প্রধান তিনটি কারণ চিহ্নিত করা হয়েছে: ১. দেশের নদীগুলোতে ক্রমাগত নাব্যতা সংকট ও পলি জমা হওয়া; ২. নিষিদ্ধ কারেন্ট জালের অতিমাত্রায় ব্যবহার; ৩. মা ও জাটকা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জন্য পর্যাপ্ত বিকল্প কর্মসংস্থানের অভাব।
প্রকল্প পরিচালক সতর্ক করে বলেন, ‘ইলিশের উৎপাদনকে টেকসই ও স্থিতিশীল রাখতে হলে এখন অভ্যন্তরীণ নদ-নদীর পাশাপাশি সাগরে ইলিশ আহরণ নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।’
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ দেশের অর্থনীতিতে ইলিশের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘দেশের মোট মৎস্য উৎপাদনের ১১ শতাংশই আসে ইলিশ থেকে। আর আমাদের জিডিপিতে ইলিশের একক অবদান প্রায় ১ শতাংশ।’
মন্ত্রী জানান, বিশ্ববাজারে বাংলাদেশের ইলিশের চাহিদা দিন দিন বাড়ছে এবং বিভিন্ন দেশ ইলিশ আমদানিতে আগ্রহ দেখাচ্ছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
তবে সাগরে অতিরিক্ত মাছ ধরার (ওভার ফিশিং) বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘সাগরের মৎস্য সম্পদের তুলনায় আমাদের জেলের সংখ্যা অনেক বেশি। সমুদ্র ও নদীতে অতিরিক্ত মাছ ধরা এবং জাটকা নিধন অবিলম্বে বন্ধ করতে হবে।’
মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপের সময় দরিদ্র জেলেদের জীবনধারণের সংকটের বিষয়টি সরকার বিবেচনায় নিচ্ছে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. খালেদ কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান মো. আবদুছ ছালাম।

বাংলাদেশের কেউ ‘আদিবাসী’ নয় বলে সরকারের দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ২৫টি ছাত্র, যুব, নারী ও সাংস্কৃতিক সংগঠন। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ‘আদিবাসী’ হিসেবেই সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন তারা।
৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আমেরিকান বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
১১ মিনিট আগে
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী কমিটিকে জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে পুলিশের নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ করা হয়নি। নিরপেক্ষভাবেই তারা নিয়োগ দিয়েছে। বৈঠকে বিরোধী দলের দুজন সদস্য উপস্থিত থাকলেও পুলিশের নিয়োগ নিয়ে তাঁরা কথা বলেননি বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে