সংসদীয় কমিটির বৈঠক

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে গত ছয় মাসে পুলিশের নিয়োগে রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ হয়নি বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটা দাবি করা হয়েছে।
সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর বক্তব্য দেওয়ার সময় পুলিশের নিয়োগের বিষয়ে কথা বলেন। এ সময় তিনি কমিটিকে জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে পুলিশের নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ করা হয়নি। নিরপেক্ষভাবেই তারা নিয়োগ দিয়েছে। বৈঠকে বিরোধী দলের দুজন সদস্য উপস্থিত থাকলেও পুলিশের নিয়োগ নিয়ে তাঁরা কথা বলেননি বলে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। জাতীয় সংসদের সব সদস্য মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছেন উল্লেখ করে মাদক নির্মূলে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। মাদক নির্মূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও কমিটিকে জানানো হয়।
সূত্রে জানা গেছে, কমিটির একাধিক সদস্য দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকের ভয়াবহতা নিয়ে অভিযোগ করেন।
কমিটির সদস্য আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বলেছিলাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিগত বছরের তুলনায় এ বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। মাদকের বিষয়ে আমাদের পাশাপাশি সরকারি দলের সদস্যরাও কথা বলেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিষয়ে নতুন আইন, জুয়া প্রতিরোধে আইনের কথা তুলে ধরেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম উপস্থাপন করা হয়।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া আরও অংশ নেন কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মীর শাহে আলম, কামরুজ্জামান, মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, নুরুল ইসলাম এবং আব্দুল বাতেন।
চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে ভারতের সঙ্গে করা গঙ্গার পানিবণ্টনে ফারাক্কা চুক্তি। এ চুক্তি নবায়নের বিষয়ে দেশটি থেকে জোরালো আশ্বাস পাওয়া গেছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।
আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে এমনটা আলোচনা হয় বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে সভায় আলোচনা করা হয়। পদ্মা ব্যারাজ প্রকল্প একনেকে অনুমোদনের কথা সভায় জানানো হয়। এ ছাড়া, বৈঠকে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়ার বিষয়টি অবহিত করা হয়। একই সঙ্গে আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হওয়ার কথা সভায় জানানো হয়।
সভায় জানানো হয়, বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এসব প্রকল্পের জন্য ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বৈঠকে উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, বরাদ্দ করা অর্থের যথাযথ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং জনগণের জন্য সরকারি সেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এ কে এম ফজলুল হক মিলন, এ ই সুলতান মাহমুদ বাবু, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদ, মুন্সী রফিকুল আলম, ইজ্জত উল্লাহ্, মশিউর রহমান খান এবং অলি উল্লাহ্।

অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহসংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ ও অননুমোদিত বহুবিবাহ প্রতিরোধ সহজ হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এই ব্যবস্থায় বৈবাহিক তথ্য সমন্বিত ডেটাবেইসে সংরক্ষিত থাকায় দেশ ও বিদেশ থেকে দ্রুত তথ্য যাচাই করা যাবে.....
৩৩ মিনিট আগে
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। এ প্রসঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না।’
১ ঘণ্টা আগে
জেলেদের জীবনযাত্রা নির্বাহে মানবিক সহায়তা হিসেবে ভিজিএফের এসব চাল বিতরণ করা হবে। বরাদ্দের তালিকায় ঢাকা বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, মানিকগঞ্জসহ দেশের ইলিশ আহরণ-সংশ্লিষ্ট বিভিন্ন জেলার জেলে পরিবার অন্তর্ভুক্ত রয়েছে।
২ ঘণ্টা আগে
শর্ত অনুযায়ী, মুক্তিযোদ্ধার মরদেহ সৎকার, সমাহিত ও মরদেহ পরিবহন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে এ অর্থ ব্যয় করা যাবে না। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধিবিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে।
২ ঘণ্টা আগে