
মিসরের রানি ক্লিওপেট্রার ভুবনভোলানো রূপের কথা কে না জানে? শুধু ক্লিওপেট্রা যে রূপসচেতন ছিলেন, ব্যাপারটা তেমন নয়। মিসরের রাজা, রানি, দাস-দাসী, রুটি প্রস্তুতকারক, সৈনিক, জেলে থেকে শুরু করে লিপিকার পর্যন্ত সব পেশার মানুষই নিজের যত্ন নিতেন। তাঁরা স্বাস্থ্য ও সৌন্দর্য নিয়ে ছিলেন বেশ সচেতন। সুন্দর ত্বক ও চুলের জন্য ভালো খাদ্যাভ্যাস গড়ে তোলাসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরোয়া প্যাক তৈরি করতেন। বিশ্বকাপে খেলছে সেই ক্লিওপেট্রার দেশ মিসর, জেনে নিন প্রাচীন মিসরীয়দের রূপচর্চার গল্প।

প্রাচীন মিসরীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, ভালো খাবার খেলে মানুষকে দেখতেও ভালো লাগে। তার হদিস পাওয়া যায় প্রাচীন হায়ারোগ্লিফিক্সে। জানা যায়, খ্রিষ্টপূর্ব ২৪০০ অব্দে মৌমাছি পালন শুরু হয়েছিল মিসরে। সে সময়ের মানুষেরা মধু ভালোবাসতেন। খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস লিখেছিলেন, ‘মিসর ছিল নীল নদের একটি উপহার।’ প্রতিবছর এই মহান নদীর পানিতে প্লাবিত হতো তার অববাহিকা। নেমে যাওয়ার সময় সেই পানি রেখে যেত কালো, উর্বর এবং খনিজসমৃদ্ধ পলি। তাতে প্রচুর ডালিম, খেজুর, আঙুর, তরমুজ, রসুন, শসা, গাজর, সেলারি ও মটরশুঁটি জন্মাত। এসব খাবার প্রাচীন মিসরীয়দের শরীরে জোগাত পুষ্টি।
ত্বকের মরা কোষ ঝরাতে আমরা যে এক্সফোলিয়েশন ব্যবহার করি, তার আদি রূপ কিন্তু পাওয়া যায় প্রাচীন মিসরে। তাঁরা ত্বকের মরা কোষ ঝরাতে ঝামা ব্যবহার করতেন। অ্যালোভেরার পাতা থেকে রস বের করেও তৈরি করা হতো স্ক্রাব। এ ছাড়া পানির সঙ্গে মেশানো সোডিয়াম কার্বোনেট স্ক্রাব হিসেবে ব্যবহৃত হতো।
ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে মিসরীয়রা শরীরের সব অবাঞ্ছিত লোম অপসারণ সবচেয়ে ভালো সমাধান বলে ভাবতেন। সে সময় ডিওডোরেন্ট ছিল না। তাই উত্তপ্ত মরুভূমির অসহনীয় তাপমাত্রায় বসবাসের জন্য আরাম পেতে অবাঞ্ছিত লোম অপসারণ ছিল অপরিহার্য। চুল অপসারণের প্রাকৃতিক পদ্ধতি, সুগারিং, প্রাচীন মিসরীয়রা আবিষ্কার করেছিল বলে মনে করা হয়। তাঁরা মধুর মিশ্রণ দিয়ে তৈরি ঘন প্রলেপ ত্বকে লাগিয়ে তার ওপর মোটা কাপড় বসিয়ে লোমের বিপরীতে টান দিয়ে লোম অপসারণ করতেন।
চোখের নিচে কালো দাগ এবং ফোলা ভাব—কোনোটাই আধুনিক ঘটনা নয়। প্রাচীন মিসরীয়রা সেই সুদূর অতীতেও তাঁদের চোখের নিচে পুষ্টিগুণে ভরপুর অ্যাভোকাডোর টুকরা ব্যবহার করতেন। তাঁরা বিশ্বাস করতেন, অ্যাভোকাডো হলো দেবতাদের খাদ্য। পটাশিয়াম, ভিটামিন, চর্বি ও প্রোটিনে সমৃদ্ধ অ্যাভোকাডো।
অ্যালোভেরার পুষ্টিকর প্রভাব এবং বহুমুখী ব্যবহারের কথা খ্রিষ্টপূর্ব ১৫৫০ অব্দের সূত্র থেকে জানা যায়। এর বহুমুখী ব্যবহারের কারণে একে ‘অমরত্বের উদ্ভিদ’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। বিশ্বাস করা হয়, ক্লিওপেট্রা ও নেফারতিতি—দুজনেই তাঁদের মুখে এটি ব্যবহার করতেন। ত্বক টানটান করার জন্য এটি তাঁরা মাস্ক হিসেবে ব্যবহার করতেন কি না, সে বিষয়ে উল্লেখ না থাকলেও সেগুলোর ব্যবহার বিষয়ে কিছু তথ্য পাওয়া যায় বটে। এই উদ্ভিদে ভিটামিন এ, সি, ই, বি১২, অ্যামিনো অ্যাসিডসহ ৭৫টির বেশি পুষ্টি উপাদান রয়েছে। এটি প্রদাহরোধী হওয়ার পাশাপাশি ত্বক দারুণভাবে আর্দ্র রাখে, ফোলাভাব কমায়, কোলাজেন উৎপাদনকে উদ্দীপিত করে এবং ত্বকের ক্ষতির নিরাময়ের হার বাড়ায়—বিশেষ করে রোদে পোড়ার পরে। মিসরীয়রা তাঁদের মন্দিরের দেয়ালজুড়ে এই উদ্ভিদের ছবি এঁকে রেখেছিলেন।
পুষ্টিগুণে ভরপুর এবং প্রদাহরোধী একটি উপাদান। প্রাচীন মিসরে পোকামাকড়ের কামড় এবং র্যাশ নিরাময়ে ব্যবহৃত হতো কালোজিরার তেল, এ তথ্য জানা যায়। এটি একজিমা, ব্রণ ও চুলকানি কমাতে সাহায্য করতে পারে। তুতেনখামেনের সমাধিতে এর বীজ খুঁজে পাওয়ার পর প্রত্নতাত্ত্বিকেরা সুরক্ষা ও নিরাময়ের জন্য এর বিশেষ তাৎপর্যের কথা ইঙ্গিত করেন। এই বিস্ময়কর বীজের ব্যবহার এতটাই বহুমুখী এবং এর এত উপকারিতা রয়েছে যে আপনার বেছে নেওয়া যেকোনো স্কিন কেয়ার পণ্যে এটি রাখলে উপকারই পাবেন।
মিসরীয় রানি ক্লিওপেট্রা ও নেফারতিতি দুধ ও মধুতে গোসল করতেন! এই মিশ্রণ চমৎকার ক্লিনজার হিসেবে কাজ করে, যা ত্বক নরম ও মসৃণ করে তোলে। বিশাল রাজ্যপাট আর লোকবল—দুটোই ছিল রানিদের। তাঁদের মতো করে ভাবলে তো আর হবে না। আপনি বিকল্প হিসেবে গরম পানির সঙ্গে নারকেলের দুধ মিশিয়ে ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি যদি আপনি হাইড্রোক্সি এবং ল্যাকটিক অ্যাসিডযুক্ত ক্লিনজিং পণ্য ব্যবহার করে থাকেন, তাতে আরও উপকার পাবেন। দুধে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে এবং এটি ত্বকের যত্নে ভালো ভূমিকা রাখে। এটি ত্বকের মৃতকোষ দূর করতে এবং নতুন কোষের বৃদ্ধিতে সাহায্য করে।
সূত্র: কান্ট্রি ওয়েডিংস ও অন্যান্য
ছবি: পেক্সেলস

ফ্যাশন এমন এক বৈশ্বিক ভাষা যা দেশ, সংস্কৃতি কিংবা জাতিগত সীমানা পেরিয়ে মানচিত্রের প্রতিটি কোণে নিজের ছাপ রেখে যায়। তবে পোশাকের এই বৈচিত্র্যময় দুনিয়ায় বিশ্বের বিভিন্ন দেশে নারীদের পোশাকের গড় মাপের পার্থক্য বেশ চমৎকার। প্যারিসের র্যাম্প থেকে শুরু করে এশিয়ার ঐতিহ্যবাহী বাজার কিংবা আফ্রিকার স্থানীয়...
৭ ঘণ্টা আগে
ঋতু বদলের এই সময়ে অনেকে জ্বরে আক্রান্ত হচ্ছে। সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা কিংবা অন্য কোনো সংক্রমণের কারণে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে জ্বর হতে পারে। অনেক সময় জ্বর শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা সক্রিয় থাকার একটি লক্ষণ।
১১ ঘণ্টা আগে
প্রিয় পারফিউমটি প্রতিদিন ব্যবহার করতে করতে হঠাৎ একদিন খেয়াল করলেন, আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না। পরিচিত সেই সতেজতা নেই। এর জন্য সব সময় পারফিউম দায়ী নয়। ভুলভাবে সংরক্ষণ করার কারণেও বদলে যেতে পারে প্রিয় সুগন্ধির ঘ্রাণ। পারফিউম বেশ সংবেদনশীল একটি জিনিস।
১৩ ঘণ্টা আগে
পোক দিবসের এই ‘পোক’ হলো হাওয়াই দ্বীপপুঞ্জের একটি জনপ্রিয় ও সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার। হাওয়াইয়ান ভাষায় পোক শব্দের অর্থ হলো টুকরো করা। সাধারণত কাঁচা মাছ ছোট ছোট কিউব বা টুকরো করে কেটে, বিভিন্ন মসলা ও সস দিয়ে মাখিয়ে ভাতের ওপর সাজিয়ে খাওয়া হয় এই খাবারটি। এটি বিখ্যাত জাপানিজ খাবার সুশির মতো কাঁচা মাছ...
১৫ ঘণ্টা আগে