
মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে এবার আন্তর্জাতিক জলসীমায় ইরান-সংশ্লিষ্ট তেল ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার (১৮ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই আন্তর্জাতিক জলসীমায় এসব জাহাজে তল্লাশি চালানো এবং সেগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযান শুরু হতে পারে।
ওয়াল স্ট্রিটের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন ইরানের ওপর অর্থনৈতিক চাপ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে ‘ইকোনমিক ফিউরি’ নামক একটি বিশেষ অভিযানে নেমেছে। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডসহ অন্যান্য বিভাগ এই অভিযানে অংশ নেবে।
এর আওতায় ইরানের পতাকাবাহী জাহাজ বা তেহরানকে সহায়তা দেওয়া যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। বিশেষ করে ‘ডার্ক ফ্লিট’ বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে চলা অবৈধ জাহাজগুলো, যারা পরিচয় গোপন করে তেল বা অস্ত্র বহন করছে, তাদের তাড়া করবে যুক্তরাষ্ট্র।
গত চব্বিশ ঘণ্টায় হরমুজ প্রণালি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইরান। কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো ওয়াল স্ট্রিটকে জানিয়েছে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে পেন্টাগন এই সিদ্ধান্ত নিয়েছে। ওয়াশিংটন চাইছে, এই অর্থনৈতিক ও নৌ-অবরোধের মাধ্যমে তারা ইরানকে পারমাণবিক কর্মসূচিতে নমনীয় হতে এবং হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিতে বাধ্য করবে। ইউএস সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইরানি বন্দর ত্যাগের চেষ্টাকালে ২৩টি জাহাজকে মার্কিন নৌবাহিনী ফিরিয়ে দিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার দাবি করেছিলেন, ইরান তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে। তবে তেহরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া ইরান কত দিন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে এবং তাদের জব্দ করা বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত পাবে কি না—তা নিয়েও বর্তমানে দর-কষাকষি চলছে।
ইরানের অপরিশোধিত তেলের প্রধান ক্রেতা চীন। জেনারেল কেইনের এই বক্তব্য মূলত বেইজিংয়ের জন্য একটি পরোক্ষ সতর্কবার্তা বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। এ ছাড়া মার্কিন ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞার তালিকা আরও বড় করেছে। এর মধ্যে ইরানের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা প্রয়াত আলী শামখানির ছেলে মোহাম্মদ হোসেন শামখানির নিয়ন্ত্রিত কোম্পানি ও জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আগামী ২২ এপ্রিল দুই পক্ষের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। পাকিস্তানে গত সপ্তাহের আলোচনা ব্যর্থ হওয়ায় উভয় পক্ষই নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরান তাদের ভূগর্ভস্থ গুদাম থেকে ক্ষেপণাস্ত্র বের করে আনছে। অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে সামরিক অভিযান শুরু করতে তারা পুরোপুরি প্রস্তুত। তবে ট্রাম্প প্রশাসন এখনই স্থল সেনা পাঠাতে আগ্রহী নয়; বরং অর্থনৈতিক চাপের মাধ্যমেই সমাধান খুঁজছে।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো জানিয়েছেন, তারা নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি তেল কেনাবেচাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবেন। এর আগে ভেনেজুয়েলার ক্ষেত্রেও একই ধরনের কৌশল ব্যবহার করে আটলান্টিক ও ভারত মহাসাগরে জাহাজ জব্দ করেছিল যুক্তরাষ্ট্র। এবার আন্তর্জাতিক জলসীমায় অবরোধ, ডার্ক ফ্লিট জব্দ এবং ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ চোরাচালান রোধ—এই তিন ফ্রন্টে আঘাত করে ইরানকেও আলোচনার টেবিলে নতি স্বীকারে বাধ্য করতে চাইছে ওয়াশিংটন।

এল নিনোর প্রভাবে দীর্ঘমেয়াদি খরার ঝুঁকিতে আছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। তীব্র পানি সংকটে পড়েছে দেশটির পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের স্থানীয়রা। এ পরিস্থিতিতে সংকট কাটাতে জীবিকাকেন্দ্রিক বিশেষ নলকূপ খনন প্রকল্প জোরদার করেছে ইন্দোনেশিয়ায় ডেনপাসারে অবস্থিত চীনা কনস্যুলেট জেনারে...
৮ ঘণ্টা আগে
ভারতের দিল্লিতে বিক্ষোভকে সহিংস করে নেপাল ও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে বিজেপির কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। তিনি বলেন, ‘আমি অহিংসা ও গান্ধীতে বিশ্বাস করি।...
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তাৎক্ষণিকভাবে ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর হয়েছে এবং উভয় পক্ষ এতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
১১ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আজ রোববার সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র (প্রোজেক্টাইল) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর প্যাসেঞ্জার টার্মিনালে আঘাত হানে, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
১১ ঘণ্টা আগে