Ajker Patrika

ক্লান্তি পিছু ছাড়ছে না, ভিটামিন ডি স্বল্পতায় ভুগছেন না তো?

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৮: ৫৪
কাজের চাপে সূর্যের আলোর সংস্পর্শে আসার সুযোগ সবার হয় না। ছবি: লিভি।
কাজের চাপে সূর্যের আলোর সংস্পর্শে আসার সুযোগ সবার হয় না। ছবি: লিভি।

শাহিনুর আক্তার তানিয়া। একটি স্কুলের ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত। সকালে স্কুলে ঢুকছেন, বেরোতে বেরোতে বিকেল। আবার ছুটির দিনগুলোতে বাসার কাজের ব্যস্ততা। এদিকে সব সময় ক্লান্ত লাগে, শরীরে বিভিন্ন রকমের ব্যথাও ভোগায় মাঝেমধ্যে। বসে থাকতে থাকতে বাড়ছে ওজনও। চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন, ভুগছেন ভিটামিন ডি-এর অভাবে। যেভাবেই হোক, অল্প সময়ের জন্য হলেও শরীরে সূর্যের আলো লাগানো চাই।

ভিটামিন ডি-কে বলা হয় ‘সানশাইন ভিটামিন’। কারণ, এটি সূর্যের আলোয় আমাদের ত্বকে তৈরি হয়। আর এটি অভাব যে কতটা ভোগাতে পারে, তা তানিয়া আক্তারের মতো ভুক্তভোগীরাই ভালো ব্যাখ্যা দিতে পারেন। যাঁদের সকাল-সন্ধ্যা চার দেয়ালের ভেতরে থাকতে হয়, তাঁদের এই সমস্যায় ভুগতে হয় বেশি।

দৈনন্দিন ব্যস্ততার মাঝে শরীরের চাহিদা অনুযায়ী সূর্যের আলোর সংস্পর্শে আসার সুযোগ সবার হয় না। ফলে শরীরের অন্যতম প্রয়োজনীয় পুষ্টি উপাদান হলেও এর পর্যাপ্ততা সবার শরীরে নেই। আপনার শরীরে ভিটামিন ডি-র ঘাটতি রয়েছে কি না, সেটি বোঝার কিছু উপায় রয়েছে। সেগুলো নিয়েই জানাব এই প্রতিবেদনে।

ভিটামিন ডি স্বল্পতার লক্ষণগুলো—

১. ক্লান্তি ভাব

‘হাউ নট টু ইট আল্ট্রা-প্রসেসড’ বইয়ের লেখক বিশেষজ্ঞ ডায়েটিশিয়ান নিকোলা লুডল্যাম-রেইন বলেন, ভিটামিন ডি-এর ঘাটতির সঙ্গে দীর্ঘস্থায়ী ক্লান্তির একটি সম্পর্ক রয়েছে।

২০১৫ সালের এক গবেষণার কথা উল্লেখ করে তিনি বলেন, নারী নার্সদের ওপর চালানো একটি সমীক্ষায় দেখা যায়, অংশগ্রহণকারীদের ৮৯ শতাংশের শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি ছিল এবং তাঁরা নিজেরাই ক্লান্তি অনুভবের কথা বলেছেন। ২০১৯ সালের একটি গবেষণায়ও দেখা যায়, ৪৮০ জন বয়স্ক মানুষের মধ্যে ভিটামিন ডি-এর মাত্রার সঙ্গে ক্লান্তির উপসর্গের মিল পাওয়া যায়।

২. ঠান্ডা লাগা ও সংক্রমণে বারবার আক্রান্ত হওয়া

গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি-এর ঘাটতির কারণে ইমিউন সিস্টেমের কাজ দুর্বল হয়ে পড়ে, ফলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। যদি কেউ ঘন ঘন অসুস্থ হন বা বারবার সংক্রমণে ভোগেন এবং এর কোনো নির্দিষ্ট কারণ না জানা থাকে, তাহলে জলদি চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়াই ভালো। বিশেষ করে আপনি যদি গর্ভবতী হন বা ৭৫ বছরের বেশি বয়সী হন, তবে এটি আরও জরুরি।

অধ্যাপক গ্রসম্যান বলেন, ‘ভিটামিন ডি-এর ঘাটতি দেখা গেলে যৌক্তিক মাত্রায় সাপ্লিমেন্ট নেওয়াতে কোনো ক্ষতি নেই। যদি রক্তে ভিটামিন ডি-এর মাত্রা ৫০ এনএমওএল/এল-এর নিচে হয়, তাহলে আমি সাধারণত ১০০০ থেকে ২০০০ আইইউ প্রতিদিন নেওয়ার পরামর্শ দিই।’

ভিটামিন ডি-এর শরীরে ক্লান্তি বাড়ে। ছবি: পেক্সেলস।
ভিটামিন ডি-এর শরীরে ক্লান্তি বাড়ে। ছবি: পেক্সেলস।

৩. হাড়ে ব্যথা

ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ ও হাড়ের গঠন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ঘাটতি হলে অস্টিওপোরোসিসের মতো হাড়ের রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তবে অস্টিওপোরোসিস অনেক সময় ধরা পড়ে তখনই, যখন হঠাৎ পড়ে যাওয়ার পর কোনো হাড় ভেঙে যায়।

অধ্যাপক গ্রসম্যান বলেন, ‘হাড়ে ব্যথা থাকা মানেই অস্টিওপোরোসিস হয়েছে, তা নয়। কিন্তু যদি হাড়ে ব্যথা থাকে এবং অন্য কোনো কারণ না থাকে, তাহলে আমি পরামর্শ দেব, ভিটামিন ডি-এর মাত্রা ৫০ এনএমওএল/এল-এর নিচে হলে সাপ্লিমেন্ট নেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘ভিটামিন ডি-এর ঘাটতি অনেক বেশি হলে ‘অস্টিওমালাসিয়া’ হয়। এই রোগে হাড়ে দীর্ঘস্থায়ী ব্যথা এবং প্রায়ই পেশিশক্তি কমে যাওয়ার সমস্যা হয়। এটি এটি অস্টিওপোরোসিস থেকে আলাদা।’

৪. পেশির ক্লান্তি ও ব্যথা

পেশিতে ব্যথার নির্দিষ্ট কারণ সব সময় চট করে বোঝা যায় না, তবে ভিটামিন ডি-এর ঘাটতি এর একটি সম্ভাব্য কারণ হতে পারে। লুডল্যাম-রেইন বলেন, ভিটামিন ডি পেশির স্বাভাবিক কার্যকারিতায় সহায়তা করে। এর অভাবে পেশির দুর্বলতা ও ব্যথা হতে পারে। ২০১৪ সালের এক গবেষণায় দেখা গেছে, যাঁরা দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছিলেন, তাঁদের ৭১ শতাংশের শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি ছিল।

৫. ক্ষত ধীরে সেরে ওঠা

ডায়েটিশিয়ান লুডল্যাম-রেইন বলেন, ভিটামিন ডি শরীরে প্রদাহ নিয়ন্ত্রণ করা, সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা এবং ত্বক মেরামতে সহায়তা করে। তাই ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে ক্ষত সেরে উঠতে দেরি হওয়া স্বাভাবিক।

২০১৪ সালের এক গবেষণায় ২২১ জন মানুষের মধ্যে দেখা গেছে, যাদের শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি ছিল, তাদের রক্তে প্রদাহ-সংক্রান্ত উপাদানের মাত্রা বেশি ছিল, যা ক্ষত নিরাময়ে ব্যাঘাত ঘটাতে পারে।

আরেকটি গবেষণায় দেখা গেছে, ৬০ জন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর পায়ে ক্ষত ছিল। যাঁরা ১২ সপ্তাহ ধরে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিয়েছিলেন, তাঁদের ক্ষত অন্যদের তুলনায় দ্রুত সেরে গেছে।

অধ্যাপক গ্রসম্যান বলেন, ‘কিছু মানুষ বিশেষভাবে ঝুঁকির মধ্যে থাকেন—বয়স্করা, বেশির ভাগ ঘরেই থাকেন এমন মানুষেরা, যাদের গায়ের রং কালো এবং যেসব দেশে সূর্যের আলো কম।’

৬. চুল পড়া

লুডল্যাম-রেইন জানান, ভিটামিন ডি-এর ঘাটতি ও চুল পড়ার মধ্যে একটি সম্পর্ক থাকতে পারে, বিশেষ করে অ্যালোপেশিয়া এরিয়াটা-র মতো রোগে। তিনি বলেন, ‘অ্যালোপেশিয়া এরিয়াটা একটি অটোইমিউন রোগ; ফলে প্রচুর চুল পড়ে যায়।

এক গবেষণায় ৪৮ জন রোগী, যাঁরা এই রোগে ভুগছিলেন, তাঁদের ওপর একটি পরীক্ষামূলক ওষুধ হিসেবে কৃত্রিম ভিটামিন ডি ব্যবহার করা হয়েছিল। ১২ সপ্তাহ পরে দেখা যায়, তাঁদের চুল গজানোর হার অনেক বেড়ে গেছে। অন্য একটি পর্যালোচনায় দেখা গেছে, যাঁদের শরীরে ভিটামিন ডি-এর মাত্রা বেশি ছিল, তাঁদের চুল পড়ার হার কম ছিল।

৭. ওজন বেড়ে যাওয়া

ওজন বাড়ার প্রধান কারণ শরীরের চাহিদার চেয়ে বেশি ক্যালরি গ্রহণ। তবে এতে ভিটামিনের ঘাটতিও প্রভাব ফেলে। অধ্যাপক গ্রসম্যান বলেন, ‘যেসব রোগীর প্রি-ডায়াবেটিস (ডায়াবেটিস হওয়ার আগের অবস্থা) রয়েছে, তাঁদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হলে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা ধীরগতিতে রূপ নিতে পারে।

ভিটামিন ডি কেন প্রয়োজন

এই ভিটামিন হাড় সুস্থ রাখে, রোগ প্রতিরোধক্ষমতা (ইমিউন সিস্টেম) ঠিক রাখে। এমনকি মস্তিষ্কের কোষকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। পাশাপাশি দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে সাহায্য করে।

ভিটামিন ডি একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা ক্যালসিয়ামের সঙ্গে মিলে হাড় তৈরি ও হাড়কে শক্ত করে তোলে। পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে শরীর ক্যালসিয়াম শোষণ করতে পারে। ঘাটতি হলে হাড় নরম হয়ে যায়। শিশুদের ক্ষেত্রে একে রিকেটস এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অস্টিওমালাসিয়া বলা হয়।

শিশুদের ছোটবেলা থেকে সূর্যের আলোর সংস্পর্শে নিতে হবে। ছবি: পেক্সেলস।
শিশুদের ছোটবেলা থেকে সূর্যের আলোর সংস্পর্শে নিতে হবে। ছবি: পেক্সেলস।

এমনকি গবেষণায় দেখা গেছে, কম ভিটামিন ডি-এর মাত্রা ক্যানসার, মাল্টিপল স্ক্লেরোসিস, হৃদ্‌রোগ ও রক্তজনিত রোগের সঙ্গেও জড়িত থাকতে পারে।

ভিটামিন ডি ঘাটতি পূরণের উপায়

ভিটামিন ডি-এর ঘাটতি পূরণের জন্য বা ঘাটতি যেন না হয়, সেটার জন্য সূর্যের আলোর সংস্পর্শে থাকা অনেক বেশি জরুরি; বিশেষ করে সকালের সূর্যের আলোয় সবচেয়ে বেশি ভিটামিন ডি থাকে। যদি সূর্যের আলোতে যাওয়ার সুযোগ না থাকে, তাহলে সাপ্লিমেন্ট নিতে পারেন। এ ছাড়া খাবারের মাধ্যমেও শরীরে ভিটামিন ডি বাড়ানো সম্ভব।

শরীরে ভিটামিন ডি বাড়ানোর কিছু উপায় বলে দিয়েছেন লুডল্যাম-রেইন

১. ভিটামিন ডি সমৃদ্ধ দুধ: অনেক আমন্ড, সয়া, ওট এবং অন্যান্য প্ল্যান্ট বেসড দুধে ভিটামিন ডি যুক্ত করা হয়। সেগুলো পান করতে পারেন। সাধারণ দুধে ভিটামিন ডি থাকে না।

২. ডিমের কুসুম: এটি একটি সমৃদ্ধ উৎস; বিশেষ করে যদি মুরগি মুক্ত বাতাসে থাকে এবং সূর্যালোক পায়। গ্রামাঞ্চলে খোলা জায়গায় লালন-পালন করে বড় করা দেশি মুরগির ডিম এ ক্ষেত্রে বেশি কার্যকরী।

৩. তেলাপিয়া মাছ: তেলাপিয়া মাছ ভিটামিন ডি-এর চমৎকার উৎস।

৪. গরুর মাংস ও যকৃৎও ভিটামিন ডি-এর ভালো উৎস।

৫. ভিটামিন ডি সমৃদ্ধ সিরিয়াল: অনেক সিরিয়ালে ভিটামিন ডি যুক্ত করা থাকে। সেগুলো খেতে পারেন।

এসব খাদ্য গ্রহণের মাধ্যমে আপনি সহজে ভিটামিন ডি-এর অভাব পূর্ণ করতে পারবেন।

আরও পড়ুন:–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

আজকের পত্রিকা ডেস্ক­
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্যানসার চিকিৎসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো ড্রাগ রেজিস্ট্যান্স। এর ফলে চিকিৎসা নেওয়ার পরও আবার টিউমার ফিরে আসে বা পুনরায় ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকেরা সাম্প্রতিক এক গবেষণায় দেখেছেন, ক্যানসার কোষ কখনো কখনো মৃত্যুর অভিনয় করে ওষুধের প্রভাব থেকে বাঁচতে পারে। গবেষণাটি গত মাসে ‘নেচার সেল বায়োলজি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষকদের মতে, কিছু ক্যানসার কোষ চিকিৎসার সময় মারা যায় না; বরং নির্দিষ্ট কিছু এনজাইমের সাহায্যে তারা ওষুধের আঘাত সামলে আরও শক্তিশালী হয়ে ওঠে। এসব কোষকে বলা হয় ‘পারসিস্টার’ বা অটল কোষ। চিকিৎসার সময় এরা সাময়িকভাবে বৃদ্ধি থামিয়ে গোপনে বেঁচে থাকে।

চিকিৎসার সময় সব ক্যানসার কোষই বৃদ্ধি বন্ধ করে দেয়। কিন্তু ‘অটল’ কোষগুলো তখন ‘ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ফ্যাক্টর বি’ (ডিএফএফবি) নামের একটি এনজাইমকে খুব নিম্ন মাত্রায় সক্রিয় করে। সাধারণত এই এনজাইম মৃত কোষের ডিএনএ ভেঙে ফেলে। কিন্তু এই ক্ষেত্রে এনজাইমটি কোষকে না মেরে উল্টো ঘুম ভেঙে জেগে ওঠার মতো করে তোলে। এর ফলে কোষগুলো আবার বেড়ে উঠতে শুরু করে এবং চিকিৎসা ব্যর্থ হতে পারে।

গবেষণার প্রধান লেখক ম্যাথিউ জে হ্যাঙ্গাউয়ার বলেছেন, ‘এটি আমাদের প্রচলিত ধারণাকে উল্টে দিল। যে জিনিসটি ক্যানসার কোষকে মেরে ফেলার কথা, সেটাই উল্টো তাদের আবার বাড়তে সাহায্য করছে।’

ভবিষ্যৎ চিকিৎসার সম্ভাবনা

গবেষকেরা পরীক্ষা করে দেখেছেন, যদি ক্যানসার কোষের মধ্যে থাকা ‘ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ফ্যাক্টর বি’ (ডিএফএফবি) এনজাইমকে নিষ্ক্রিয় করা যায়, তবে তারা আর ওষুধের চাপ থেকে মুক্ত হতে পারে না। ফল হিসেবে কোষগুলো চিরতরে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অবস্থায় থেকে যায় এবং পুনরায় ক্যানসার ফেরার ঝুঁকি কমে।

মেলানোমা, ফুসফুস ও স্তন ক্যানসারের পরীক্ষামূলক মডেলে ডিএফএফবি বন্ধ করে দেওয়া হলে দেখা যায়—কোষগুলো আর বেড়ে উঠতে পারে না। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই এনজাইমটি মানবদেহের স্বাভাবিক কোষে খুব অপরিহার্য নয়। ফলে এটি লক্ষ্য করে ওষুধ তৈরি করা গেলে বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কম থাকতে পারে।

এই গবেষণা ভবিষ্যতে এমন ওষুধ তৈরির পথ খুলে দিতে পারে, যা ক্যানসারকে পুনরায় ফিরে আসার আগেই থামিয়ে দিতে সক্ষম হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’

  • ৪-৫ বছরে ক্লিনিকের সংখ্যা ৪০০ থেকে কমে ৬০টিতে এসেছে।
  • কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতা, অদক্ষতা ও অনিয়মের অভিযোগ।
  • ক্লিনিক বন্ধ হওয়ায় দরিদ্ররা আগের মতো সুলভে সেবা পাচ্ছে না।
মুহাম্মাদ শফিউল্লাহ, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮: ২১
সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’

আর্থিক সংকট ও অব্যবস্থাপনায় ডুবতে বসেছে প্রায় তিন দশক ধরে দেশের দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া ‘সূর্যের হাসি ক্লিনিক’। এই অবস্থার জন্য বহুলাংশে দায়ী করা হয় ক্লিনিকের বর্তমান কর্তৃপক্ষকে। রয়েছে আর্থিক অস্বচ্ছতা, অদক্ষতা এবং অনিয়মের অভিযোগও। এভাবে গত চার-পাঁচ বছরে ক্লিনিকের সংখ্যা ৪০০ থেকে কমে ৬০টিতে এসেছে। পড়েছে সেবার মানও।

স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা বলছেন, যে নেটওয়ার্ক একসময় মাতৃমৃত্যু কমানো এবং পরিবার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, সেই নেটওয়ার্কের দ্রুত সংকোচন দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নেতিবাচক। ক্লিনিক বন্ধ হওয়ায় অনেক এলাকায় দরিদ্ররা আগের মতো সুলভে সেবা পাচ্ছে না।

এসএইচএন কর্তৃপক্ষ দাবি করছে, তারা লোকসানে থাকা ইউনিটগুলো হস্তান্তর করে নেটওয়ার্ককে টেকসই করার চেষ্টা করছে।

জানা যায়, সূর্যের হাসি ক্লিনিকের যাত্রা শুরু ১৯৯৭ সালে। যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) সাহায্যপুষ্ট প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এনজিওকে নিয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয় প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্লিনিক ‘সূর্যের হাসি’। দীর্ঘ প্রায় তিন দশক ধরে মাতৃ ও শিশুস্বাস্থ্য, টিকাদান, পরিবার পরিকল্পনা, সাধারণ রোগব্যাধি এবং ল্যাব সেবার মাধ্যমে দেশের জন্য গুরুত্বপূর্ণ সেবা মডেল হিসেবে দাঁড়ায় সূর্যের হাসি ক্লিনিক।

২০১৮ সালে ইউএসএআইডির প্রকল্পকাঠামো শেষ হলে ক্লিনিকগুলো একীভূত হয়ে ‘সূর্যের হাসি নেটওয়ার্ক-এসএইচএন’ নামে একটি অলাভজনক কোম্পানিতে রূপান্তর করা হয়। সে সময় লক্ষ্য ছিল টেকসইভাবে দেশব্যাপী স্বল্পমূল্যের স্বাস্থ্যসেবা চালু রাখা। শুরুতে বড় কর্মী বাহিনী, আউটরিচ নেটওয়ার্ক, স্যাটেলাইট সেবা এবং মাতৃস্বাস্থ্যকেন্দ্রগুলোর মাধ্যমে এটি দেশের অন্যতম বৃহৎ প্রাইমারি হেলথ নেটওয়ার্ক হিসেবে পরিচিত হয়।

সূর্যের হাসি নেটওয়ার্কের (এসএইচএন) কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ ও ২০২০ সালে দুই দফায় ক্লিনিকের সংখ্যা কমিয়ে আনা হয়। সেই সময়ে ১৩৪টি ক্লিনিক নিয়ে নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনা করা হয়। এরপর ধাপে ধাপে অর্ধেকের বেশি ক্লিনিক স্থানীয়দের বা বিভিন্ন সংস্থার কাছে হস্তান্তর করা হয়; যার বড় একটি হস্তান্তর হয় চলতি বছরের প্রথম প্রান্তিকে। বর্তমানে এই নেটওয়ার্কের ক্লিনিকের সংখ্যা ৬০।

ইউএসএআইডির অর্থায়ন বন্ধ হয়ে গেলে এসএইচএন আর্থিকভাবে চাপের মুখে পড়ে। কর্তৃপক্ষ ব্যয় কমানো, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ানো এবং পুনর্গঠনের নামে ব্যাপক রদবদল শুরু করে। এতে কয়েক হাজার কর্মী চাকরি হারান; যাঁদের মধ্যে ডাক্তার, নার্স, মিডওয়াইফ, টেকনোলজিস্ট ও মাঠকর্মীরাও রয়েছেন।

অভিযোগ রয়েছে, সিংহভাগ ক্লিনিক হস্তান্তর করা হয়েছে স্থানীয় প্রভাবশালীদের হাতে। কিছু এলাকায় ক্লিনিক চললেও সেবার মান কমে যাওয়ায় রোগীদের আস্থা নষ্ট হয়েছে। অন্যদিকে ক্লিনিক বন্ধ হওয়ার পেছনে শীর্ষ কর্মকর্তাদের অদক্ষতা, স্বেচ্ছাচারিতা এবং পরিচালনা পর্ষদের মধ্যে অন্তঃকোন্দলকে দায়ী করেছেন কর্মকর্তারা।

এসএইচএন সূত্রে জানা যায়, সূর্যের হাসি নেটওয়ার্কের বর্তমান ক্লিনিকগুলোর মধ্যে ৩২টি অ্যাডভান্সড, ৬টি নরমাল ডেলিভারি ক্লিনিক এবং ২২টি বেসিক ক্লিনিক রয়েছে।

অ্যাডভান্সড ক্লিনিকগুলো ছোট আকারের ‘কমিউনিটি হাসপাতাল’-এর মতো কাজ করে; যেখানে মাতৃস্বাস্থ্য, নবজাতক সেবা, পরিবার পরিকল্পনা, ল্যাব টেস্ট, সাধারণ রোগব্যাধির চিকিৎসা, টিকাদান এবং বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়া যায়। নরমাল ডেলিভারি ক্লিনিকগুলো মূলত স্বাভাবিক প্রসব করানো, গর্ভকালীন ও প্রসব-পরবর্তী পরিচর্যা এবং নবজাতকের জরুরি সেবার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এসব ক্লিনিকে প্রশিক্ষিত মিডওয়াইফ ও নার্স ২৪ ঘণ্টা সেবা দেন এবং জটিল ক্ষেত্রে পাশের হাসপাতালে রেফার করেন। বেসিক ক্লিনিকগুলো প্রান্তিক এলাকায় সাধারণ চিকিৎসা, গর্ভবতী মায়েদের চেকআপ, শিশু টিকাদান, পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ, পুষ্টি ও স্বাস্থ্যশিক্ষা এবং রেফারেল সেবা দিয়ে থাকে।

এসএইচএনের সেবাকাঠামোর সঙ্গে যুক্ত রয়েছে ৩৬টি ফার্মেসি ও ২৪টি ডিসপেনসারি, যেগুলোর কয়েকটি সম্প্রতি ক্লিনিকের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। এসব ফার্মেসিতে কম দামে মৌলিক ওষুধ, গর্ভনিরোধক সামগ্রী, শিশু উপযোগী সিরাপ, ওআরএস, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা-কিট এবং ফার্মাসিস্টের পরামর্শ পাওয়া যেত। অপরদিকে ডিসপেনসারিগুলো ছোট পরিসরের চিকিৎসাকেন্দ্র হিসেবে কাজ করে; যেখানে সাধারণ রোগের চিকিৎসা, ফার্স্ট এইড, সীমিত ল্যাব সুবিধা, প্রাথমিক টিকাদান এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

সূর্যের হাসি নেটওয়ার্কের শীর্ষ পর্যায়ে কর্মরত রয়েছেন অথবা চাকরিচ্যুত হয়েছেন এমন অন্তত ১৫ জন কর্মকর্তা জানিয়েছেন, ২০২৩ সালে ইউএসএআইডির সঙ্গে নেটওয়ার্ক কর্তৃপক্ষের মতবিরোধ শুরু হয়। ওই বছরের পর নতুন করে আর অর্থায়ন করেনি ইউএসএআইডি। বর্তমানের ৬০টি ক্লিনিকের কয়েকটি বাতিল করার প্রক্রিয়া চলছে।

দীর্ঘদিন এই নেটওয়ার্কে কাজ করেছেন এমন তিনজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে জানান, ক্লিনিকের আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। এই ক্লিনিক সারা দেশে ভালো মানের স্বাস্থ্যসেবা দিয়ে এসেছে। কিন্তু বর্তমান শীর্ষ কর্মকর্তা নিয়োগের পর জটিলতা শুরু হয়। দেশের বিভিন্ন স্থানের ক্লিনিকগুলোকে স্থানীয় প্রভাবশালীদের বা অন্যদের হাতে ছেড়ে দেওয়া হয়।

গত বছরের ডিসেম্বরে করা ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, ওই অর্থবছরে আয়ের উৎসগুলো হলো—মাইলস্টোনভিত্তিক অনুদান ১৫ কোটি ৬ লাখ টাকা, ক্লিনিক সেবা ও ফার্মেসি বিক্রয় থেকে ৫৫ কোটি ১৭ লাখ টাকা। এ ছাড়া সরকার থেকে বিশেষ অনুদান ১৫ কোটি টাকা ও অন্যান্য আয় ২ কোটি ৫২ লাখ টাকা। ক্লিনিক ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১৪ কোটি ৬৪ লাখ টাকা লোকসান করেছে।

স্থানীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে এমন অন্তত তিনটি ক্লিনিকের তৎকালীন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্লিনিকগুলো হস্তান্তরের প্রক্রিয়া যথাযথভাবে হয়নি। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলার ক্লিনিকটি (কোড ৩২৫) বর্তমানে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি চালাচ্ছেন। এতে ক্লিনিকের মান বজায় রাখতে পারছে না বলে জানিয়েছেন সেখানকার এক সাবেক কর্মকর্তা।

জানতে চাইলে নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শায়লা পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘শুরু থেকে সূর্যের হাসি ক্লিনিকের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছিল না। ২৫টি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ক্লিনিকগুলো পরিচালনার দায়িত্বে ছিল। তখন তাদের নেতৃত্বে ক্লিনিকগুলো ভালোভাবে চলেনি। প্রতি পাঁচ বছরের জন্য বিভিন্ন প্রকল্পের নামে ক্লিনিকগুলো পরিচালিত হতো। অধিকাংশ ক্লিনিক ভাড়া করা বাড়িতে থাকায় পরিচালনা ব্যয়বহুল ছিল। এতে অনেক খরচ হতো এবং পরে ইউএসএআইডি আর অনুদান দিতে চায়নি। ২০১৯ ও ২০২০ সালে দুই দফায় আড়াই শতাধিক ক্লিনিক হস্তান্তর করা হয়। ক্লিনিক কমানো ইউএসএআইডির পরিকল্পনা ছিল। কারণ, সংস্থাটি এখন বিশ্বব্যাপী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করছে না এবং সূর্যের হাসি নিয়ে ভবিষ্যৎ দেখেনি। আমি ২০২০ সালের ডিসেম্বরে যোগদানের পর ক্লিনিকগুলো দাঁড় করানোর চেষ্টা করেছি।’

ক্লিনিকগুলো কেন হস্তান্তর করা হলো, এমন প্রশ্নে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘এটি নিতান্ত বাধ্য হয়ে করা হয়েছে। বেশির ভাগ ক্লিনিক ভাড়া করা বাড়িতে হওয়ায় স্থানীয়রা পরে নিজ উদ্যোগে পরিচালনা করতে চেয়েছেন। আর আমাদের আর্থিক স্থিতিশীলতা কমে গিয়েছিল। এখন যেসব ক্লিনিক হস্তান্তর করা হয়েছে, সেগুলো ‘সূর্যের আলো’ নামে চলছে। আমরা তাদের পরিচালনা করতে দিয়েছি, তারা কর্মীদের বেতন দেবে। কিন্তু ভবিষ্যতে আমরা আবার ক্লিনিকগুলো ফিরে পাব। গত দেড় দশকে ক্লিনিকগুলোতে ভালো বিনিয়োগ হয়নি। ফলে সেবার মান ধরে রাখা কঠিন হয়েছে।’

আর্থিক স্বচ্ছতার অভিযোগ সম্পর্কে শায়লা পারভীন বলেন, ইউএসএআইডির কোনো অর্থই হিসাব ছাড়া খরচ হয়নি। তারা হিসাব নিয়েছে। সরকারের ১৫ কোটি টাকার অনুদানও সঠিকভাবে খরচ হয়েছে এবং সরকারকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ব্লাড ক্যানসার আর মরণব্যাধি নয়, জিন থেরাপিতে অভাবনীয় সাফল্য

আজকের পত্রিকা ডেস্ক­
ব্লাড ক্যানসারে আক্রান্ত আলিসা ট্যাপলি ভেবেছিল, সে হয়তো মারাই যাবে। কিন্তু জিন থেরাপিতে সে এখন সুস্থ। ছবি: বিবিসির সৌজন্যে
ব্লাড ক্যানসারে আক্রান্ত আলিসা ট্যাপলি ভেবেছিল, সে হয়তো মারাই যাবে। কিন্তু জিন থেরাপিতে সে এখন সুস্থ। ছবি: বিবিসির সৌজন্যে

কয়েক বছর আগেও যে চিকিৎসা পদ্ধতিকে বৈজ্ঞানিক কল্পকাহিনির মতো মনে হতো, সেটিই এখন দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলছে। ব্রিটিশ একদল চিকিৎসক বলছেন, নতুন এই চিকিৎসা পদ্ধতিতে (জিন থেরাপি) রোগীর শরীরের শ্বেত রক্তকণিকার ডিএনএ অত্যন্ত নিখুঁতভাবে সম্পাদনা করা হয়, যাতে এগুলো ক্যানসার ধ্বংসকারী একপ্রকার ‘জীবন্ত ওষুধে’ পরিণত হয়।

২০২২ সালে প্রথম এই চিকিৎসা নিয়েছিলেন ইংল্যান্ডের লিসেস্টারের কিশোরী আলিসা ট্যাপলি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুরু থেকে আলিসার ট্রিটমেন্টের খোঁজ রাখছিল। বিবিসি বলছে, তিনি এখন সম্পূর্ণ ক্যানসারমুক্ত। এখন তার লক্ষ্য ভবিষ্যতে একজন ক্যানসার বিজ্ঞানী হওয়া।

টি-সেল অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ায় (রক্ত ও অস্থি মজ্জার ক্যানসার) আক্রান্ত আরও আটজন শিশু ও দুজন প্রাপ্তবয়স্ককে এই থেরাপি দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ (৬৪ শতাংশ) রোগী এখন সম্পূর্ণ সুস্থ হওয়ার পথে।

যে রোগীরা এই ট্রায়ালে ছিল, তাদের ক্ষেত্রে কেমোথেরাপি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট—সব চিকিৎসাই ব্যর্থ হয়েছিল। চিকিৎসকদের ভাষায়, পরীক্ষামূলক এই চিকিৎসা ছাড়া তাঁদের সামনে ছিল কেবল ‘আরামদায়ক মৃত্যু নিশ্চিত করা’র পথ। ১৬ বছর বয়সী আলিসা বলেছেন, ‘আমি ভেবেছিলাম, আমি মারা যাব। আমি আর বড় হতে পারব না।’

বিশ্বখ্যাত গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের চিকিৎসকেরা আলিসার শরীরের পুরোনো প্রতিরোধী ব্যবস্থা নষ্ট করে নতুন প্রতিরোধী ব্যবস্থা তৈরি করেন। তাকে চার মাস হাসপাতালে কাটাতে হয়, ভাইয়ের সঙ্গেও দেখা করতে পারেনি সংক্রমণের আশঙ্কায়। এখন তার দেহে ক্যানসারের কোনো জীবাণু নেই এবং বছরে একবার চেকআপ ছাড়া আর চিকিৎসা লাগে না।

এই চিকিৎসায় ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের গবেষকেরা ব্যবহার করেছেন ‘বেস এডিটিং’ নামে একটি প্রযুক্তি।

ডিএনএর চার প্রকার বেস—এ, সি, জি ও টি (অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন এবং থাইমিন) হলো আমাদের জেনেটিক কোডের মূল ভিত্তি। বেস এডিটিং পদ্ধতিতে বিজ্ঞানীরা ডিএনএর নির্দিষ্ট স্থানে গিয়ে মাত্র একটি বেস বদলে দেন, অর্থাৎ জীবনের নির্দেশনামা নতুনভাবে লিখে দেন।

এই পদ্ধতিতে সুস্থ দাতার দেওয়া টি-সেল নেওয়া হয় এবং চার ধাপে জিন সম্পাদনা করা হয়। সম্পাদিত টি-সেল রোগীর শরীরে ঢোকার পর সব ক্যানসার বা অসুস্থ টি-সেল ধ্বংস করতে থাকে। থেরাপি প্রয়োগের চার সপ্তাহ পর যদি ক্যানসার ধরা না পড়ে, তখন রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুনরুজ্জীবিত করার জন্য বোন ম্যারো প্রতিস্থাপন করানো হয়।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ১১ জন রোগীর ওপর এই পদ্ধতির ট্রায়াল চালানো হয়। এর মধ্যে ৯ জন পুরোপুরি সুস্থ হন এবং পরে তাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করানো হয়। সাতজন রোগী চিকিৎসার তিন মাস থেকে তিন বছর পরও রোগমুক্ত আছেন।

তবে এই পদ্ধতিতে কিছু ঝুঁকিও আছে। প্রধান ঝুঁকি হলো—একজন মানুষের শরীরের পুরো প্রতিরোধী ব্যবস্থা ধ্বংস হওয়ায় মারাত্মক সংক্রমণের সম্ভাবনা।

কিংস কলেজ হাসপাতালের ডা. ডেবোরা ইয়ালপ বলেন, ‘যে রোগগুলোর চিকিৎসা সম্পূর্ণ অসম্ভব বলে মনে হয়েছিল, আমরা সেগুলোর ক্ষেত্রেও সফলতা পেয়েছি।’ স্টেম সেল চ্যারিটি অ্যান্থনি নোলানের সিনিয়র মেডিকেল অফিসার ডা. তানিয়া ডেক্সটারের ভাষায়, ‘এই রোগীদের বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না। তবে এই চিকিৎসা পদ্ধতি নতুন আশা দিচ্ছে।’

গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের প্রফেসর ওয়াসিম কাসিম বলেন, ‘কয়েক বছর আগে এটি বৈজ্ঞানিক কল্পকাহিনির মতো ছিল। এখন সেটা বাস্তবে পরিণত হয়েছে।’

এর আগে জিন থেরাপির মাধ্যমে মাত্র তিন বছরের একটি শিশুর উন্নতি দেখে চিকিৎসকেরা বিস্মিত হয়েছিলেন। হান্টার সিনড্রোম বা এমপিএস-২ নামে পরিচিত এই রোগে আক্রান্ত ওই শিশু এখন জিন থেরাপির মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

অনেক গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক আর তেমন কাজ করছে না: গবেষণা

  • ইচ্ছেমতো কেনা, অতিরিক্ত ব্যবহারের কুফল।
  • সাধারণ সংক্রমণ জটিল হচ্ছে, বাড়ছে মৃত্যুও।
  • ১০-১৫ বছরে বিশ্বজুড়ে বড় বিপদ হয়ে উঠবে।
  • খামারে অতিরিক্ত ব্যবহারও অন্যতম কারণ।
‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জীবাণুর বিরুদ্ধে অকার্যকর হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক। এতে চিকিৎসায় যেমন বেশি সময় লাগছে, তেমনি রোগীর মৃত্যুঝুঁকিও বেড়েছে। গত এক বছরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অণুজীববিজ্ঞান ও রোগপ্রতিরোধবিদ্যা বিভাগ ৪৬ হাজার ২৭৯টি নমুনা বিশ্লেষণ করে এ তথ্য দিয়েছে।

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২৫ উপলক্ষে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রিপোর্ট ২০২৪-২০২৫’ প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

বিশ্লেষণে দেখা গেছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাকসহ পরজীবীর বিরুদ্ধে অ্যান্টিমাইক্রোবিয়ালের ইচ্ছেমতো ব্যবহারের কারণে অনেক অ্যান্টিভাইরাল, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ কার্যকর হচ্ছে না। অ্যান্টিবায়োটিকের মধ্যে সিপ্রোফ্লোক্সাসিন, অ্যামোক্সিসিলিন, সেফট্রিয়াক্সোন, জেনটামাইসিন, মেরোপেনেম, টিগেসাইসিলিনসহ বহু ওষুধ কাজ করছে না। রোগীর দেহের জীবাণু এসব ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। এর ফলে রোগীর নিরাময় দীর্ঘায়িত হচ্ছে, এমনকি কিছু ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হচ্ছে।

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) হলো একটি অবস্থা; যেখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা পরজীবী অণুজীব জীবাণুবিরোধী ওষুধে কাবু না হয়ে প্রতিরোধ গড়ে তোলে। এসব ওষুধে তারা মারা যায় না কিংবা বৃদ্ধি ব্যাহত হয় না। ফলে সংক্রমণ নিরাময় করা কঠিন হয়ে পড়ে। বিষয়টি বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। মূলত ওষুধের ভুল বা অতিরিক্ত ব্যবহারের কারণে জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে ওঠে।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। সভাপতিত্ব করেন অণুজীববিজ্ঞান ও রোগপ্রতিরোধবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসের ইবনে সাত্তার।

অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, একসময় মানুষ ব্যাকটেরিয়ার কাছে পরাস্ত হতো। তখন পর্যাপ্ত ওষুধ ছিল না। আগামী ১০-১৫ বছরের মধ্যে মানবজাতি আবার সেই একই সংকটে পড়তে পারে। এবার ওষুধ থাকবে, কিন্তু সেগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর হবে না।

উপাচার্য বলেন, ‘সমস্যার দায় ও সমাধানের দায়িত্ব বিশ্ববিদ্যালয়গুলোকে নিতে হবে। গবেষণা, নীতি প্রণয়ন ও বাস্তবায়নে মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে বিএমইউকে নেতৃত্ব দিতে হবে।’

বিএমইউর অণুজীববিজ্ঞান ও রোগপ্রতিরোধবিদ্যা বিভাগ গত এক বছরে ৪৬ হাজার ২৭৯ জন রোগীর নমুনা বিশ্লেষণ করে। এতে দেখা গেছে, সিপ্রোফ্লোক্সাসিন, অ্যামোক্সিসিলিন, সেফট্রিয়াক্সোন, জেনটামাইসিনের মতো নিয়মিত ব্যবহৃত ওষুধ থেকে শুরু করে মেরোপেনেম ও টিগেসাইসিলিনের মতো ‘শেষ ধাপের’ শক্তিশালী অ্যান্টিবায়োটিক পর্যন্ত অনেক ক্ষেত্রে কার্যকারিতা হারাচ্ছে। এগুলোর বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধ দ্রুত বাড়ছে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. শাহেদা আনোয়ার। তিনি জানান, বিশ্লেষণ করা মোট নমুনার ২৪ শতাংশ (১১ হাজার ১০৮টি) বিভিন্ন জীবাণু দ্বারা সংক্রমিত। সবচেয়ে বেশি পাওয়া গেছে ই. কোলাই। এই জীবাণুর বিরুদ্ধে সিপ্রোফ্লোক্সাসিন ও অ্যামোক্সিসিলিনের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমেছে। সালমোনেলা টাইফি জীবাণু সিপ্রোফ্লোক্সাসিন ওষুধের বিরুদ্ধে খুবই জোরালো প্রতিরোধ গড়ে তুলেছে।

সেপট্রিয়াক্সোন, জেনটামাইসিন ও সিপ্রোফ্লোক্সাসিন জাতীয় ওষুধের বিরুদ্ধে ক্লেবসিয়েলা নিউমোনিয়া প্রজাতির জীবাণুর মাঝারি থেকে উচ্চমাত্রার প্রতিরোধ দেখা গেছে। এই প্রজাতির ব্যাকটেরিয়ার কারণে নিউমোনিয়া, মূত্রনালির সংক্রমণসহ বিভিন্ন রোগ হয়ে থাকে। বস্তুত এই প্রজাতিটির বিরুদ্ধে প্রায় সব অ্যান্টিবায়োটিকই এখন অকার্যকর হয়ে পড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত