উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক রোগ। সমন্বিত উদ্যোগের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে। ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এই মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। আজ শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে দেশের জনগোষ্ঠীর মধ্যে উচ্চ রক্তচাপ পরিস্থিতি, প্রতিরোধ, চিকিৎসা, ওষুধ সরবরাহ, মোকাবিলায় বাজেট বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক রোগ। এটি দীর্ঘদিন উপসর্গহীনভাবে শরীরে থেকে হৃদ্রোগ, স্ট্রোকসহ প্রাণঘাতী জটিলতার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, ‘দেশে ২১ থেকে ২৩ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। তাদের মধ্যে মাত্র ১৪ শতাংশ রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে আছে।’
উপাচার্য দীর্ঘমেয়াদি কার্যকর ওষুধ ব্যবহারের পাশাপাশি জাতীয় ওষুধ নীতি আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘উচ্চ রক্তচাপ হৃদ্যন্ত্র, কিডনি, মস্তিষ্ক, রক্তনালি ও চোখ—এই পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই চিকিৎসায় কোনো ওষুধ দীর্ঘ মেয়াদে কার্যকর এবং কোনটি অঙ্গ সুরক্ষায় সহায়ক, তা বিবেচনায় নেওয়া জরুরি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘উচ্চ রক্তচাপ শুধু হৃদ্রোগ বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায় না, এটি ধীরে ধীরে রক্তনালির স্বাভাবিক কার্যকারিতা নষ্ট করে জটিলতা সৃষ্টি করে।’ গবেষণার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ পুরুষদের মধ্যে যৌন স্বাস্থ্যজনিত সমস্যার কারণ হতে পারে, যা ভবিষ্যৎ হৃদ্রোগের একটি আগাম সতর্কসংকেত।’ তিনি নিয়মিত রক্তচাপ পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনযাপন, ধূমপান বর্জন এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, বিএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।
অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি বলেন, ‘উচ্চ রক্তচাপ এখন একটি বড় জনস্বাস্থ্য-সংকট। ৩০ থেকে ৭৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ২৮ শতাংশ এতে আক্রান্ত। তরুণদের মধ্যেও এর বিস্তার বাড়ছে।’ তিনি এ ক্ষেত্রে ঝুঁকি হিসেবে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত লবণ গ্রহণ, শারীরিক নিষ্ক্রিয়তা, মানসিক চাপ ও তামাক ব্যবহারের কথা তুলে ধরেন।
অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, ‘নগরায়ণ, বায়ুদূষণ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, মানসিক চাপ এবং শারীরিক পরিশ্রম কমে যাওয়া উচ্চ রক্তচাপের প্রধান কারণ। এই সমস্যা মোকাবিলায় বহুমুখী ও সমন্বিত উদ্যোগ গ্রহণ অপরিহার্য।’
বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মামুনুর রশিদ বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী আক্রান্তদের বড় একটি অংশ এখনো তাদের রোগ সম্পর্কে সচেতন নয়। তাই জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।’
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, গবেষক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে বিনা মূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ নিশ্চিত করা, শক্তিশালী নীতিমালা প্রণয়ন এবং সচেতনতামূলক কর্মসূচি জোরদারের আহ্বান জানান।

দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন। আজ বুধবার ডেঙ্গু বিষয়ক হালনাগাদ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।
১৬ ঘণ্টা আগে
গর্ভে থাকা শিশুর ফুসফুসে তৈরি হওয়া বড় টিউমার অস্ত্রোপচার ছাড়াই ছোট করে দেওয়ার নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন চীনের চিকিৎসকেরা। গর্ভস্থ শিশুর ‘কনজেনিটাল পালমোনারি এয়ারওয়ে ম্যালফরমেশন’ (সিপিএএম) চিকিৎসায় মাইক্রোওয়েভ অ্যাবলেশন পদ্ধতির প্রথম সফল প্রয়োগ হিসেবে ঘটনাটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।
১৭ ঘণ্টা আগে
রাশিয়ায় প্লেগ ও বিপজ্জনক জীবাণু নিয়ে গবেষণারত একটি প্রতিষ্ঠানের ২৮ বছর বয়সী এক নারী গবেষকের নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে। তাঁর অসুস্থতার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় সাইবেরিয়ার ইরকুটস্ক রিসার্চ অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটের আরও কয়েকজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
২ দিন আগে
বিশ্বের বিভিন্ন দেশে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে কয়েক ধরনের ক্যানসারের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের ক্যানসার-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে নতুন এক আন্তর্জাতিক গবেষণায় সাত ধরনের ক্যানসারের ক্ষেত্রে তরুণদের মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধির তথ্য পাওয়া গেছে।
২ দিন আগে