
শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে কোনো এক বিদ্যালয়ের রক্তাক্ত সিঁড়ির সামনে মাঠে বসে আছেন এক যুবক। কখনো হাঁটুতে মাথা গুঁজে দিচ্ছেন, কখনো হাত ছড়িয়ে দিয়ে হাঁসফাঁস করছেন, চিৎকার করছেন। তাঁর ঘাড়ে ও পায়ে গুরুতর জখম থেকে গড়িয়ে পড়ছে রক্ত। একপর্যায়ে শরীর নিস্তেজ হয়ে পড়লে মাটিতে লুটিয়ে পড়েন! অন্যদিকে চারদিকে কয়েক গজ দূরত্বে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলের এলাকার বাসিন্দারা। যে যেভাবে পারছেন ভিডিও করছেন; কিন্তু ওই ব্যক্তিকে হাসপাতালে নিতে এগিয়ে যাচ্ছেন না কেউই!
এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওর ক্যাপশনে অধিকাংশই গুরুতর আহত মানুষকে হাসপাতালে না নিয়ে ভিডিও করা ‘অমানবিকতা’ বা ‘মানবিক অবক্ষয়’-এর দৃষ্টান্ত বলে ইঙ্গিত করছেন। সেসব ভিডিওতে মন্তব্যের ঘরেও অধিকাংশের মন্তব্য তা-ই।
জানা গেছে, নিহত যুবক দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মাঠে পড়ে ছিলেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন চিকিৎসক।
ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। মাঠটি লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা উচ্চবিদ্যালয়ের।
নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি ওই গ্রামের সাফি উদ্দিনের ছেলে। আর এই ঘটনায় অভিযুক্ত তাঁরই চাচা মরম আলী ও সহযোগীরা। ঘটনার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন।
আজ শনিবার নিহত যুবকের মা শিরিনা আক্তার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরম আলী ও তাঁর ভাতিজা আনোয়ার হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস-দরবার হলেও কোনো সমাধান হয়নি। শুক্রবার দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের মধ্যে আবার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মরম আলী ও তাঁর লোকজন আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এরপর গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে পূর্বচর পাড়াতলা উচ্চবিদ্যালয়ের মাঠে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
নিহত যুবকের মা শিরিনা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমরা দুপুরে বাড়িতে ছিলাম না। এই সুযোগে মরম আলী লোকজন নিয়ে আমার ছেলেকে কুপিয়ে আহত করে এবং ঘরের দরজা আটকে রাখে। পরে স্কুলের বারান্দায় ফেলে রেখে মৃত্যু নিশ্চিত করে। দীর্ঘ সময় তারা পাশে দাঁড়িয়ে থেকে কাউকে কাছে আসতে দেয়নি।’
নিহত যুবকের বোন সালমা আক্তারের অভিযোগ, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে কষ্ট দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
এদিকে গুরুতর আহত এক ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা কেন বাঁচাতে এগিয়ে গেলেন না, এ প্রশ্নের জবাবে তাঁরা জানান, আনোয়ার হোসেনের কর্মকাণ্ডে ‘অতিষ্ঠ’ ছিলেন তাঁরা।
নাঈম নামে এক স্থানীয় বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকায় আনোয়ার “আগুন মিস্ত্রি” নামে পরিচিত। উনি নিয়মিত গাঁজা সেবন করতেন, মাদকাসক্ত ছিলেন। এলাকার কারও সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না।’
নাঈম আরও বলেন, ‘আনোয়ারের সঙ্গে কোনো কারণে কারও দ্বন্দ্ব হলে তাঁর ক্ষতি করার জন্য বাড়িঘরের কোথাও না কোথাও আগুন লাগায়ে দিতেন। তিনি একাধিক লোকের খড়ের গাদা, গোয়ালঘরে আগুন দিছেন। সেই আগুনে একজনের গরু পুড়ে মারা গেছে। তাঁর নামে একাধিক মামলাও আছে।’
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ (শনিবার) নিহত যুবকের মা বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘নিহত আনোয়ারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা ছিল।’

বেলা সাড়ে ১১টা। গ্যাসপাম্পের সামনে তখনো সারি সারি সিএনজিচালিত অটোরিকশা। কোনো চালক গাড়ির পাশে বসে আছেন, কেউ ক্লান্ত শরীরে সিটে হেলান দিয়ে চোখ বুজেছেন। সবাই অপেক্ষায় কখন গ্যাস পাবেন, কখন গাড়ি নিয়ে রাস্তায় নামবেন। কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না।
১ ঘণ্টা আগে
ভাঙার জন্য জাহাজ আমদানির পর ইয়ার্ডের সৈকতে ভেড়ানোর জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীন ‘শিপ রিসাইক্লিং বোর্ড’ থেকে প্রাথমিক অনুমতি (বিচিং পারমিশন) নিতে হয়। আর জাহাজের ফুয়েল ট্যাংক বা কার্গো হোল্ডে কোনো বিষাক্ত বা দাহ্য গ্যাস আছে কি না, তা পরীক্ষা করে ‘হট ওয়ার্ক/গ্যাসমুক্ত সনদ’ দেয় বিস্ফোরক অধিদপ্তর।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে মনু সেচ প্রকল্পের কাশিমপুর পাম্প হাউস। কৃষকদের কথা চিন্তা করে হাওরের পানি কমানোর জন্য এই পাম্প স্থাপন করা হয়। একটা সময় এটি হাওরাঞ্চলের কৃষকের ভরসা ছিল। তবে এখন সেটিই যেন সংকটের কারণ হিসেবে দাঁড়িয়ে আছে। পাম্পগুলো দিয়ে পর্যাপ্ত পানি না কমায় কৃত্রিম
২ ঘণ্টা আগে
সারা দেশে চলমান লোডশেডিংয়ের প্রভাব পড়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্পেও। বিদ্যুৎ না থাকায় দিনের বেশির ভাগ সময় তাঁত বন্ধ থাকছে। এতে উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। সময়মতো অর্ডার সরবরাহ করতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।
২ ঘণ্টা আগে