
চট্টগ্রামের আনোয়ারায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইয়াছিন আরাফাত (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার পর আইনি পদক্ষেপের বদলে সালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা ও সমঝোতার চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইসমাঈলের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ঘটনার দিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তার ইয়াছিন আরাফাত উপজেলার স্থানীয় বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ইয়াছিন আরাফাত ওই স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন। কিশোরী তাতে রাজি না হওয়ায় তার ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি।
এজাহার অনুযায়ী, গত বুধবার সকাল আটটার দিকে কিশোরীটি বাড়ি থেকে কোচিং সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে ওত পেতে থাকা ইয়াছিন তাকে জোরপূর্বক ও ভয়ভীতি দেখিয়ে স্কুলের পেছনে একটি নির্জন মুরগির খামারে নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা চালানো হলে কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের তৎপরতায় কিশোরীকে উদ্ধার করা সম্ভব হলেও ইয়াছিন কৌশলে পালিয়ে যান।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর ইউপি সদস্য মোহাম্মদ ইসমাঈল বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত না নিয়ে স্থানীয়ভাবে সমঝোতার জন্য একটি বৈঠক করেন।
তবে সমঝোতার চেষ্টার অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মোহাম্মদ ইসমাঈল বলেন, ‘বিষয়টি সমঝোতার চেষ্টা নয়। ভুক্তভোগী ও অভিযুক্তের পরিবারের উপস্থিতিতে আমিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সেখানে গিয়েছিলাম। পরে তো আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার দিন বিকেল তিনটার দিকে ৯৯৯ এ কলের মাধ্যমে স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনা জানানো হয়। তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।’
ওসি আরও বলেন, ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
৩৩ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবদল নেতা মুকুলের বাড়িতে আগুন দেয় ও ভাঙচুর চালায়। বোনারপাড়ায় সড়ক অবরোধের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বলেছে, আগুনে কয়েকটি ঘর পুড়ে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।
৩৬ মিনিট আগে
কক্সবাজারের রামু উপজেলার মণ্ডলপাড়া গ্রামের শিক্ষক লোকমানুল হক সম্প্রতি তাঁর মামাতো ভাইয়ের জমি বিক্রয়ের নিবন্ধনে (রেজিস্ট্রির) সাক্ষী হয়েছিলেন। জমিদাতার খতিয়ানে বাবার নামে নাছিরের জায়গায় ‘নাদির’ লেখা ছিল। নামের এই ভুলের জন্য সাব-রেজিস্ট্রার আটকে দেন জমির নিবন্ধন।
৮ ঘণ্টা আগে
বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর বানিয়াজান ও শহড়াবাড়ি স্পার মাঝখানে ভাঙন দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে এই ভাঙন চোখে পড়েছে। এতে যমুনার তীর সংরক্ষণ প্রকল্প, বন্যা নিয়ন্ত্রক বাঁধ, জনবসতি এলাকা ও আবাদি জমি নদীতে বিলীন হওয়ার হুমকিতে পড়েছে।
৮ ঘণ্টা আগে