দেশে ঘটনাবহুল আগস্ট মাসের শুরুতে রেমিট্যান্স সংগ্রহ তলানিতে নামলেও মাসের শেষের দিকে ঊর্ধ্বমুখী হয়েছে। যার ফলে জুলাইয়ের তুলনায় আগস্টে রেমিট্যান্স বেশি এসেছে প্রায় ৩১ কোটি ডলার। আগস্টে প্রতিদিন গড়ে ৭ দশমিক ৬৬ কোটি ডলার আসায় মাস শেষে রেমিট্যান্স দাঁড়িয়েছে ২২২ কোটি ১৪ লাখ ডলার। জুলাই মাসে এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ডলার। এদিকে রেমিট্যান্স বাড়ায় রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। সেপ্টেম্বরে ব্যয়যোগ রিজার্ভ সংরক্ষণে আইএমএফের ১৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের শর্ত অতিক্রম হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্সের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আগস্টের প্রথম তিন দিনে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৭ লাখ ডলার। ৪ থেকে ১০ আগস্ট এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ডলার। প্রথম ১০ দিনে এসেছে মাত্র ৪৮ কোটি ২৮ লাখ ডলার। প্রথম ১০ দিনে গড়ে এসেছে ৪ কোটি ৮২ লাখ ডলার। কিন্তু ১১-১৭ আগস্ট আসে ৬৫ কোটি ১৫ লাখ ডলার। আর ১৮-২৪ আগস্ট এসেছে ৫৮ কোটি ৪১ লাখ ডলার। এই ৭ দিনে গড়ে এসেছে ৮ কোটি ৩৫ লাখ ডলার। আর শেষ ৭ দিনে (২৫ থেকে ৩১) এসেছে প্রায় ৫০ কোটি ৩০ লাখ ডলার। গড়ে এসেছে ৭ কোটি ১৯ লাখ ডলার।
একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, গত জুলাই মাসের ১ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে রেমিট্যান্স সংগ্রহ স্বাভাবিক ছিল না। এ সময় ব্যাংকিং কার্যক্রমও বাধাগ্রস্ত হয়। অপর দিকে প্রবাসীদের একটা বড় অংশ রেমিট্যান্স না পাঠানোর ঘোষণা দেয়। যার প্রভাবে জুলাইতে রেমিট্যান্সে ধাক্কা লাগে, যা ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন পর্যন্ত চলমান ছিল। এতে রেমিট্যান্সে বড় ধাক্ক লাগে। আগস্ট মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স আসা তলানিতে নেমে গিয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে পর্যায়ক্রমে বাড়তে শুরু করে রেমিট্যান্স। এ ধারা অব্যাহত থাকলে আগামী দুই-তিন মাসে রেমিট্যান্স সংগ্রহ ৩ বিলিয়ন ডলার অতিক্রম করবে।
এদিকে রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি ডলারের সরবরাহ বেড়ে গেছে। গত ৩১ আগস্ট মোট রিজার্ভ প্রায় ২৬ বিলিয়নের কাছাকাছি চলে গেছে। আন্তর্জাতিক মানদণ্ড (বিপিএম৬) অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। আর ব্যয়যোগ রিজার্ভ ১৫ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। ডলার পরিস্থিতির উন্নতি ঘটায় ব্যাংকগুলো রেমিট্যান্সের ডলারের সর্বোচ্চ দর ১২০ টাকা নির্ধারণ করেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, এপ্রিল মাস থেকে টানা তিন মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। তবে জুলাইয়ে কিছুটা কমে যায়। মূলত ব্যাংক ঠিকমতো চালু ছিল না। আবার প্রবাসীদের একটা অংশ ঘোষণা দিয়ে রেমিট্যান্স পাঠানো থেকে বিরত থাকে। তবে সম্প্রতি ব্যাপক হারে রেমিট্যান্স আসছে। এতে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। আইএমএফের রিজার্ভ রাখার শর্তও পূরণ হয়েছে।
আরও খবর পড়ুন:

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫-২০ টাকা বৃদ্ধির ঘোষণার পর থেকে সর্বত্র একধরনের অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে। এর মধ্যে ঘোষণা এল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির। সেটাও বেশ বড় বৃদ্ধি, ১৭ দিনের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৫৯৯ টাকা।
৫ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি চাহিদা তৈরি হয়েছে। অথচ সরবরাহ এত দিন দেওয়া হচ্ছিল গত বছরের গড় হিসাবে। ফলে বাড়তি চাহিদা পূরণ না হওয়ায় বাজারে সংকট তৈরি হয়। এ পরিস্থিতিতে এখন জেলা প্রশাসনের...
৭ ঘণ্টা আগে
দেশের অনেক তরুণ এখন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, গড়ে তোলার চেষ্টা করছেন নতুন স্টার্টআপ। তরুণদের এসব উদ্ভাবন ও সামাজিক উদ্যোগকে টেকসই রূপ দিতে তাঁদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। এ লক্ষ্যে ব্র্যাকের ইয়ুথ প্ল্যাটফর্ম চালু করেছে ‘আমরা নতুন তরুণ সামাজিক উদ্যোক্তা ফেলোশিপ প্রোগ্রাম’।
১১ ঘণ্টা আগে
চিফ হুইপ এমপিদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং একটি রূপক বা স্যাটায়ার তিমি ও হাঙর মাছের নাম ব্যবহার করেছিলেন। তার মিম শেয়ার করার কারণে সাইবার নিরাপত্তা আইনের ২৫ ধারায় মামলা হয়েছে। এই ধারা মূলত যৌন নির্যাতন সংক্রান্ত বিষয়ে প্রয়োগের কথা, কিন্তু একটি মিম শেয়ার করার মধ্যে যৌন নির্যাতন কোথায়...
১১ ঘণ্টা আগে