
বিএনপি নেতার নামে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নাজিরের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার শহরের জজ আদালতে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম রাহি (২৭), মুস্তাক আহমেদ (৩০) ও আইনজীবী সহকারী কবির হোসেন (৩২)। এর মধ্যে দুজন ছাত্রদলের কর্মী এবং জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিম চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা ও দায়রা জজ আদালতের নাজিরের কাছে চাঁদা দাবি করায় আমরা তিনজনকে আটক করেছি। অভিযোগকারী মামলা দায়ের করার পর আসামিদের আদালতে সোপর্দ করব।’
তিনি বলেন, ‘হঠাৎ করে কেন এভাবে একজন নাজিরের কাছে চাঁদা দাবি করা হলো? জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জানা যায়, শহরের জজকোর্ট এলাকায় বিএনপি নেতার নামে আদালতের নাজির মোহাম্মদ গোলাম কিবরিয়ার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন আটক ব্যক্তিরা। পরে ওই তিনজনকে আটকে রেখে বিষয়টি জেলা বিএনপির সাধারণ সম্পাদককে জানানো হয়। তিনি আটক ব্যক্তিদের (চাঁদাবাজ) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন। খবর পেয়ে সদর থানা-পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কথা বলতে জজ আদালতের নাজির মোহাম্মদ গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে কল করা হলে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নামে কেউ চাঁদা দাবি করলে তাকে আটক করে পুলিশে দেওয়ার জন্য আমরা সবাইকে বলেছি। জেলা বিএনপির ইমেজ জনগণের কাছে নষ্ট করতে এ চক্রান্ত করা হচ্ছে।’
তিনি বলেন, ‘সামনে নির্বাচন আমরা সেভাবেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের নেতা তারেক রহমানও বিভাগীয় আলোচনায় এ নির্দেশনা দিয়েছেন যে কেউ যদি বিএনপির সঙ্গে থেকে চাঁদাবাজি বা অন্য কোনো অপকর্মে লিপ্ত হয়; তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কাউকে ছাড়া দেওয়া হবে না।’

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
১৯ মিনিট আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
৪০ মিনিট আগে
আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৮ ঘণ্টা আগে