
শিউলি বেগম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় চাল সহায়তা পাওয়ার তালিকায় তাঁর নাম রয়েছে ১০০ নম্বরে। আজ শনিবার দুপুরে তাঁর স্বামী সেনারুল ইসলাম চাল নিতে আসেন ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে। সংশ্লিষ্ট স্লিপে লেখা ‘১০০ টাকা বাকি’।
কারণ জানতে চাইলে সেনারুল জানান, সরকারি সহায়তার এই চাল পাওয়ার জন্য ইউপি সদস্য কুলসুম আক্তারের স্বামী হানিফকে ১ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। এখন পরিষদে আরও ১০০ টাকা দিতে হবে। সেটাই স্লিপে লিখে দিয়েছে।
একই ওয়ার্ডের আরেক বাসিন্দা মরিয়ম বেগমও এসেছেন চাল নিতে। তিনি জানান, তাঁর স্বামী খোরশেদ আলী ইউপি সদস্য শরিফুল ইসলামকে ১ হাজার টাকা দিয়েছেন। বাকি ১০০ টাকা দিলে ইউপি কার্যালয় থেকে ভিডব্লিউবি কর্মসূচির পাঁচ মাসের পাঁচ বস্তা (প্রতিটি ৩০ কেজি) চাল পাবেন।
এমন অভিযোগ শুধু মরিয়ম বা সেনারুলের নয়, চাল নিতে আসা প্রায় সব সুবিধাভোগীরই। প্রত্যেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যকে অগ্রিম ১ হাজার টাকা এবং ইউপি কার্যালয়ে ১০০ টাকা দেওয়ার শর্তে চাল সংগ্রহের স্লিপ পেয়েছেন। এতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের স্বাক্ষর রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ভানোর ইউনিয়নের ৩০৫ সুবিধাভোগীর মধ্যে চাল বিতরণ শুরু হয় শনিবার সকাল থেকে। জানুয়ারি থেকে মে—এই পাঁচ মাসের চাল দেওয়া হয়। একসঙ্গে ১৫০ কেজি চাল পাওয়ার কথা থাকায় প্রত্যেক সুবিধাভোগীর কাছ থেকে ১ হাজার টাকা করে নেন ইউপি সদস্যরা।
সরেজমিনে দেখা গেছে, ইউপি কার্যালয়ে চাল বিতরণ করেন ইউপিসচিব হাবিবুল্লাহ। ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মমিনুর রহমান। সেখানে সুবিধাভোগীদের কাছ থেকে স্লিপ এবং অতিরিক্ত আরেকটি কাগজ জমা নেন ইউপিসচিব। ওই কাগজে লেখা, ‘চাল উত্তোলনের জন্য কাউকে টাকা দিইনি।’

এ নিয়ে কথা হলে ক্ষোভ প্রকাশ করে ৩ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগী রূপসানা আক্তারের স্বামী এহেসান আলী বলেন, ‘মেম্বারেরা টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। এখন আবার আমাদের কাছ থেকেই লিখিত নিচ্ছে যে আমরা কোনো টাকা দিইনি। প্রথমে টাকা দিয়ে পাপ করেছি, এখন লিখিত দিয়ে আরও পাপ বাড়াচ্ছি। অনিয়ম এখানে নিয়মে পরিণত হয়ে গেছে।’
এ বিষয়ে কথা বলতে চাইলে উপস্থিত ইউপি সদস্যরা সাংবাদিকদের দেখে দ্রুত সটকে পড়েন। পরে একাধিক ইউপি সদস্যকে ফোন দিলেও কেউ রিসিভ করেননি। অন্যদিকে ইউপি সদস্য কুলসুম আক্তারের স্বামী হানিফ ১ হাজার টাকা করে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘১০০ টাকা করে ইউপি কার্যালয়ে জমা দিয়ে চাল নেবেন। এই টাকা চাল আনা-নেওয়ার খরচ হিসেবে দিতে বলেছি।’

এদিকে ইউপিসচিব হাবিবুল্লাহ জানান, চালের বিপরীতে টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হলে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ নিজেই এসে সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন। তাঁরা ইউএনওকে টাকা নেওয়ার বিষয়ে জানিয়েছেন। তারপরও সুবিধাভোগীদের কাছ থেকে ‘চাল উত্তোলনের জন্য কাউকে টাকা দিইনি’ এমন স্বীকারোক্তি কেন নিচ্ছেন—জানতে চাইলে হাবিবুল্লাহ বলেন, ‘এটা বাঁচার জন্য নিচ্ছি।’
যোগাযোগ করা হলে ইউএনও পলাশ বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। সুবিধাভোগীদের নিকট থেকে টাকা নেওয়ার বিষয়টির সত্যতা পাওয়া গেছে। ইউপিসচিবকে একটা লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। যেসব ইউপি সদস্য জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হবে।’

নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে আরশাদ হোসেন ওরফে আকা (২২) নামের এক যুবকের ছুরিকাঘাতে ফারুক হোসেন শহীদ (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত আকা ও তাঁর সহযোগী আকাশকে (২৪) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
১৮ মিনিট আগে
কিং কোবরা, কালো গোখরা, পঙ্খীরাজ, কালকেউটে, পদ্মগোমা, সাদা গোমা, বিষঝুড়ি, পাইথন ও দাঁড়াশসহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই শ সাপ রয়েছে। এটি কোনো জঙ্গলের চিত্র নয়, পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে খামারের চিত্র। এই খামার থেকে সংগ্রহ করা হবে সাপের বিষ।
৬ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ সদর ও সিরাজদিখান উপজেলায় যাচাই-বাছাই কমিটির তদন্ত শেষে বাদ দেওয়া ২০ শিক্ষককে পুনর্বহাল করেছে ইসলামিক ফাউন্ডেশন। ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পে এসব শিক্ষককে পুনর্বহাল করা হয়।
৭ ঘণ্টা আগে
রাজশাহী শহরের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়া ২৩৮ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আসেনি। তারা সবাই রাজশাহী উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বৃত্তি পরীক্ষা দিয়েছিল। তারা ১১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। শিক্ষক-অভিভাবকেরা ধারণা করছেন, শিশুদের পরীক্ষার...
৭ ঘণ্টা আগে