
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত আনোয়ার আহমেদ (৫২) নামের এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিয়ার সাহাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার আহমেদ চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি স্ত্রী ও দুই মেয়ে নিয়ে এক বছর ধরে ঈশ্বরদীর দিয়ার সাহাপুরে হাবিবুর রহমান হাবুর বাড়িতে ভাড়া থাকতেন। আনোয়ার আট বছর ধরে রূপপুর প্রকল্পে নিকিমথ নামে একটি রাশিয়ান কোম্পানিতে দোভাষী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার আহমেদ কয়েক দিন আগে স্ত্রীসহ চট্টগ্রামে বেড়াতে যান। শনিবার বেলা তিনটার দিকে ১০ দিনের ছুটি শেষ করে তিনি স্ত্রীকে চট্টগ্রামে রেখে ঈশ্বরদীর ভাড়া বাসায় ফিরে আসেন। এর পর থেকে তাঁর স্ত্রী তাঁকে ফোনে পাচ্ছিলেন না।
এই অবস্থায় আনোয়ারের স্ত্রী ওই এলাকার এক প্রতিবেশীকে (ভাবি) মোবাইলে স্বামীর খোঁজ নিতে অনুরোধ করেন। প্রতিবেশী খোঁজ নিতে এসে দেখেন, আনোয়ার আহমেদ ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে দোভাষীর মরদেহ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্য পাঠানো হয়।
বিষয়টির সত্যতা স্বীকার করে ঈশ্বরদী থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) লতিফুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। এর আগেও তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল বলে পরিবার থেকে জানানো হয়েছে।’
এসআই লতিফুর রহমান জানান, নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে তাঁরা ঈশ্বরদী থানায় পৌঁছানোর পর তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহের ময়নাতদন্তের বিষয়টি নিশ্চিত করা হবে।

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
৪৪ মিনিট আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
১ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
২ ঘণ্টা আগে