পাবনায় জেলি-কস্টিক সোডায় দুধ তৈরি, দুজনের কারাদণ্ড

পাবনার ফরিদপুর উপজেলায় জেলি ও কস্টিক সোডা ব্যবহার করে ভেজাল দুধ তৈরির অভিযোগে দুজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের সাজা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে জেলি ও কস্টিক সোডা ব্যবহার করে ভেজাল দুধ তৈরির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় আবুল হোসেন (৩৬) নামের একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ওমর ফারুক নামের অপর একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা ভেটেরিনারি সার্জন আলহাজ উদ্দিনসহ থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









