পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ

পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুর থেকে থেমে সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিপরীতে আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।’
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। এরপর থেকে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনার জের ধরে গত দুই দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগর পাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উভয় পক্ষের বিক্ষোভ মিছিল ও পাল্টাপাল্টি ধাওয়ায় উত্তেজনা বিরাজ করছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীরা এতে উপস্থিত ছিলেন।
বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছিল। সংঘর্ষের ভিডিওচিত্র ধারণ করতে গিয়ে স্থানীয় এক সংবাদকর্মী লাঞ্ছিত হন।









