Ajker Patrika

রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২১: ২০
রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে
ফাইল ছবি

রাজধানীর লক্ষ্মীবাজারে কবি নজরুল সরকারি কলেজের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে গুরুতর আহত হয়ে জাহাঙ্গীর আলম (৪৫) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মচারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বিস্ফোরকটি জাহাঙ্গীরের মাথার ওপর পড়ে সেখানেই বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছেন তাঁর বড় ভাই।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর হোসেন জানান, তাঁদের বাসা রাজধানীর লালবাগ আজিমপুরে সমাজকল্যাণ গলিতে। তাঁর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালির কাজ করেন। পাশাপাশি কবি নজরুল কলেজেও খণ্ডকালীন মালির কাজ করেন।

আলমগীর হোসেন আরও জানান, বিকেল সাড়ে ৫টার দিকে কাজ শেষ করে কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় হঠাৎ ওপর থেকে একটা ককটেল এসে জাহাঙ্গীরের মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। তাঁর মাথা আর চোখে গুরুতর জখম হয়েছে।

তবে কে বা কারা ও কোথা থেকে এটি নিক্ষেপ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তাঁরা।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ককটেলের আঘাতে আহত ওই ব্যক্তির মাথায় ও বাম চোখে আঘাত লেগেছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত