Ajker Patrika

হাতিয়ায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

হাতিয়া প্রতিনিধি
হাতিয়ায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই
নিজাম উদ্দিন। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় পুলিশের হাত থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তারা পুলিশের হাতকড়া ছিনিয়ে নেয়। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামচরণ বাজারে এই ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে সুখচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালালেও ছিনিয়ে নেওয়া আসামিকে পাওয়া যায়নি।

পালিয়ে যাওয়া আসামি হলেন উপজেলার সুখচর ইউনিয়নের চরআমান উল্যা গ্রামের ছায়েদল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৫)। তিনি ২০২৫ সালে হাতিয়া থানার একটি হত্যা মামলার তিন নম্বর আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে থানায় আরও কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ঘটনার দিন সন্ধ্যায় হাতিয়া থানার এসআই বারীসহ কয়েকজন পুলিশ সদস্য তাঁকে আটক করতে রামচরণ বাজারে যান। তাঁরা তাঁকে এনসিপি অফিসের সামনে থেকে আটক করে নিয়ে আসার সময় তাঁর স্বজনরা গতিরোধ করে। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের কাছ থেকে তাঁকে জোরপূর্বক ছিনিয়ে নেয়।

এই ঘটনার পরপরই হাতিয়া থানা পুলিশের একাধিক টিম গিয়ে রামচরণ বাজারে উপস্থিত হয়। পরে পুলিশের সদস্যরা পালিয়ে যাওয়া আসামির সন্ধানে সুখচর ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। কিন্তু তাঁকে আটক করতে পারেনি।

স্থানীয়রা জানান, পালিয়ে যাওয়া আসামি নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য। তিনি একসময় আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে এনসিপির সক্রিয় নেতা।

স্থানীয় বাজারের এক ব্যবসায়ী জানান, এই ঘটনার কিছু সময় পর আসামি নিজাম উদ্দিনের স্বজনরা পুলিশের হাতকড়া ফিরিয়ে দেয়। তবে রাতে পুলিশ সবাইকে বাজার থেকে চলে যেতে বাধ্য করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পুলিশ তাঁকে গ্রেপ্তারের পরপরই উৎসুক জনতা ভিড় করে। এই সুযোগে তিনি পালিয়ে যান। তবে তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত