Ajker Patrika

দীপের দাবি—পুলিশের পোশাক পরা কেউ তাহসিফদের ধাওয়া করেছিল: পিবিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৫: ২৮
দীপের দাবি—পুলিশের পোশাক পরা কেউ তাহসিফদের ধাওয়া করেছিল: পিবিআই
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড় এসেছে। ঘটনার তদন্তে নেমে তাহসিফের ছোট ভাইতুল্য বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

একই সঙ্গে তুরাগ নদ থেকে তাহসিফের ভাসমান লাশ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে মাজার বস্তি এলাকা থেকে নম্বরপ্লেট ছাড়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ছাড়া পিবিআই-এর ভাষ্যমতে, পুলিশের পোশাক পরে কিছু লোক ধাওয়া করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীপ।

গত মঙ্গলবার রাতে বন্ধুর ফোন পেয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। পরদিন বুধবার বিকেলে রাজধানীর উপকণ্ঠে উত্তরখান থানার অধীন রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।

উল্লেখ্য, শেখ হাসিনার দেশত্যাগের ঘটনার সময়কার একটি আলোচিত ভিডিও ধারণকারী হিসেবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিলেন তাহসিফ সাউরী।

ঘটনার অনুসন্ধানে নেমে গতকাল বৃহস্পতিবার রাতে তাহসিফের বন্ধু দীপকে পিবিআই ঢাকা মহানগর উত্তর হেফাজতে নেয়। পিবিআই সূত্র জানায়, দীপকে সাথে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ সুপার জানান, দীপ প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন—ঘটনার দিন তাঁরা নির্দিষ্ট স্থানে কথা বলছিলেন। এমন সময় কিছু লোক তাঁদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ নিজে সেখান থেকে পালিয়ে আসেন।

তবে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান জানান, দীপের দেওয়া তথ্যগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে। তিনি বলেন, ‘দীপ দাবি করেছে যে পুলিশের পোশাক পরা কেউ তাদের ধাওয়া করেছিল। বিষয়টি কে বা কারা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তারা মাদকাসক্ত ছিল কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।’

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল নিশ্চিত করেছেন যে দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি।

নম্বরপ্লেটহীন মোটরসাইকেল উদ্ধার

মরদেহ উদ্ধারের স্থান থেকে কিছুটা দূরে টঙ্গী পশ্চিম থানার অধীন মাজার বস্তি এলাকা থেকে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, নদী থেকে আনুমানিক ৫০ গজ দূরে পাওয়া এই যানটির মালিকানা নিশ্চিত করার চেষ্টা চলছে।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, তাহসিফ বাসা থেকে বের হওয়ার সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করেছিলেন, সেটিও নম্বরপ্লেটবিহীন ছিল বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

পরিবারের বক্তব্য

তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, মঙ্গলবার সন্ধ্যায় দীপের ফোন পেয়েই বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটের দিকে তাহসিফের ফোন থেকে তাঁর মায়ের মোবাইলে একটি খুদে বার্তা (এসএমএস) আসে, যেখানে লেখা ছিল তিনি বাসায় ফিরছেন।

তবে তাহসিফের বাবার মতে, ওই বার্তা পাঠানোর সময় তাহসিফ কোনো চাপে বা ব্যস্ততায় ছিলেন বলে তাঁদের মনে হয়েছে। ওই বার্তার পর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল এবং তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার সঠিক রহস্য উদঘাটনে পিবিআই-এর একাধিক দল মাঠে কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত