সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাঁর ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিট। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে কয়েক ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ।
ঢাকা মহানগর পুলিশের পদস্থ এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দীপকে নিয়ে গেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। যদিও পিবিআইয়ের কেউ এ বিষয়ে এখনো মুখ খুলছেন না।
সংশ্লিষ্ট সূত্রটি জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।
তাহসিফ সৌরি নিখোঁজ হওয়ার আগের সময়ের একটি সিসিটিভি ফুটেজে তাঁকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেছেন।
ফুটেজে দেখা যায়, ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাহসিফের সঙ্গে ওই ব্যক্তির দেখা হয়। তাঁরা পরস্পরের সঙ্গে হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।











