ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানে ৬১ কোটি টাকার জাল-সরঞ্জাম জব্দ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের বিশেষ অভিযান শেষ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত ২১২টি অভিযানে ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার অবৈধ জাল, ১৬৬টি বিভিন্ন ধরনের জাল, চারটি বোট ও ৫৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।
জব্দ করা সামগ্রীর আনুমানিক মূল্য ৬১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮৯০ টাকা। এ ছাড়া ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সম্পদ ইলিশের নিরাপদ প্রজনন, বংশবিস্তার ও সংরক্ষণ নিশ্চিত করতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এই অভিযান পরিচালনা করে নৌবাহিনী। ২২ দিনের অভিযানে দেশের ৯টি জেলায় সাতটি জাহাজ ও বিভিন্ন কন্টিনজেন্টের মাধ্যমে নিয়মিত টহল ও নজরদারি চালানো হয়।
গভীর সমুদ্রে দেশি-বিদেশি মাছ ধরার নৌযানের অবৈধ অনুপ্রবেশ এবং নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ ঠেকাতে নৌবাহিনীর জাহাজের পাশাপাশি মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফটের মাধ্যমে নজরদারি করা হয়। একই সঙ্গে সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও দেশের অভ্যন্তরীণ নদ-নদীতে ইলিশের প্রধান প্রজননক্ষেত্রগুলোতে অভিযান চালানো হয়।
এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করে নৌবাহিনী।
অভিযানে জব্দ করা অবৈধ জাল স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হয়। জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানায় দান করা হয়। নিষেধাজ্ঞা অমান্যকারী ব্যক্তি ও মাছ ধরার বোটগুলোকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণাও চালানো হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন ও বংশবিস্তারের অনুকূল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশের ইলিশ উৎপাদন বাড়াতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় জেলেরা আবার স্বাভাবিকভাবে মাছ আহরণ ও জীবিকা নির্বাহের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে দেশের সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই ব্যবস্থাপনার পথ সুগম হচ্ছে।









