
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতাকর্মী আলোচিত বৃদ্ধা বাক্প্রতিবন্ধী বুবি বেগম (৭০) আর নেই। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে মেথিকান্দা রেলস্টেশনেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত শনিবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত স্টেশনে তাঁর কক্ষে ঢুকে হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করে। দীর্ঘদিনের সঞ্চিত টাকা লুট করে নেয়। হামলার সময় তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। এতে তাঁর মুখমণ্ডল, চোখের নিচে রক্তাক্ত জমাট ক্ষত, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ফুলে যাওয়া জখমের চিহ্ন দেখা যায়।
ঘটনার পর তাঁকে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং উপজেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন তাঁর পাশে দাঁড়ায়। কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জানা গেছে, প্রায় ২৫ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে মেথিকান্দা রেলস্টেশনে এসে আর ফিরে যাননি বুবি বেগম। স্টেশনটিই হয়ে ওঠে তাঁর স্থায়ী ঠিকানা। কোনো বেতন-ভাতা ছাড়াই দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্ম, শৌচাগার ও স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেন তিনি। মানবিক কারণে স্টেশন কর্তৃপক্ষ তাঁকে একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দেয়। যাত্রী ও স্থানীয় মানুষের দেওয়া সামান্য সহায়তায় চলত তাঁর জীবন।
মেথিকান্দা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার শামিম বলেন, ‘ওই দিন রাতে দুর্বৃত্তরা মেরে তাঁর দীর্ঘদিনের সঞ্চিত টাকা নিয়ে যায়। বাক্প্রতিবন্ধী হওয়ায় কথা বলতে না পারলেও ইশারায় তিনি বোঝানোর চেষ্টা করেছেন। বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে অবগত করি। উনারা গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, ওই বৃদ্ধা মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা। বুধবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। ভারী বর্ষণে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র যানজট
৫ মিনিট আগে
কুমিল্লায় ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা দুই দিন ধরে লক্ষ্মীপুরজুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ।
৪১ মিনিট আগে
চট্টগ্রাম আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার (৬ জুলাই) বেলা ৩টা থেকে মঙ্গলবার (৭ জুলাই) বেলা ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীতে ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ হিসাবে প্রতি ঘণ্টায় গড়ে ১৬ দশমিক ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে