
মাগুরার মহম্মদপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটকের পর আকুব্বর মোল্যা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মৃত যুবকের পরিবারের অভিযোগ, আকুব্বরকে ঘুম থেকে তুলে হাতকড়া পরিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তবে অভিযানে যাওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের দাবি, আকুব্বরকে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় হাতকড়া খুলে নিয়ে তাঁকে রেখে চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল চরপাড়া গ্রামের মাজেদ মোল্যার ছেলে আকুব্বর মোল্যার বাড়িতে অভিযান চালায়। এ সময় অভিযানকারীরা আকুব্বরকে তাঁর ঘর থেকে আটক করার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁর বাসা থেকে আধা কেজি গাঁজাও উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানিয়েছেন, আকুব্বরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন অভিযানকারী দলের ওপর হামলা চালান। এতে অভিযানকারী দলের সদস্য মিথুন ব্যাপারী, উপপরিদর্শক মোছা. শাহারা ইয়াসমিনসহ তিনজন আহত হন। খবর পেয়ে মহম্মদপুর থানা-পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় আকুব্বরকে তাঁর স্বজনেরা মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকুব্বরের স্ত্রী জোসনা বেগম বলেন, ‘আমার স্বামী ঘরে ঘুমিয়ে ছিলেন। বেলা ১১টার দিকে কয়েক ব্যক্তি এসে তাঁকে টেনেহিঁচড়ে বিছানা থেকে তোলেন। কোনো কথা ছাড়াই তাঁকে হাতকড়া পরানো হয় এবং মারধর করা হয়। মারধরের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক সাদিয়া ছকিনা ঝরা বলেন, আকুব্বর মোল্যাকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরার উপপরিদর্শক মোছা. শাহারা ইয়াসমিন বলেন, ‘আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে আকুব্বরের বাড়িতে অভিযান চালাই। এ সময় তাঁর বাসা থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে ঘটনাস্থল ত্যাগের সময় স্থানীয় লোকজন আমাদের ওপর হামলা চালায়।’
মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর বলেন, মৃত যুবকের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, আকুব্বর মোল্যার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। তবে অভিযানের সময় কী ঘটেছিল, তা তদন্তের পর জানা যাবে। এ ছাড়া তাঁর মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে