
লালমনিরহাটের হাতীবান্ধায় রাস্তায় কুড়িয়ে পাওয়া ৪৪ হাজার টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন ট্রাফিক সার্জেন্ট সোহাগ চৌধুরী। আজ রোববার (২১ সেপ্টেম্বর) ব্যবসায়ী আব্দুল হাকিমের হাতে এই টাকা তুলে দেন তিনি।
জানা গেছে, আজ দুপুরে ব্যবসায়িক কাজে স্থানীয় যমুনা ব্যাংক থেকে টাকা তোলেন আব্দুল হাকিম নামের এক ব্যক্তি। ব্যাংক থেকে বের হওয়ার পথে ব্যাংকের সামনেই ৪৪ হাজার টাকার বান্ডিল তাঁর হাত থেকে অজান্তে পড়ে যায়। কিছু সময় পর রাস্তায় পড়ে থাকা টাকার একটি বান্ডিল দেখতে পান হাতীবান্ধা থানা ট্রাফিক পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী। পরে তিনি টাকার প্রকৃত মালিককে খুঁজতে থাকেন। কাউকে না পেয়ে তিনি আশপাশের লোকজন ও দোকানদারকে হারানো টাকার সন্ধানে কেউ এলে তাঁকে জানাতে বলেন। প্রায় আধা ঘণ্টা পর ব্যবসায়ী আব্দুল হাকিম টাকা খুঁজতে এসে জানতে পারেন, তাঁর হারানো টাকা ট্রাফিক পুলিশ খুঁজে পেয়েছেন। পরে তিনি ট্রাফিক সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করেন। পরে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে আব্দুল হাকিমের হাতে টাকাগুলো তুলে দেন ট্রাফিক সার্জেন্ট।
আব্দুল হাকিম বলেন, ‘দুপুরে টাকা তোলার জন্য যমুনা ব্যাংকে যাই। পরে কাজ শেষে বের হওয়ার পথে টাকাগুলো কোথায় যেন পড়ে যায়। অনেক খুঁজেও পাইনি। পরে জানতে পারি, ট্রাফিক পুলিশ সার্জেন্ট সোহাগ ভাই টাকাগুলো পেয়েছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি টাকাগুলো আমাতে ফেরত দেন। এতে আমি অনেক খুশি।’
পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় টাকাগুলো দেখতে পেয়ে নিজের কাছে রেখে দিই। পরে প্রকৃত মালিক আব্দুল হাকিম আমার সঙ্গে যোগাযোগ করলে ওসি স্যারের মাধ্যমে তাঁর টাকা তাঁকে বুঝিয়ে দিই।’
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী বলেন, পুলিশ সব সময়ই জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে থাকে। সার্জেন্ট সোহাগ চৌধুরীর কারণে বাংলাদেশ পুলিশ আজ গর্বিত। বাংলাদেশ পুলিশ প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১০ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১২ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে