Ajker Patrika

বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম-জালিয়াতির অনুসন্ধান করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জ প্রতিনিধি
বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম-জালিয়াতির অনুসন্ধান করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি
বাজিতপুর উপজেলার বালিয়ারদি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বালিয়ারদি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনিয়ম, জালিয়াতি ও নথিপত্রে অসংগতির অনুসন্ধান করায় সাংবাদিক খায়রুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা পরিচয়দানকারী বোরহানের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত ১১টা ১৬ মিনিটে ফোনে এই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রের অনিয়ম নিয়ে তদন্ত শুরু হয়েছে।

হুমকির শিকার খায়রুল ইসলাম ‘কালের নতুন সংবাদ’ পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি। অভিযুক্ত বোরহান নিজেকে বাজিতপুর উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

ঘটনার সূত্রপাত বাজিতপুর উপজেলার বালিয়ারদি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে ঘিরে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সময়ে কোনো কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রে উপস্থিত থাকেন না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের বেলা তালাবদ্ধ থাকা কেন্দ্রটি রাতে মাদকের আখড়ায় পরিণত হয়।

অনুসন্ধানে আরও জানা যায়, কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মহিতোষ বাবু সরকারি নিয়ম ভেঙে দিলালপুর এলাকার উম্মে হানি নামের এক মাঠকর্মীকে সরকারি কক্ষ ভাড়া দিয়েছেন। অভিযোগ আছে, তিনি বাড়িতে বসে খেয়ালখুশিমতো কেন্দ্র পরিচালনা করেন। হাসপাতালের সরকারি জমি দখল করে দোকান নির্মাণ ও ভাড়া দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

সংবাদকর্মীদের উপস্থিতির খবর পেয়ে সেদিন তড়িঘড়ি করে কেন্দ্রের তালা খুলতে আসেন এক পরিচ্ছন্নতাকর্মী। তিনি স্বীকার করেন, সকাল ১০টার আগে সাধারণত সেখানে কেউ আসেন না। কেন্দ্রের নিরাপত্তাকর্মীকে কর্মস্থলে পাওয়া যায়নি। তিনি ছুটিতে আছেন বলে জানানো হলেও কোনো ছুটির কাগজ দেখাতে পারেননি দায়িত্বরত মহিতোষ।

সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মাসে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা থাকলেও মহিতোষ তা কখনো করেননি বলে প্রতিবেদনে বলা হয়েছে। অথচ মাসিক প্রতিবেদনে ওই স্কুলের নাম ব্যবহার করে মাসের পর মাস ভুয়া তথ্য জমা দেওয়া হচ্ছিল।

এদিকে নথিপত্র ঘেঁটে উম্মে হানি ও তাঁর মেয়ের জন্মতারিখ ও শিক্ষাগত তথ্যেও অসংগতির অভিযোগ পাওয়া গেছে। দিলালপুর স্বাস্থ্যকেন্দ্রের মাঠকর্মী উম্মে হানির চাকরিতে যোগদান ২০০৮ সালে। আর তাঁর মেয়ে সিনসাইদি বালিয়ারদি স্বাস্থ্যকেন্দ্রের ভিজিটর পদে যোগ দেন ২০২০ সালে। নথিপত্র অনুযায়ী, মা উম্মে হানি এসএসসি পাস করেছেন ২০০৪ সালে এবং মেয়ে পাস করেছেন ২০১১ সালে। মা ও মেয়ের জাতীয় পরিচয়পত্রে দেখা গেছে, উম্মে হানির জন্ম ১৯৮৯ সালের ৩ জানুয়ারি এবং মেয়ে সিনসাইদীর জন্ম ১৯৯৫ সালের ১৮ মার্চ।

দিলালপুর স্বাস্থ্যকেন্দ্রের মাঠকর্মী উম্মে হানি বলেন, ‘আমি ২০০৪ সালে এসএসসি পাস করেছি মাদ্রাসা থেকে। আমার মেয়ে এসএসসি পাস করেছে ২০১১ সালে।’

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এসব তথ্য নিয়ে যোগাযোগ করেন সাংবাদিক খায়রুল ইসলাম। এরপর জেলা উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান জেলা কার্যালয়ের মাসিক সভায় বিষয়টি উপস্থাপন করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন বোরহান। এরপর গত মঙ্গলবার রাত ১১টা ১৬ মিনিটে ফোন করে খায়রুল ইসলামকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সময় বোরহান তাঁর আইনজীবী ছেলে এবং জেলা বিএনপির শীর্ষ নেতাদের প্রভাব খাটানোর ভয়ভীতি দেখান বলেও অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, কয়েক লাখ টাকার অবৈধ রফাদফা আড়াল করতেই সাংবাদিকের মুখ বন্ধের চেষ্টা করা হচ্ছে। হুমকির অডিও ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা কমিটি এক বিবৃতিতে সাংবাদিককে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি বলেছে, সত্য প্রকাশ করায় গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধের অপচেষ্টা বরদাশত করা হবে না। বিবৃতিতে বোরহানকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক খায়রুল ইসলামের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বোরহানের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে প্রাণনাশের হুমকি দিইনি।’

বাজিতপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজিবুর রহমান জানিয়েছেন, স্বাস্থ্যকেন্দ্রের অনিয়ম ও জালিয়াতির বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং দ্রুতই কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত