
কিশোরগঞ্জের হোসেনপুর পানান বিলের বোরো ধান ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে যাওয়ায় কয়েক শ কৃষকের স্বপ্নভঙ্গ হয়ে গেছে। পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলছেন, চৈত্রের শেষ এবং বৈশাখের শুরুতে কয়েক দিনের আগাম বর্ষায় কয়েক শ একর আবাদি বোরো ধান তলিয়ে গেছে। এক ফসলি জমি হওয়ায় কৃষকদের ছয় মাসের কষ্ট, অর্থ ও এক বছরের খোরাক চোখের সামনে তলিয়ে যাওয়ায় কৃষকদের হাহাকার ছাড়া আর কিছু করার নেই।
এমন পরিস্থিতিতে গত রোববার কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ মোহাম্মদ মহসীন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এ বিষয়ে গত রোববার অন্তত ৫০ জন কৃষকের সঙ্গে কথা হয়। কৃষকেরা এ সময় ক্ষোভ প্রকাশ করে বলেন, পানান বিলের সঙ্গে সংযোগ স্থাপন করা খালগুলোতে পানি আসার পথ থাকলেও এ বিলের পানিনিষ্কাশনের পথ বারইখালি খালে বাঁধ নির্মাণ করে ফিশারি দিয়ে প্রভাবশালী মহল এর পানিপ্রবাহের পথ বন্ধ করে দিয়েছে। যে জন্য এই জলাবদ্ধতা কৃষকদের একমাত্র ফসল বোরো ধান তলিয়ে গেছে।
হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসীন বলেন, এ বিলে মূলত হোসেনপুর, কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়ন ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কৃষকদের জমি রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে হোসেনপুর উপজেলার দুই শতাধিক কৃষক রয়েছেন। অন্য আরও কয়েক শ কৃষক নান্দাইল ও কিশোরগঞ্জ সদর উপজেলা রয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের বিভাগ থেকে সাধারণত কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না। সাধারণত প্রণোদনা দেওয়া হয়ে থাকে। আর আগামী আমন ধান চাষের সময় হয়তো প্রণোদনার আওতায় আসতে পারে; যেহেতু এটা এক ফসলি জমি। সেখানে আমন আবাদের আওতায় পড়ে না। সেই হিসেবে কৃষকেরা ক্ষতিগ্রস্তই রয়ে যাবেন।’
হোসেনপুরের ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলে কী পদক্ষেপ নিতে হয়, পরামর্শ করে সে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ দিকে কিশোরগঞ্জ সদর উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও বোরো ফসল রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন কয়েক শ কৃষক। গতকাল সোমবার সকালে উপজেলার মহিনন্দ ভাস্করখিলা বিলপাড়ে এ মানববন্ধন হয়।
কৃষকদের অভিযোগ, বিলে পানিনিষ্কাশনের পথ বন্ধ করে ফিশারি করায় কয়েক হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাঁরা জানান, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হলে তাঁরা বোরো ফসল রক্ষা করতে পারবেন। অনতিবিলম্বে খালটি খনন করে পানি চলাচলের স্থায়ী ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে কৃষকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিলে প্রভাবশালী কিছু ব্যক্তি নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র ফিশারি খনন করেছেন। এতে বিলের পানি নামার স্বাভাবিক পথগুলো রুদ্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রোপিত বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে তাঁদের সারা বছরের কষ্টার্জিত ফসল ঘরে তোলা সম্ভব হবে না।
মানববন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ। পরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে ইউএনও কামরুল হাসান বলেন, কৃষকের স্বার্থ সবার আগে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৯ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে