কাগজে-কলমে নারী-পুরুষ মিলিয়ে ১৮০ শ্রমিকের কর্মসংস্থান। অথচ খাল পুনঃখননের কাজ চলছে ছয়টি এক্সকাভেটর (ভেকু) মেশিনে। সরকারিভাবে শ্রমনির্ভর কাজে গুরুত্ব দেওয়া হলেও স্থানীয়দের দাবি, প্রকল্পে কোনো সাধারণ শ্রমিককে কাজ করতে দেখা যায়নি।
এমন অভিযোগ উঠেছে জয়পুরহাটের কালাই কানমনা-হারাবতী খাল পুনঃখনন প্রকল্পে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বাস্তবায়িত প্রকল্পটির দায়িত্বে রয়েছে কানমনা-হারাবতী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড।
সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ‘টেকসই ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় রোয়াইর স্লুইস গেট থেকে বানদীঘি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার খাল পুনঃখননে প্রথম দফায় ১ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। পরে ২০২৫-২৬ অর্থবছরে একই খালের আরও ৫ দশমিক ৯০৫ কিলোমিটার অংশ পুনঃখননের জন্য দ্বিতীয় দফায় ৭১ লাখ ১৫ হাজার ৭০ টাকা বরাদ্দ দেওয়া হয়।
এর মধ্যে কানমনা অংশে ৪ হাজার ৬৮০ মিটার খননের জন্য ৫৩ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা এবং হারাবতী অংশে ১ হাজার ২২৫ মিটার খননের জন্য ১৭ লাখ ৮০ হাজার ৯২০ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের সময় নির্ধারণ ছিল চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত।
এলজিইডির অনুমোদিত প্রাক্কলন অনুযায়ী খালের কাটিং ডেপথ সর্বনিম্ন ৪ ইঞ্চি থেকে সর্বোচ্চ ২৪ ইঞ্চি, খালের তলার প্রস্থ ১০ থেকে ১১ দশমিক ৫ ফুট এবং উপরিভাগের প্রস্থ ২২ থেকে ৩২ ফুট হওয়ার কথা। সরেজমিন দেখা যায়, বহু স্থানে সেই মাপের প্রতিফলন নেই। কোথাও উঁচু অংশের মাটি কেটে সমান করা হয়েছে, কোথাও শুধু দুই পাড়ের আগাছা পরিষ্কার ও ঘাস চেঁচে ঢালু করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির সময় খালের নিচু অংশ পানিতে তলিয়ে যাওয়ার সুযোগে খননের পরিবর্তে উপরিভাগ পরিষ্কার করেই কাজ শেষ দেখানো হয়েছে। পুরো খালে খননকাজ করেছে ছয়টি ভেকু মেশিন। শ্রমিকদের উপস্থিতি তাঁরা দেখেননি। এতে দরিদ্র শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগও নষ্ট হয়েছে বলে অভিযোগ তাঁদের।
মাত্রাই মুন্নাপাড়ার বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘এস্টিমেট অনুযায়ী কাজ হয়নি। খালের যেসব অংশে গভীরভাবে কাটার কথা ছিল, সেখানে তা করা হয়নি। অনেক জায়গায় শুধু ঘাস চেঁচে পাড় ঢালু করা হয়েছে। আবার টেন্ডার ছাড়াই খালের দুই পাড়ের গাছ কেটে ফেলা হয়েছে।’
জানতে চাইলে প্রকল্পের তদারকি কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী আবু জাফর বলেন, ‘প্রকল্পে শ্রমিক ব্যবহার করা হয়নি, ভেকু মেশিন দিয়েই কাজ হয়েছে।’
সমিতির সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম বলেন, ‘অনুমোদিত নকশা অনুযায়ী কাজ করা হয়েছে। ভেকু ও শ্রমিক সমন্বয়ে কাজ শেষ হয়েছে। অনিয়মের অভিযোগ
সঠিক নয়।’
এলজিইডি প্রকৌশলী সুমন কুমার দেবনাথ বলেন, ‘কাজ শেষ হওয়ার পর পোস্ট-ওয়ার্ক মেজারমেন্ট অনুযায়ী বিল দেওয়া হবে। কোথাও কম কাজ হলে কম বিল দেওয়া হবে। শ্রমিকের তালিকা কার্যালয়ে পাঠানো হয়েছে।’

কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের কাছে প্যারাসেইলিং, ওয়াটার বাইক, টায়ার টিউব ও বিচ বাইক এখন জনপ্রিয় বিনোদনের অংশ। তবে এই রোমাঞ্চকর অভিজ্ঞতার আড়ালে নিরাপত্তা, তদারকি ও অনুমোদন নিয়ে দীর্ঘদিনের নানা প্রশ্ন রয়ে গেছে।
১০ মিনিট আগে
চব্বিশের ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনার পতনের বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ার পর জনরোষের বহিঃপ্রকাশ ঘটেছিল সেই গণভবনে। বিক্ষুব্ধ জনতার হামলায় তছনছ হয়ে যায় পদচ্যুত স্বৈরশাসকের সুরম্য ও সুপরিসর বাসভবনটি।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনানী এলাকায় ক্রেতা সেজে স্বর্ণালংকার কেনার সময় ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনানী থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রুবেল আহম্মেদ ফকির...
৪ ঘণ্টা আগে
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজারে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া বাখরনগর গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।
৪ ঘণ্টা আগে