
ইরাকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৫ মে) বাংলাদেশ সময় ভোর ৪টায় ইরাকের কুর্দিস্তান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দক্ষিণ কোয়ালীকান্দি গ্রামের মৃত আলাউদ্দিন মাস্টারের ছোট ছেলে বজলুর রশীদ (৩৮) এবং কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারি এলাকার মৃত খলিলুর রহমানের বড় ছেলে মো. মনোহার আলী (৩৬)।
নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, মনোহার আলী চার বছর আগে ধারদেনা করে ইরাকে পাড়ি জমান। আর বজলুর রশীদ দেশটিতে যান দেড় বছর আগে। তবে তাঁদের কারোই সেখানে বৈধ কাগজপত্র বা আকামা ছিল না। ইরাকে তাঁরা দুজন একটি কনফেকশনারির দোকানে কাজ করতেন। প্রতিদিনের মতো গতকালও ভোরে কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি চলন্ত বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই প্রবাসীর মৃত্যু হয়। পরে ইরাকের পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
এদিকে দুই প্রবাসীর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পুরো মাদারগঞ্জে শোকের ছায়া নেমে আসে। নিহত মনোহার আলী ও বজলুর রশীদ উভয়ের ঘরে দুটি করে ছোট শিশুসন্তান রয়েছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
নিহত মনোহার আলীর স্ত্রী সোমা আক্তার বলেন, ‘সংসারে সুখের আশায় চার বছর আগে আমার স্বামী ঋণ করে ইরাকে যান। সেখানে তিনি ভালো অবস্থায় ছিলেন না। এখন আমরা কীভাবে চলমু? আমার সন্তান যেন তার বাবার মুখটি শেষবারের মতো দেখতে পারে, সে জন্য সরকারের কাছে দাবি রইল। দ্রুত যেন আমার স্বামীর লাশ দেশে পাঠানো হয়।’ একই দাবি জানিয়েছেন নিহত বজলুর রশীদের পরিবার ও স্বজনেরাও।
বজলুর রশীদের ভাই সাফিউল ইসলাম জুয়েল বলেন, ‘আমার ছোট ভাই বজলুর রশীদ দেড় বছর আগে ইরাকে গিয়েছিল। তার লাশটি যেন দ্রুত দেশে আসে, সে জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছি, মাদারগঞ্জের দুজন প্রবাসী ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে লাশ দেশে আনার ব্যাপারে সংশ্লিষ্ট দূতাবাসকে চিঠি দেব।’

ফরিদপুরের কৃষ্ণনগর ইউনিয়নের সদস্য মো. নান্নু মোল্যার বিকাশ নম্বরে এক নারীর মাতৃত্বকালীন ভাতার টাকা আসার অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, কারিগরি ত্রুটিতে এমনটি হয়েছিল এবং সব টাকা উপকারভোগীকে ফেরত দিয়ে তাঁর হিসাব নম্বর সংশোধন করা হয়েছে।
১ মিনিট আগে
দুর্ঘটনাকবলিত গাড়িটি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলামের। ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তাঁর ছেলে সাদমান সাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
১৬ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন ফার্মেসিগুলোতে অভিযান চালিয়ে ৭টির বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় করা মামলাগুলোতে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
২৫ মিনিট আগে
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। এ ঘটনায় তাঁর মাথা ফেটে গেছে। পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন।
৩০ মিনিট আগে