Ajker Patrika

মোটরসাইকেলে ফিরছিলেন গ্রামের বাড়ি, ট্রাক চাপায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত জজ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
মোটরসাইকেলে ফিরছিলেন গ্রামের বাড়ি, ট্রাক চাপায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত জজ
এম এ আউয়াল সরকার (৫৫)। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক চাপায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা দায়রা জজ এম এ আউয়াল সরকার (৫৫)। তিনি উপজেলার বামনডাঙা ইউনিয়নের মনিরাম (গাজীর মোড়) গ্রামের মৃত সৈয়দ আলী ব্যাপারীর ছেলে।

আজ সোমবার সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বামনডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

তিনি বলেন, ‘গতকাল রোববার রাত ১০টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কের বামনডাঙা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে।’

স্থানীয়রা জানান, এম এ আউয়াল সরকার মোটরসাইকেলের পেছনে বসে গাইবান্ধা শহর থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান। তবে মোটরসাইকেল ও চালক অক্ষত।

মোটরসাইকেল চালক মো. আসাদুল ইসলাম (৫০) বলেন, ‘সামনে থেকে একটা ট্রাক আসতেছিল। আমরা সাইড নিই। মোটরসাইকেল স্লো ছিল। শেষে ব্রেক করি। পরে একটা ধাক্কা অনুভব করি। এরপর উনি এক পাশে পড়ে যান, আমি এক পাশে পড়ে যাই। উঠে দেখি দুই-চারজন এসেছে এবং স্যার অসুস্থ। বাড়িতে ফোন দেই, কেউ ধরে না। পরে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে আসি। এরপর স্যারের ছেলেকে এবং ভাবিকে বলি। তাঁরা আমাকে নিয়ে আবারও ঘটনাস্থলে যায়। এসে দেখি স্যার আর নাই!’

পরিবার সূত্র জানায়, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে আউয়াল সরকারের সংসার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ১৯৯৮ সালে সহকারী জজ হিসেবে চাকরি শুরু করেন। পেশাজীবনে রংপুর, লালমনিরহাট, বাগেরহাট, গাজীপুর, ঢাকা ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জায়গায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরবর্তীতে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। এরপর থেকে তিনি গাইবান্ধার আদালতে মাঝেমধ্যে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতেন বলে জানান তাঁর সহকর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত