Ajker Patrika

এজলাসে বসা হলো না বিচারকের, সড়কে ঝরল প্রাণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  
এজলাসে বসা হলো না বিচারকের, সড়কে ঝরল প্রাণ
নিহত জজ এ কে এম ছামিউল হক অর্নব। ছবি: সংগৃহীত

জামালপুরে সড়ক দুর্ঘটনায় এ কে এম ছামিউল হক ওরফে অর্নব (২৭) নামের এক বিচারকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এ কে এম ছামিউল হক জামালপুর জজ আদালতের অধীন ইসলামপুর সিভিল আদালতের বিচারক ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের এ কে এম ফজলুল হকের ছেলে। ছামিউল হক জুডিশিয়াল সার্ভিস কমিশনের ১৭তম ব্যাচের বিচারক ছিলেন।

জানা গেছে, ঢাকার লালমাটিয়া থেকে ছামিউল হক প্রাইভেট কারে কর্মস্থল জামালপুরের উদ্দেশে যাচ্ছিলেন। লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকের পেছনে তাঁর প্রাইভেট কারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বিচারক নিহত হন এবং প্রাইভেট কারের চালক ইদ্রিস আলী (৪৫) গুরুতর আহত হন।

জামালপুর আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, আজ ইসলামপুর সিভিল আদালতের এজলাসে বসার কথা ছিল বিচারক এ কে এম ছামিউল হকের। সেই উদ্দেশ্যে তিনি ঢাকা থেকে প্রাইভেট কারযোগে জামালপুরে আসছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহত বিচারকের মরদেহ উদ্ধার করেছে। গুরুতর আহত প্রাইভেট কারের চালক ইদ্রিস আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত