Ajker Patrika

রোনালদোর বিয়ের গুঞ্জনে গির্জায় ভিড়, আসলে কী ঘটেছে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৫: ২৮
রোনালদোর বিয়ের গুঞ্জনে গির্জায় ভিড়, আসলে কী ঘটেছে
ক্রিস্টিয়ানো রোনালদোর বিয়ের খবরে ভিড় জমেছে ফুনশাল ক্যাথেড্রালে। ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো বলে কথা। যাঁকে এক নজর দেখতে কোটি কোটি ফুটবলপ্রেমী অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। পর্তুগিজ তারকা ফুটবলারের বিয়েতে ভক্ত-সমর্থকদের হুমড়ি খেয়ে পড়াটাই স্বাভাবিক। পর্তুগালের মাদেইরার এক গির্জায় এমনই এক ঘটনা ঘটেছে। কিন্তু পরে জানা গেল, পাত্র-পাত্রী অন্য কেউ।

ইউরোপের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ফুনশাল ক্যাথেড্রালে রোনালদো-জর্জিনা রদ্রিগেজের বিয়ের খবর শুনে অসংখ্য মানুষ ক্যামেরা নিয়ে ভিড় করেন। বরের বেশে পর্তুগিজ ফরোয়ার্ডকে দেখতে শনিবার স্থানীয় সময় বিকেলে দর্শনার্থীদের ভিড় ছিল সেখানে। দর্শকেরা হতাশই হয়েছেন।সেদিন ক্যাথেড্রালে বিয়ে করেন নিকোল-ফাবিও নামের দম্পতি।

নিকোলের ঢোকার সময় রাস্তার দুই পাশে কৌতূহলী মানুষদের ভিড় দেখা গিয়েছিল। পরে সবার ভ্রান্তি দূর করে ফুনশাল ক্যাথেড্রাল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিকোল ও ফাবিওকে অভিনন্দন জানিয়ে দেওয়া এক পোস্টে তারা লিখেছে, ‘রোনালদোর কারণে তৈরি হওয়া গুঞ্জনে ক্যাথেড্রালের বাইরে অনেক সাংবাদিক ও পর্যটকের ভিড় হয়েছিল।’ ভিড়ের কারণে গির্জায় নিকোলের ঢোকাই কঠিন হয়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যমে ফুনশাল ক্যাথেড্রালের ঘটনা নিয়ে পোস্ট করা হলে অনেকে মজা করেছেন। এক অতিথি মজা করে বলেছেন, ‘আমার কাছে ব্যাপারটি বেশ মজার লাগছে যে এসব মানুষ ভাবছেন রোনালদো আজ বিয়ে করবেন। অথচ কোনো নিরাপত্তা ব্যবস্থা থাকবে না।’ রোনালদো নিজেও খুব মজা পেয়েছেন। মাদেইরা জার্নালের ইনস্টাগ্রাম পোস্টে হাসির ইমোজি দেন পর্তুগিজ ফরোয়ার্ড।

গত কয়েক দিনে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের আমন্ত্রণপত্র বলে দাবি করা একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে উল্লেখ ছিল যে, ১ আগস্ট পর্তুগালের সিন্ত্রা শহরের কিন্তা দা রেগালেইরা প্রাসাদে হবে বিয়ের অনুষ্ঠান। সেখানে অতিথিদের কালো পোশাক পরতে অনুরোধ করা হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই বিভিন্ন প্রতিবেদনে জানানো হয় যে ওই তারিখে বিয়ে হচ্ছে না। স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমও এ তথ্যের সত্যতা অস্বীকার করে।

রোনালদো-জর্জিনা রদ্রিগেজের বিয়ের তারিখ এখনো ঠিক না হলেও ক্রীড়া ও বিনোদন জগতের বহু তারকা উপস্থিত থাকতে পারেন বলে কদিন আগে জানা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অতিথি তালিকায় রিও ফার্দিনান্দ, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের পাশাপাশি ভিন ডিজেল, রিহানা, জেনিফার লোপেজ, ড্রেক এবং ট্র্যাভিস স্কটের নামও রয়েছে। এ ছাড়া, আরেক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেসির নামও রয়েছে আমন্ত্রিত অতিথিদের তালিকায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত