
বাঁচার আশায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাচ্ছিলেন অসুস্থ আলমগীর মোল্যা। সঙ্গে ছিলেন বড় ভাই, ভাবি ও স্ত্রী। পরিবারের সবার একটাই চেষ্টা ছিল—যেভাবেই হোক দ্রুত হাসপাতালে পৌঁছে চিকিৎসা করানো। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষযাত্রা। ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ প্রাণ হারিয়েছেন পাঁচজন।
রোববার (২৪ মে) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার বালিয়া গ্রামের জাহাঙ্গীর মোল্যা (৬২), তাঁর স্ত্রী মাজেদা বেগম (৫৫), ছোট ভাই আলমগীর হোসেন মোল্যা (৫৮), আলমগীরের স্ত্রী খুরশিদ বেগম (৪৮) এবং অ্যাম্বুলেন্সচালক কাওছার মাতুব্বর (২৫)।
স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে ব্রেইনের জটিল রোগে ভুগছিলেন আলমগীর মোল্যা। রোববার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। অসুস্থ ভাইকে একা না পাঠিয়ে সঙ্গে ওঠেন বড় ভাই জাহাঙ্গীর মোল্যা ও দুই নারী সদস্য। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই শেষ হয়ে যায় সবার জীবন।
দুর্ঘটনার পর মহাসড়কের পাশে দুমড়েমুচড়ে পড়ে থাকতে দেখা যায় অ্যাম্বুলেন্সটি। ছড়িয়ে-ছিটিয়ে ছিল চিকিৎসার কাগজপত্র, সিটি স্ক্যান রিপোর্ট আর স্বজনদের বাঁচানোর শেষ চেষ্টার সাক্ষী হয়ে থাকা কিছু ওষুধের প্রেসক্রিপশন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একটি ব্যাটারিচালিত ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিআরটিসি বাসটি। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি প্রায় ১০০ গজ দূরে ছিটকে পড়ে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সবাই নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অ্যাম্বুলেন্স কেটে মরদেহ উদ্ধার করেন।
একটি পরিবারের চারজন একসঙ্গে হারিয়ে যাওয়ার ঘটনায় বালিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সকালে যাঁরা বাঁচার আশায় রওনা দিয়েছিলেন, দুপুরের আগেই তাঁদের মরদেহ ফিরেছে বাড়িতে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয় শতাধিক মানুষ ভিড় করছে। তারা সড়ক সংস্কারের ত্রুটি ও সংকীর্ণ রাস্তার কারণে দুর্ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেন।
স্থানীয় বাসিন্দা জাহিদ হোসেন বলেন, ‘রাস্তার দুই পাশে পর্যাপ্ত প্রশস্ততা রাখা হয়নি। মাঝবরাবর ঢালাই করায় সড়ক সরু হয়ে গেছে। ফলে ছোট যানবাহন মাঝখান দিয়ে চলতে বাধ্য হচ্ছে, আর বড় যানবাহন ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে।’
স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার সময় সড়কের মাঝ দিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যান চলছিল। বিআরটিসি বাসটি সেটিকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
দুর্ঘটনার পর দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক টাইলস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২১ মিনিট আগে
দিনাজপুর চাল ও লিচুর জন্য দেশজুড়ে সুপরিচিত। বিশেষ করে স্বাদ ও রসাল গুণের কারণে এখানকার লিচুর রয়েছে আলাদা সুনাম। লিচুর মধ্যে বেদানা জাতের লিচুর চাহিদা সবচেয়ে বেশি। মৌসুম ঘনিয়ে আসায় এখন লিচু পাকার অপেক্ষায় কৃষক ও ভোক্তারা।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দরে ড্রাম ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশার চার যাত্রী আহত হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে রংপুর-দশমাইল মহাসড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রানীরবন্দর বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের...
৪২ মিনিট আগে
ঈদের সময় শহরে জনসমাগম তুলনামূলক কমে যাওয়ায় পশু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে র্যাবের টহল ও নিরাপত্তাচৌকির সংখ্যা বাড়ানো হয়েছে। একই সঙ্গে জাল টাকা শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে