Ajker Patrika

অর্থ পাচারের অভিযোগে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে তদন্তে এফবিআই

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ২১: ২৩
অর্থ পাচারের অভিযোগে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে তদন্তে এফবিআই
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে চলছে তদন্ত। ছবি: সংগৃহীত

মার্কিন মুলুকে বিশ্বকাপ শেষ ভাগে এসে পড়েছে। ১০৪ ম্যাচের মধ্যে হয়ে গেছে ৯৬ ম্যাচ। এরই মধ্যে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন। অর্থ পাচারের অভিযোগ উঠেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে। এমন অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা এফবিআই নড়েচড়ে বসেছে।

বিশ্বকাপ চলা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটর এবং এফবিআইয়ের এজেন্ট সেই দেশে এএফএর আর্থিক কার্যক্রমের ব্যাপারে সাক্ষ্য গ্রহণ শুরু করেন বলে লা নাসিওনের আজকের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। ঘটনাটি সম্পর্কে সরাসরি অবগত দুটি সূত্র আর্জেন্টাইন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে। ট্যুর প্রড এন্টার এলএলসি যুক্তরাষ্ট্রের পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ২৬ কোটি ডলার স্থানান্তর করেছে। বাংলাদেশি মুদ্রায় তা ৩২০৪ কোটি ৩৮ লাখ টাকা।

ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন এএফএ কীভাবে যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনা করেছে, কীভাবে তারা যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার মাধ্যমে শত শত মিলিয়ন ডলার স্থানান্তর করেছে এবং সেই লেনদেনগুলোর কোনোটি যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থার আওতায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে কি না, সেটা মার্কিন বিচার বিভাগের তদন্তকারীরা জানতে চাইছেন।

এসব বৈঠকের একটিতে ব্যবসায়ী গিয়ের্মো তোফোনি অংশ নেন। জানা গেছে, গত সপ্তাহে জুমের মতো একটি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ওই বৈঠক প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। এতে ওয়াশিংটন ডিসি ও মায়ামি-ভিত্তিক ফেডারেল প্রসিকিউটর এবং এফবিআই এজেন্টরা উপস্থিত ছিলেন। এএফএর সঙ্গে সংশ্লিষ্ট কিছু আর্থিক লেনদেন যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ পাচার বা প্রতারণার মতো অপরাধ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তোফোনির সঙ্গে লা নাসিওন যোগাযোগ করলে তিনি মায়ামিতে অনুষ্ঠিত ওই ব্যক্তিগত বৈঠকের বিষয়টি নিশ্চিত করেননি; আবার অস্বীকারও করেননি। তবে পত্রিকাটির প্রাপ্ত তথ্য অনুযায়ী, মার্কিন তদন্তকারীরা এমন সাক্ষীদের খুঁজছেন, যাদের কাছে ক্লদিও তাপিয়া এবং পাবলো তোভিগিনোর নেতৃত্বে এএফএ পরিচালনার সময়কার কর্মকাণ্ড সম্পর্কে প্রত্যক্ষ তথ্য রয়েছে। একই সঙ্গে তাঁরা ট্যুর প্রড এন্টার এলএলসির কার্যক্রমও খতিয়ে দেখছেন। থিয়েটার প্রযোজক হাভিয়ের ফারোনির মালিকানাধীন প্রতিষ্ঠানটি বিদেশে এএফএর বাণিজ্যিক চুক্তি থেকে প্রাপ্ত অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিল।

সম্ভাব্য সাক্ষীদের তালিকায় আরও রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সরকারের সাবেক কয়েকজন কর্মকর্তা। তাঁদের কাছে এএফএ-সংক্রান্ত স্পর্শকাতর তথ্য ছিল। সাম্প্রতিক সময়ে তাঁরা এএফএর কার্যক্রমে হস্তক্ষেপ, তদারকি বা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছিলেন।

যুক্তরাষ্ট্রে এই প্রাথমিক তদন্তের রূপরেখা ২০২৫ সালে শুরু হয়েছে। তদন্তটি অন্তত তিনজন ফেডারেল প্রসিকিউটরের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। তাঁরা হলেন ওয়াশিংটন ডিসি-ভিত্তিক প্যাট্রিক গুশু ও ক্রিস্টোফার টিং এবং ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের মাইকেল বার্গার। মে মাসের শেষ দিকে প্রথম এই ব্যাপারে তথ্য প্রকাশ করেছিল লা নাসিওন।

লা নাসিওন যখন এএফএর অর্থ পাচারের প্রতিবেদন প্রকাশ করেছে, তখন আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর ম্যাচ নিয়ে চলছে সমালোচনা। বিতর্কিত রেফারিং নিয়ে ক্ষোভ ঝেড়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান এবং ফরোয়ার্ড মোস্তফা জিকো। আটলান্টায় গত রাতে ২-০ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে জিতে আর্জেন্টিনা নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। ১২ জুলাই কানসাসে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত