
পদবঞ্চিতদের বাধায় পণ্ড হলো চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে নতুন করে স্থান পাওয়া পটিয়ার একাংশের নেতা-কর্মীদের আনন্দ মিছিল। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে নতুন করে ৭২ জনকে অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করা হয়। এতে পটিয়া উপজেলা থেকে যুগ্ম আহ্বায়ক ও সদস্য পদে ১২ জন স্থান পান। তবে দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থেকেও পদ না পাওয়ায় নেতা-কর্মীদের একটি অংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
জানা গেছে, নতুন অন্তর্ভুক্ত হওয়া পটিয়ার অধিকাংশ নেতা-কর্মী দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির অনুসারী। অন্যদিকে পদবঞ্চিত নেতা-কর্মীরা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়নের অনুসারী হিসেবে পরিচিত।
শুক্রবার বিকেলে শান্তিরহাট কামাল সেন্টার মার্কেট এলাকায় নতুন কমিটিতে স্থান পাওয়া নেতা-কর্মীরা আনন্দ মিছিলের প্রস্তুতি নেন। এ সময় এস এম নয়নের নেতৃত্বে পদবঞ্চিত নেতা-কর্মীরা মিছিলে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
খবর পেয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আনন্দ মিছিল বের করতে না পেরে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত নেতা-কর্মীরা শান্তিরহাট মীর সুপার মার্কেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন।
অভিযোগ রয়েছে, সমাবেশ শেষে চলে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় চার-পাঁচ নেতা-কর্মী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সায়মন, নুরুল ইসলাম ও হাবিবের নাম জানা গেছে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব অভিযোগ করে বলেন, সভা শেষে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় তাঁদের কয়েকজন নেতা-কর্মী আহত হন। আহত সায়মন ও নুরুল ইসলামের পেট ও পায়ে আঘাত লাগে। তিনিও আহত হয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।
এ বিষয়ে দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন বলেন, যাঁরা বিগত সময়ে মামলা-হামলার শিকার হয়েছেন, তাঁরা কমিটিতে স্থান না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন। সে কারণেই আনন্দ মিছিল করতে দেননি।
তবে একাধিকবার ফোন করেও দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির বক্তব্য পাওয়া যায়নি। পরে তাঁকে খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে তারা স্থান ত্যাগ করে। কোনো হতাহতের খবর পাইনি। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।’

১৬ বছরেও আমাদের পাওনা পরিশোধ করা হয়নি। ২০১০-১২ সাল থেকে একেকজনের পাওনার পরিমাণ ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা। আমরা বুঝি যে গ্রামীণফোন এটা দিতে পারবে না। তাই আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে ১০ কোটি টাকা চাচ্ছি। এটাই আমাদের মূল দাবি...
১২ মিনিট আগে
আলু সংরক্ষণের জন্য ভাড়া নিয়ে রাজশাহীর পবায় একটি কোল্ডস্টোরেজে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার হামলা-ভাঙচুর চালানো হয়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন
১২ মিনিট আগে
রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা বাড়ানোর বিষয়টিও যাচাই করা হচ্ছে।
১৪ মিনিট আগে
রাঙামাটির বরকল উপজেলায় মো. আলী (৪০) নামের এক জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সুবলং ইউনিয়নের বরোনাছড়ি গ্রামে নিজাম জোমাদ্দার নামের এক মৎস্য ব্যবসায়ীর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে