
তামিলনাড়ুর রাজনীতিতে ‘সনাতন ধর্ম’ নিয়ে বিতর্ক ফের তুঙ্গে। তিন বছর আগে দেওয়া নিজের বিতর্কিত মন্তব্যকে আবারও উসকে দিয়ে ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন গত মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে বলেন, ‘সনাতন ধর্ম অবশ্যই নির্মূল করতে হবে।’ তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ ভারতের এই রাজ্যটি।
তামিলনাড়ু বিধানসভার নতুন স্পিকার জেসিডি প্রভাকরকে অভিনন্দন জানানোর সময় উদয়নিধি স্ট্যালিন এই মন্তব্য করেন। সে সময় নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ও উপস্থিত ছিলেন। উদয়নিধি বলেন, মানুষকে বিভক্তকারী এই ধর্মীয় মতবাদকে সমাজ থেকে পুরোপুরি দূর করা প্রয়োজন।
তিন বছর আগে উদয়নিধি ‘সনাতন ধর্ম’কে ম্যালেরিয়া ও ডেঙ্গুর সঙ্গে তুলনা করে তা নির্মূল করার কথা বলেছিলেন, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালেও তিনি নিজের অবস্থানে অনড় রয়েছেন।
উদয়নিধির এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। কোয়েম্বাটোর দক্ষিণের সাবেক বিধায়ক বনতি শ্রীনিবাসন বলেন, ‘নির্বাচনে শোচনীয় হারের পরও উদয়নিধি নিজের ভুল সংশোধন করতে পারেননি। যদি সনাতন ধর্ম তথা হিন্দুধর্ম নির্মূল করাই ডিএমকের নীতি হয়, তবে নির্বাচনের আগে ইশতেহারে কেন তা উল্লেখ করা হয়নি?’ তিনি ডিএমকের বিরুদ্ধে হিন্দুদের অপমান করার পুরোনো অভ্যাস বজায় রাখার অভিযোগও আনেন।
বিজেপির রাজ্য শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দ্রাবিড়বাদের নামে যারা তামিল সংস্কৃতি ধ্বংস করছে, তাদের এই মন্তব্য ক্ষমার অযোগ্য। ভোটের সময় কেন তাঁরা এই কথা বলেনি—সেই প্রশ্নও তুলেছে গেরুয়া শিবির।
বিতর্ক প্রশমিত করতে ডিএমকে মুখপাত্র সরবনন আন্নাদুরাই বলেন, ‘তামিলনাড়ুর মানুষ সনাতন ধর্মকে কঠোর বর্ণপ্রথার প্রতীক হিসেবে দেখে। উদয়নিধি আসলে সেই বর্ণবৈষম্য দূর করার কথা বলেছেন। তিনি কোনো ধর্মের বিরুদ্ধে নন, বরং বর্ণপ্রথার বিরুদ্ধে লড়াই করছেন।’
অন্যদিকে, ডিএমকের সাবেক মিত্র কংগ্রেস এই ইস্যুতে উদয়নিধির পাশেই দাঁড়িয়েছে। কংগ্রেসের জেএমএইচ হাসান মৌলানা বলেন, ‘তামিলনাড়ুতে সনাতন ধর্ম কখনোই সফল হবে না। এখানকার মানুষ অনেক বেশি প্রগতিশীল।’
পরবর্তীকালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ উদয়নিধি স্পষ্ট করে বলেন, ‘আমি বলেছি মানুষকে বিভক্তকারী সনাতন ধর্মকে নির্মূল করতে হবে। এর মানে এই নয় যে কেউ মন্দিরে যাবে না। এর অর্থ হলো—মন্দির থেকে সমাজ, সব জায়গাতেই সবার সমান অধিকার থাকতে হবে।’
তামিলনাড়ুর সাম্প্রতিক নির্বাচনে নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের জয়ের পর উদয়নিধির এই মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
৫ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
৬ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
৬ ঘণ্টা আগে